যে ওয়াদা রাখতে পারব না, তা করব না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ ও রেলমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এ সরকারের বাকি সময়ে আমি নতুন রেললাইন নির্মাণ করতে পারব না। যে ওয়াদা রাখতে পারব না, সেই ওয়াদা আমি করব না। তবে প্রক্রিয়া শুরু করে যাব।’ আজ বুধবার রাজশাহী রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। আজ বেলা সোয়া দুইটার দিকে রেলমন্ত্রী রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে নেমে সরাসরি রেলভবনে আসেন। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের (জিএম) কার্যালয়ে ঢুকেই তিনি জানতে চান, ‘রেলওয়ের ভদ্রা এলাকার মাটি ইজারা দিয়েছে কে?’ ‘ওই এস্টেট অফিসার কে?’ এসব প্রশ্নের জবাব না পাওয়ায় মন্ত্রী বলেন, ‘রেলকে গিলতে গিলতে আপনারা গলা পর্যন্ত গিলে ফেলেছেন। রেলের সম্পত্তির হিসাব দিতে হবে। “জনতা কা মাল পকেট মে ঢাল” আমি এটা হতে দিব না। দুই দিন মন্ত্রী থাকলেও আমি কাউকে ছাড়ব না।’ রেলমন্ত্রী রেলের বেদখল হওয়া জমি অবৈধভাবে ইজারা দেওয়ার পরিকল্পনার অভিযোগে সহকারী ভূমি কর্মকর্তা কানুনগো জিয়াউল হককে বদলি এবং বিভাগীয় এস্টেট অফিসার কিরণ চন্দ্র রায়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দেন। এরপর মন্ত্রী রাজশাহী রেলস্টেশনে যান। স্টেশনের অনুসন্ধান কক্ষ মোবাইল ফোনের ফ্ল্যাক্সি লোড দোকানদারকে দিয়ে চালানো হচ্ছিল বলে মন্ত্রী ওই দোকানিকে বাদ দিয়ে রেলওয়ের কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য জিএমকে বলেন। স্টেশনের কাউন্টার মাস্টার ও নিরাপত্তাকর্মীর দায়িত্বে যাঁরা এক বছরের বেশি সময় ধরে আছেন, তাঁদের অন্যত্র বদলির নির্দেশ দেন। এ ছাড়া যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তিনি স্টেশনের তত্ত্বাবধায়ক গোলাম মোস্তফাকে দিনাজপুরে বদলির আদেশ দেন। স্টেশন থেকে বের হওয়ার সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, সারা দেশে রেলওয়ের পৌনে পাঁচ হাজার একর জমি বেদখলে রয়েছে। রাজশাহীর বেদখল জমি উদ্ধারের জন্য পশ্চিম রেলের অতিরিক্ত রাজস্ব কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটিতে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান ও রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেনকে উদেষ্টা রাখতে বলা হয়েছে। তিনি বলেন, আগামী জানুয়ারিতে ২০ জোড়া শাটল ট্রেন আমদানি করা হবে। রাজশাহীতে একটি দেওয়া হবে।ট্রেনের ভাড়া বাড়ানোর প্রসঙ্গে রেলমন্ত্রী বলেন, স্বাধীনতার পর একবার শুধু ১৬ শতাংশ ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। এরপর কর্মচারীর বেতন ও তেলের দাম বেড়েছে কিন্তু ভাড়া বাড়ানো হয়নি। এবার ৫০ শতাংশ ভাড়া বাড়ানো হবে। তবে একবারে নয়। রাজশাহী-সৈয়দপুর ট্রেনের চোরাচালের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়।’