মোদের গরব মোদের আশা: ২১ ফেব্রুয়ারি বায়ান্নর ভাষা আন্দোলন যে আগুন ছড়িয়েছিল, তা এনে দিয়েছিল স্বাধীনতা। মাতৃভাষা আন্দোলনের অগ্নিঝরা দিনগুলোতে ভাষার সংকট, সম্ভাবনা ও বৈচিত্র্য নিয়ে লিখছেন এম এ মোমেন
যে আগুন ছড়িয়ে গেল সবখানে
কেমন আছে বাংলা ভাষা?১৭ মার্চ, ১৯৪৮ মওলানা ভাসানী পূর্ববঙ্গ আইনসভায় দাঁড়িয়ে মাননীয় স্পিকারকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কোন ভাষায় কথা বলবেন?’ভারত শাসন আইন ১৯৩৫-এর ৮৫ অনুচ্ছেদে স্পষ্ট নির্দেশ ছিল, প্রাদেশিক আইনসভার সমুদয় কার্যক্রম ইংরেজিতে সম্পাদন করতে হবে। ১৪ আগস্ট ১৯৪৭-এর পর সে আইনের কার্যকারিতা না থাকলেও ঘোর কাটেনি।মওলানা ভাসানী বললেন, ‘সদর সাহেব, আমি আশা করি ইংরেজি বর্জন করে বাংলা ভাষাতেই যাতে সকলে বলেন, তার ব্যবস্থা করবেন।’সে ব্যবস্থা হতে দীর্ঘ সময় পার হয়ে যায়। ১৯৪৮-এর সেই সদর সাহেব হচ্ছেন স্পিকার নূরুল আমিন। বায়ান্নর ভাষা আন্দোলনের সময় তিনিই ছিলেন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী। ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগানের পাশাপাশি সে সময় নূরুল আমিনের ফাঁসি চাওয়া হয়েছে। বায়ান্নর আন্দোলন মূলত মাতৃভাষার আন্দোলন হলেও এর আগুন ছড়িয়ে যায় সবখানে। ভাষার দাবি স্ফটিকের মতো দানা বেঁধে স্বাধীনতার দাবিতে পরিণত হয়। অনেক বেশি দাম দিয়ে হলেও অর্জিত হয় স্বাধীনতা। আত্মত্যাগের শুরুটা মাতৃভাষা বাংলাকে ঘিরেই।কবি শামসুর রাহমান এভাবেই দেখেছেন ব্যাপারটিকে: ‘উনিশশো বাহান্নোর কতিপয় তরুণের খুনের পুষ্পাঞ্জলি/ বুকে নিয়ে আছো সগৌরবে মহীয়সী।/ সে ফুলের একটি পাপড়িও আজ ছিঁড়ে নিতে দেবো না কাউকে।’ বাংলার ‘ভাষা শহীদ দিবস’ এখন আন্তর্জাতিক অনুপ্রেরণার উৎস। বাংলার ভাষাশহীদদের স্মরণেই ২১ ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা ছাড়া অন্য কোনো ভাষা আরোপ, ভাষাকেন্দ্রিক অসাম্য সৃষ্টি ও শোষণ, ভাষাভিত্তিক উপেক্ষা ও প্রান্তিকীকরণ পৃথিবীর কোথাও আর নীরবে মেনে নেওয়া হচ্ছে না। এর পরিণতি কতটা মারাত্মক হতে পারে, এমনকি তা যে স্বাধীনতা আন্দোলনেরও সূত্রপাত করতে পারে, বাংলাদেশ তার জ্বলজ্বলে উদাহরণ হয়ে আছে গোটা পৃথিবীর কাছে।কিন্তু বাংলা ভাষা কি ভালো আছে?