যে কথা যায়না বলা
আত্মপ্রত্যয়ী হওআমি একজন চাকরিজীবী মা। কলেজে শিক্ষকতা করছি। নারীমঞ্চে বোরহানুল হক ও আফরোজা পারভীনের ‘রাজকন্যা’কে নিয়ে লেখা আমার অন্তরকে নাড়িয়ে দিয়েছে। আমারও একটি রাজকন্যা আছে। একটিমাত্রই মেয়ে আমার। নাম অনন্যা। অষ্টম শ্রেণীতে পড়ে। আমার কাছে আমার রাজকন্যাটি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, সেরা আদরের ধন, আমার চোখের মণি। নিশ্চয়ই মায়েরা তাঁদের মেয়েকে নিয়ে এমনই ভাবেন। চাকরি করার কারণে মেয়েকে যতটা সময় দিতে ইচ্ছে করে, ততটা পারি না। তাই সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি, কখন কী অঘটন হয়, তা ভেবে। স্কুল, কোচিং থেকে ফিরতে দেরি হলেই ভয়ে কুঁকড়ে যাই, না জানি কী হলো! রাস্তায় দাঁড়িয়ে তাকিয়ে থাকি, কখন আসবে আমার রাজকন্যা! যখনই পত্রিকার পাতায় দেখি, আমাদের আদরের মেধাবী মেয়েরা বখাটেদের উৎপাত বা অন্য কারও প্ররোচনায় আত্মহত্যার পথ বেছে নেয়, তখন বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। আমি আমার রাজকন্যাটির বন্ধু হয়ে তখন বোঝাতে চেষ্টা করি, জীবনটা অনেক বড়, অনেক সুন্দর। বেঁচে থাকাটা আরও সুন্দর। তাই আত্মহত্যা নয়, আত্মপ্রত্যয়ী হও। বখাটেদের উৎপাত, প্রেমে ব্যর্থতা, বিয়ে-পরবর্তী অপমানজনক পরিস্থিতি—এসবের জন্য আত্মহত্যার পথ বেছে না নিয়ে নিজেকে যোগ্য করে গড়ে তোলো। কোনো অংশেই তোমরা কম নও। তোমরা আমাদের অনেক আদরের সন্তান। বখাটেদের কথা মাথা থেকে সরাও। সুন্দর এই জীবনটাকে উপভোগ করো। দেখবে, চারদিক আলো-ঝলমল হয়ে উঠবে।পান্নামাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ, চান্দিনা, কুমিল্লা।