যে কথা যায় না বলা
বিষের বাঁশিবেশ কিছুদিন আগে ইভ টিজিং বন্ধের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত হয় শোভাযাত্রা। বিভিন্ন স্কুল ও কলেজগুলোতে মেয়েদের মধ্যে বাঁশি বিতরণ করা হয়, যাতে কেউ ইভ টিজিংয়ের শিকার হলে বাঁশি বাজাতে পারে এবং আশপাশের লোকজন এতে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এ বাঁশি-বিড়ম্বনা আরও ভয়াবহ। বাঁশি বিতরণের পর থেকে মেয়েরা যেন হাসি-তামাশার পাত্রে পরিণত হয়েছে। এখন রাস্তায় বেরোলেই চতুর্দিকে থেকে চিৎকার শোনা যায় ‘কই, বাঁশি বাজাও’। আসলে বখাটে কারা, ওদের সংজ্ঞা কী? সাধারণ ভদ্র পরিবারের শিক্ষিত ছেলেরাও তো জঘন্য মন্তব্য ছোড়ে। যদি একটু খোঁজ নিই তবে দেখব ওদেরও বাবা হয়তো শিক্ষক, চিকিৎসক বা অন্য কোনো সম্মানজনক পেশায় নিয়োজিত আছেন। ওদেরও মা আছেন, তিনি শিক্ষা দেন আদর্শের। ওদের অত্যাচারে মেয়েরা স্বাভাবিকভাবে বাইরে বেরোতে পারে না। জড়সড় হয়ে তাড়াতাড়ি কাজ সেরে বাড়ি ফিরতে হয়। সেদিন সন্ধ্যায় রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, এমন সময় মার্জিত চেহারার এক ভদ্রবেশী মোটরসাইকেল আরোহী পাশ দিয়ে যাওয়ার সময় অশ্লীল আচরণ করে। সেই ঘিনঘিনে অনুভূতি সারা জীবনে ভুলতে পারব না। তখন কি আমার বাঁশি বাজানো উচিত ছিল? মোটরসাইকেল আরোহীকে কে ধরত তখন? আইনশৃঙ্খলা বাহিনী কি সবখানে থাকে? থাকে না। তখন আশপাশে যারা ছিল তারা বীভৎসভাবে বলেছিল, ‘বাঁশি বাজাও’। আর কত দিন এভাবে চলবে? একজন পুরুষের জন্য ইভ টিজিং সাময়িক উত্তেজনা কিন্তু একজন মেয়ের জন্য তা সারা জীবনের বিব্রতকর দুঃস্বপ্ন। নীলাঞ্জনা (ছদ্মনাম)বখাটেপনার বিরুদ্ধে সোচ্চার হোনপ্রায়ই খবরের কাগজে বখাটেদের অত্যাচারে মেয়েদের আত্মহত্যার দুঃখজনক খবর পড়তে হয়। একটি স্বপ্নিল প্রাণের অপমৃত্যু। মেয়েহারা মা-বাবার আহাজারি। বিবেকবান লোক মাত্রই খুব কষ্ট পান। কিন্তু সবার এই কষ্টের কারণ কতিপয় বিপথগামী বখাটে। কারা এই বখাটে, কোথায় এদের বসবাস? বাস্তবে এরা আমাদের পরিচিত। আমাদের চারপাশে ঘুরেফিরে মেয়েদের উত্ত্যক্ত করে। আমরা দেখেও চোখ বুজে থাকি। কখনো বা এরা আমাদের বন্ধু। যে বন্ধু কোনো মেয়েকে একতরফা পছন্দ করে মেয়েটির পিছু নেয়। মেয়েটির পছন্দ ও নিজের যোগ্যতার কথা বিবেচনা না করে নানাভাবে প্রেম নিবেদনের চেষ্টা করে। আমরা তাকে সহায়তা করি। মেয়েটি বিরক্ত হয়, আমরা তাতে কর্ণপাত করি না। জোর করে ভালোবাসা আদায় করতে চেয়ে আমরাও হূদয়বিদারক আত্মহত্যার জন্ম দিই। তাই সবার কাছে অনুরোধ, দয়া করে বখাটে ও বখাটেপনার বিরুদ্ধে সোচ্চার হোন। মাহদী হাসানময়মনসিংহ।