যুবলীগের বৈঠকে তিন মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে সরকারের তিন মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতারা। একাধিক নেতা বাণিজ্যমন্ত্রী ফারুক খান ও খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাককে কথা কম বলার পরামর্শ দিয়ে বলেছেন, ‘এই দুই মন্ত্রী কথা বললেই জিনিসপত্রের দাম বাড়ে।’ বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগের দাবিও উঠে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে। গতকাল শনিবার বঙ্গবন্ধু এভিনিউতে সংগঠনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।সূত্র জানায়, বৈঠকে যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী ও ফারুক হোসেন বলেন, অর্থমন্ত্রী শেয়ারবাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন। শেয়ারবাজার নিয়ে তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ হবে না বলে অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্যে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, ‘যারা আমাদের টাকা নিয়ে গেল তাদের নাম প্রকাশ করতে অসুবিধা কোথায়? আর যদি তিনি তা প্রকাশ করতে না পারেন, তাহলে তাঁকে পদত্যাগ করতে হবে।’সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজধানীর অনেক থানায় ছাত্রদল-যুবদলের নেতাদের পদায়ন করা হয়েছে। তাঁদের কারণেই আইনশৃঙ্খলার উন্নতি হচ্ছে না। এ ব্যাপারে স্বরাষ্টমন্ত্রীকে সতর্ক হতে হবে। সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ বলেন, ২০০৮ সালের ডিসেম্বরে নির্বাচনের সময় আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল, এখন আর তা নেই। মন্ত্রী-এমপিদের আত্মীয়করণে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। প্রকৃত চিত্র প্রধানমন্ত্রীকে জানানো হচ্ছে না। মামুনুর রশীদের এ বক্তব্যের বিরোধিতা করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক বলেন, সম্প্রতি কক্সবাজারে প্রধানমন্ত্রীর জনসভায় বিপুল লোকসমাগম প্রমাণ করে দলের জনপ্রিয়তা কমেনি। প্রতিমন্ত্রীর এ বক্তব্যের প্রতিবাদ করে মামুনুর রশীদ বলেন, জনসমাগম দেখে জনপ্রিয়তা যাচাই হবে না। পৌরসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকান।নতুন নেতৃত্ব ও দ্রুত কাউন্সিল দাবি: গতকালের বৈঠকে যুবলীগের বর্তমান নেতৃত্ব ব্যর্থ আখ্যায়িত করে দ্রুত কাউন্সিল করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার দাবি উঠেছে। কয়েকজন নেতা বলেন, সংগঠন ঝিমিয়ে পড়েছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কোথাও কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই। বর্তমান নেতৃত্ব পুরোপুরি ব্যর্থ। তারা কেবল চাওয়া-পাওয়া নিয়ে ব্যস্ত। তাই সংগঠনকে গতিশীল করতে নতুন নেতৃত্ব আনতে হবে। সংগঠনকে ঢেলে সাজাতে হবে।বৈঠকে জোট সরকার ও এক-এগারোর সময়ে ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের দাবি করেন কেউ কেউ।ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে জাহাঙ্গীর কবীর নানক প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মির্জা আজম, হারুন অর রশীদ, শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, ফারুক হোসেন প্রমুখ। দখল-চাঁদাবাজির অভিযোগ তদন্তে কমিটি: বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি মহীউদ্দিন মহীর নেতৃত্বে সায়েদবাদ এলাকায় রেলওয়ের জায়গা দখল করে মার্কেট নির্মাণের একটি প্রতিবেদন গত বৃহস্পতিবার প্রথম আলোয় প্রকাশিত হয়। এ নিয়ে বৈঠকে আলোচনা হয়। এসব অভিযোগ খতিয়ে দেখতে গতকালে বৈঠকে সংগঠনের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শহীদ সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী ও কে এম নজিবুল্লাহ হিরু। কমিটি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।কর্মসূচি: বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদে ১২ এপ্রিল বঙ্গবন্ধু এভিনিউ এবং আগামী ২৮ মে খুলনায় বিভাগীয় যুব মহাসমাবেশ করার সিদ্ধান্ত হয়।