যুবলীগের নেতা-কর্মীকে কুপিয়ে জখম করলেন বিএনপির কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে ইউনিয়ন যুবলীগের নেতা হোসেন আলী (৩৫) ও সাইদুল ইসলাম (৩৩) নামের এক কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেছেন বিএনপির কর্মীরা। আজ রোববার উপজেলার পূর্ব চুনিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আজ সকাল নয়টার দিকে উপজেলার পূর্ব চুনিয়াপাড়া গ্রামে কতিপয় ব্যক্তি বারুইপাড়া ইউনিয়ন যুবলীগের অর্থসম্পাদক হোসেন আলী ও যুবলীগের কর্মী সাইদুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেন। পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালে চিকিত্সাধীন হোসেন আলী প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে আটটার দিকে তিনি বাড়ি থেকে হেঁটে পার্শ্ববর্তী নওয়াপাড়া বাজারে যাচ্ছিলেন। পথে বারুইপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদার রহমানের ভাই মালেক, শাহজাহান, ফরিদ, ভাতিজা সেলিম, মাসুদসহ সাত-আটজন তাঁর ওপর হামলা চালান। তাঁরা হাতুড়ি দিয়ে পেটানোর পাশাপাশি হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তিনি রাস্তার ওপর লুটিয়ে পড়লে তাঁরা পালিয়ে যান। সাইদুল ইসলাম বলেন, এ সময় তাঁকেও মারাত্মক জখম করা হয়।সাইদার রহমান বলেন, হোসেন ও সাইদুল দুই দিন ধরে তাঁর বাড়ির সামনে মোটরসাইকেলে মহড়া দিচ্ছিলেন। মহড়ার সূত্র ধরে তাঁদের একটু মারধর করা হয়েছে। তিনি জানান, তাঁর পরিবারের সবাই আওয়ামী লীগের সমর্থক।মিরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হালিম বলেন, যুবলীগের নেতা-কর্মীদের যাঁরা মারধর করেছেন, তাঁরা সবাই বিএনপির সমর্থক। আওয়ামী লীগের সঙ্গে তাঁরা জড়িত নন।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, চেয়ারম্যানের লোকজনের সঙ্গে হোসেন আলীর পূর্বশত্রুতা ছিল। সে কারণেই এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে হোসেনের বড় ভাই আহম্মদ আলী ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।