যুবলীগের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের বালাগঞ্জে যুবলীগের দুই পক্ষের মধ্যে গতকাল সোমবার রাতে সংঘর্ষ হয়েছে। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠান ও গাড়ি ভাঙচুর এবং গোলাগুলির ঘটনা ঘটে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওসমানীনগর যুবলীগের নেতা জাবেদ আহমদ আম্বিয়া ও আলতাফুর রহমান সোহেল পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গতকাল রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক এলাকার গোয়ালাবাজারে দুই পক্ষের সমর্থকেরা অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরপর সোহেলের সমর্থকেরা মোটরসাইকেলের শোভাযাত্রা করে। এতে আম্বিয়ার সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বেধে যায়। এ সময় তারা পরস্পরের দিকে কাচের বোতল ও ইট-পাটকেল ছোড়ে। সংঘর্ষ চলাকালে সাতটি গুলির শব্দ শোনা যায়। হবিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের কাচ ভাঙচুর করা হয়।রাত সাড়ে নয়টা থেকে ১১টা পর্যন্ত মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন প্রথম আলো ডটকমকে বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। গোলাগুলির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গুলির শব্দ পাওয়া গেছে। তবে কারা গুলি চালিয়েছে, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।