যুবলীগের মারধরের শিকার যুবদল নেতার মৃত্যু
হরতালকে কেন্দ্র করে খুলনার ডুমুরিয়া উপজেলায় যুবলীগের কর্মীদের মারধরের শিকার হয়ে নাসিম উদ্দিন (৩০) নামের যুবদলের এক নেতার মৃত্যু হয়েছে। উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিকেল হাসপাতাল থেকে ঢাকায় আনার পথে গতকাল বৃহস্পতিবার রাত পৌনে দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ডুমুরিয়া ইউপি চেয়ারম্যান মোল্লা মোশারফ হোসেন জানান, নাসিম ডুমুরিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতালের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার দুপুরে হরতাল সমর্থকদের একটি মিছিল থেকে ডুমুরিয়া বাজারে মো. শাজাহানের দোকান ভাঙচুর করা হয়। ওই ঘটনার পর পুলিশ বাজার থেকে বিএনপির সমর্থক সাইফুল ইসলামকে আটক করে। এর কিছু সময় পর যুবলীগের কর্মী মুকুল বিশ্বাস ও তাঁর সঙ্গীরা সাইফুলের ছোট ভাই নাসিমকে ধরতে ডুমুরিয়া বাজারের মধ্য দিয়ে ধাওয়া করে। এক পর্যায়ে তাঁরা তাঁকে ধরে বেদম মারধর করে পুলিশে সোপর্দ করে। পুলিশ নাসিমকে ডুমুরিয়া উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দিয়ে থানায় নিয়ে যায়। থানায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নাসিম অসুস্থ হয়ে পড়লে বিকেলের দিকে তাঁকে প্রথমে ডুমুরিয়া হাসপাতালে, এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিত্সার জন্য সেখান থেকে ঢাকায় নিয়ে আসার পথে রাত পৌনে দুইটার দিকে ফরিদপুরের ভাঙ্গায় নাসিমের মৃত্যু হয়।ঘটনার পর থেকে মুকুল বিশ্বাস পলাতক। তবে ডুমুরিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক জিএম ফারুক হোসেন বলেন, ওই ঘটনায় যুবলীগ জড়িত নয়। কিন্তু মোল্লা মোশারফ হোসেন বলেন, নাসিমকে যুবলীগের মুকুলসহ অন্যরা ধরে মারধর করে পুলিশে দিয়েছে। এ ছাড়া তাঁর ভাই সাইফুলকেও একটি সাজানো মিথ্যা মামলায় পুলিশ আসামি করে চালান করেছে।ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা ইউনুস আলী বলেন, ‘দুপুর দুইটার দিকে নাসিমকে মাথার পেছনে আঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। এরপর প্রাথমিক চিকিত্সা শেষে তাঁকে নিয়ে যাওয়া হয়। বিকেল সোয়া চারটায় পুলিশ অর্ধচেতন অবস্থায় দ্বিতীয়বার তাঁকে হাসপাতালে আনে। তখন তার অবস্থা খারাপ দেখে দ্রুত খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার কথা বলা হয়।’ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান নাসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।