যে অফিসে কোনো জনবল নেই!
‘এই অফিসে লোকবল নেই। কোনো জরুরি যোগাযোগের প্রয়োজন হলে একটি নম্বরে ফোন দিন।’ তালাবদ্ধ দরজায় পুরোনো একটি সাদা কাগজে এ রকমই একটা নোটিশ টানানো রয়েছে মাগুরা মুখ্য পাট পরিদর্শকের কার্যালয়টিতে। যেখানে কমপক্ষে একজন মুখ্য পাট পরিদর্শক, একজন পাট পরিদর্শক ও দুজন সহকারী পাট পরিদর্শক থাকার কথা।কিন্তু প্রকৃত অবস্থা চমকে যাওয়ার মতো। মাগুরা শহরের ঋষিপাড়ার এ অফিসটিতে বর্তমানে উল্লেখিত কোনো পদেই কেউ কর্মরত নেই। অফিসের সাময়িক কিছু কাজ করার জন্য অতিরিক্ত দায়িত্ব হিসেবে যশোরের মুখ্য পাট পরিদর্শক গোলাম সরোয়ার এখানে সপ্তাহে দুদিন আসেন। তবে সেটিরও নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই। অতিরিক্ত দায়িত্ব, তাই নিয়ম করে সপ্তাহে দুই দিনও তাঁর আসা সম্ভব হয় না। ফলে কার্যত সারা সপ্তাহ অফিসটি একরকম বন্ধই থাকে। এ অবস্থায় একমাত্র উপায় হিসেবে বেছে নেওয়া হয়েছে এই অফিস থেকে সদ্য অবসরে যাওয়া পাট পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান নামে এক ব্যক্তিকে। মাগুরা জেলা সদরে বাড়ি হওয়ায় কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে অফিসটি চালু রাখতে তিনি মাঝেমধ্যে তালা খুলে অফিসে এসে বসেন। তবে ব্যক্তিগত ব্যস্ততার কারণে তাঁরও সব সময় থাকা হয় না। এ কারণেই দায় এড়াতে দরজায় সাদা কাগজে নোটিশ লিখে নিজের মোবাইল নম্বরটি দিয়ে অদ্ভুত এক নিয়ম চালু করেছেন।মাগুরা মুখ্য পাট পরিদর্শকের কার্যালয়ের সাবেক পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, এখানে একজন মুখ্য পাট পরিদর্শক, একজন পরিদর্শক এবং দুজন সহকারী পাট পরিদর্শক থাকার কথা। অফিসে একজন পিয়ন ছিল। কিন্তু দুই বছর হলো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অফিসের একমাত্র পিয়নকে প্রত্যাহার করে নিয়েছেন। মুখ্য পাট পরিদর্শক প্রায় দশ মাস আগে বদলি হওয়ায় পদটি শূন্য রয়েছে। একমাত্র পাট পরিদর্শক হিসেবে তিনি এখানে কর্মরত ছিলেন। তাও গত বছর অবসরকালীন ছুটিতে (এলপিআর) যাওয়ায় পদটি এখন খালি। এ ছাড়া সহকারী পাট পরিদর্শকের পদ দুটি দুই বছর ধরে শূন্য রয়েছে। যে কারণে তিনি কর্তৃপক্ষের বিশেষ অনুরোধে মাঝেমধ্যে এসে অফিস খোলেন। অবশ্য সপ্তাহে দুদিন অতিরিক্ত দায়িত্ব পালন করতে যশোরের মুখ্য পাট পরিদর্শক এখানে আসেন। তবে তাও দিনক্ষণ ঠিক থাকে না।মোহাম্মদ আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি অবসরকালীন ছুটিতে রয়েছি। নানা ব্যস্ততা। তাই ইচ্ছা থাকলেও আমার পক্ষে নিয়মিত অফিসে বসা সম্ভব নয়। শুনেছি, মাগুরায় অতিরিক্ত দায়িত্ব পালনকারী যশোরের মুখ্য পাট পরিদর্শককে কিছুদিন আগে মাগুরায় বদলি করা হয়েছে। তিনি যোগদানও করেছেন। তবে তাঁর পক্ষেও এখানে থাকা মুশকিল হবে। কারণ মুখ্য পাট পরিদর্শকের বাড়ি উত্তরাঞ্চলে। পাটকে আমাদের “সোনালী আশ” বলা হয়। এ অঞ্চলে প্রচুর পাটের আবাদ হয়। জেলার পাটের বাজার দর মনিটরিং, পাট ব্যবসার লাইসেন্স তদারকিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এ দপ্তরের। তা ছাড়া জেলার একমাত্র পাট অফিসও এটি। কিন্তু কর্মকর্তা না থাকায় অফিসটি প্রায় অচল হয়ে পড়েছে। আমাদের এ অঞ্চলের পাট অফিসগুলো টিমটিমিয়ে চললেও উত্তরাঞ্চলের অবস্থা করুণ। সেখানকার অফিসগুলো জনবলের অভাবে বছরের পর বছর তালাবদ্ধ পড়ে আছে। মাগুরা অফিসের জন্য সকল খরচ বাদেই ভাড়া বাবদ মাসে এক হাজার ৮০০ টাকা পরিশোধ করতে হয়।’এ প্রসঙ্গে মাগুরার অতিরিক্ত দায়িত্বে থাকা যশোরের মুখ্য পাট পরিদর্শক গোলাম সরোয়ার গতবার প্রথম আলোকে বলেন, ‘সারা দেশের পাট অফিসগুলোর প্রায় একই অবস্থা। কোথাও জনবল নেই। সবখানেই জনবল সংকট। তবে মাগুরায় এ ক্ষেত্রে এগিয়ে। এখানে অফিস আছে। কিন্তু এখন এখানে কোনো জনবলই নেই। আমাকে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যশোর থেকে এখানে বদলি করা হয়েছে। আমি দ্বিতীয় সপ্তাহে যোগদান করেছি। তবে এখন ছুটিতে বাড়িতে রয়েছি।’