বিনা স্বদেশি ভাষা আশা যে মেটে না, এই সত্য বারবার স্বীকার করেও বাংলার প্রসার আমরা তেমন ঘটাতে পারিনি। ভবিষ্যতে যে ঘটবে তার সম্ভাবনাও উজ্জ্বল নয়। স্পষ্ট বিভাজিত তিন ধরনের শিক্ষাব্যবস্থার দুটি মূল ধারায় বাংলার চর্চা ও বিকাশের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। একটি মাদ্রাসাভিত্তিক শিক্ষাব্যবস্থা, অন্যটি ইংরেজি মাধ্যম শিক্ষাব্যবস্থা। পৃথিবীর প্রায় সর্বত্রই নগরকেন্দ্রিক মধ্যবিত্তের অংশগ্রহণে মাতৃভাষার সর্বাধিক বিকাশ ঘটতে দেখা গেছে। নতুন সহস্রাব্দে এসে এখন বাংলাদেশের শহরগুলোতে স্বল্প আয়ের পরিবারগুলোরও অন্যতম স্বপ্ন, তাদের সন্তানকে যদি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানো যেত! একালের বাজারব্যবস্থায় এই স্বপ্নটি দেখাই স্বাভাবিক। চাকরিদাতা রাষ্ট্রই হোক কিংবা বেসরকারি খাতই, ইংরেজি জানা প্রার্থীই যে অগ্রাধিকার পাচ্ছে, এটা আর লুকায়িত সত্য নয়, প্রকাশ্য। বাংলা ভাষায় আবেগমথিত কাব্য রচনা করতে পারলেও বাংলা ভাষার জন্য আমরা মূল্য সংযোজন করতে পারিনি। মূল্য যেটুকু সংযোজিত হওয়ার ইংরেজি জানা প্রার্থীর ক্ষেত্রেই ঘটেছে। বাংলা ভাষা চর্চার প্রকৃত অবস্থানটি আরও দৃশ্যমান হয়ে ওঠে জাতীয় সংবাদপত্রগুলোর সর্বমোট প্রচারসংখ্যার বিষয়টি বিবেচনায় আনলে। ১৫ কোটি বাংলা ভাষাভাষী মানুষের দেশে এই সংখ্যা কমবেশি মাত্র ১০ লাখ; এর প্রায় অর্ধেকই প্রথম আলোর।বাংলাদেশ জনসংখ্যায় জাপানকে ছাড়িয়ে। জাপানের জনসংখ্যা বাংলা ভাষাভাষীর অর্ধেক। কিন্তু ইউমিউরি শিম্বুন নামের জাপানি পত্রিকাটির প্রচারসংখ্যা এক কোটি ৪০ লাখের ওপরে; আশাহি শিম্বুন-এর এক কোটি ২১ লাখের বেশি। এমনকি টোকিও স্পোর্টস, নিপ্পন স্পোর্টস ও নিক্কন স্পোর্টস নামের তিনটি জাপানি ক্রীড়া পত্রিকার প্রচারসংখ্যাও ৫৯ লাখ ছাড়িয়ে গেছে। মাথাপিছু পত্রিকার হিসাব যদি করা হয়, প্রতি হাজার মানুষের জন্য বাংলাদেশ প্রায় ছয় দশমিক ছয়টি পত্রিকা, নরওয়ের হাজার মানুষের জন্য ৫৫৪টি। বাংলা ভাষার প্রসারে অহংকার করার মতো সুকৃতি আমরা এখনো অর্জন করিনি। নির্মম আরও একটি সত্য হচ্ছে ১৫ কোটি মানুষের দেশে দু-একজন জনপ্রিয় লেখক বাদে বাংলাদেশের অধিকাংশ বিশিষ্ট লেখকের গ্রন্থ এক হাজার কপি ছাপতেও প্রকাশক কুণ্ঠিত থাকেন—যদি বিক্রি না হয়! সন্দেহ নেই, বইয়ের বিপণনব্যবস্থা অসন্তোষজনক। এটাও সত্য যে কেবল নাম সই করতে পারা সাক্ষরের হার হয়তো ভালোই বেড়েছে, বই পড়ার মানুষ তৈরি হয়নি। মাতৃভাষার মাস ফেব্রুয়ারিতে এই দাবিটিই উচ্চারিত হোক, বাংলা বই ও বাংলা সংবাদপত্র পড়ার মতো শিক্ষা চাই।সংবিধান বাংলাকেই করেছে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা। ১৯৮৭ সালের বাংলা ভাষা প্রচলন আইনও তো বাংলারই পক্ষে। উচ্চ আদালতসহ রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাংলাকে এখনো আপন করে নেয়নি। আইনি বাধার দোহাই এখন অচল।