যে আশায় মহাজোটে গিয়েছিলাম, তা পূরণ হয়নি: এরশাদ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আশা নিয়ে মহাজোটে গিয়েছিলাম, তা পূরণ হয়নি। আমাদের সঙ্গে ভালো আচরণ করা হচ্ছে না।’ আজ সোমবার বিকেলে রংপুরের মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টি (জাপা) আয়োজিত এক জনসভায় এরশাদ এসব কথা বলেন।এরশাদ বলেন, মহাজোট নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না। চাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠছে। ডিজেল ও বিদ্যুতের সংকটে পড়েছেন কৃষকেরা। সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়েছে। এখনই যদি এসব রোধ করা না যায়, তবে ভবিষ্যতে ফল ভালো হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ এরই মধ্যে এর ফল পেতে শুরু করেছে।এরশাদ বলেন, ‘আমি ক্ষমতায় থাকাকালে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ছিল মানুষের নাগালের মধ্যে। দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ছিল না। মানুষ খেয়ে-পরে নিশ্চিন্তে ঘুমাতে পারত। কিন্তু সে অবস্থা এখন আর নেই। এ অবস্থা চলতে দেওয়া যায় না।’মিঠাপুকুর উপজেলা জাপার সভাপতি এস এম ফখরুজ্জামান জাহাঙ্গীরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক সাবেক সাংসদ মসিউর রহমান, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, উপজেলা জাপার সাধারণ সম্পাদক মোস্তফা জামান পারভেজ প্রমুখ।