যে কারণে অ্যাসাঞ্জকে আশ্রয় দিতে পারে ইকুয়েডর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় প্রার্থনা করেছেন। গতকাল মঙ্গলবার একই সঙ্গে তিনি দেশটির কাছে রাজনৈতিক আশ্রয়ও চেয়েছেন। খবর টাইমস অনলাইনের। দক্ষিণ আমেরিকার এই দেশটি ২০১১ সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে একজন মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল। ওই রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায় হাজার খানের কূটনৈতিক গোপন তারবার্তা ফাঁস করার সঙ্গে জড়িত ছিলেন। ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়ের ধারণা, তাঁর দেশের এই চুরি যাওয়া গোপন তারবার্তাগুলো ফিরিয়ে আনতে অ্যাসাঞ্জ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।চুরি যাওয়া তারবার্তা উদ্ধারে ২০১১ সালের এপ্রিলেই ইকুয়েডরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা অ্যাসাঞ্জকে আশ্রয় দেওয়ার জন্য তাঁর সরকারের কাছে আহ্বান জানিয়েছিলেন। আর গতকাল অ্যাসাঞ্জের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশটি তাঁকে তাদের পরিকল্পনার কথা ভেবে আশ্রয় দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করছে অনেকেই।ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে যুক্তরাজ্যের আদালত অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের আদেশ দেন। অ্যাসাঞ্জ এই আদেশের বিরুদ্ধে আপিল করেন। গত সপ্তাহে দেশটির সর্বোচ্চ আদালত সেই আপিল নাকচ করে দেন। এরই পরিপ্রেক্ষিতে অ্যাসাঞ্জ গতকাল ইকুয়েডরের কাছে আশ্রয় চান।একটি বিবৃতিতে অ্যাসাঞ্জ দাবি করেছেন, তাঁকে রাজনৈতিকভাবে অপদস্ত করতেই তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ এনে হয়রানি করা হচ্ছে। মৃত্যুর হুমকি, অর্থনৈতিকভাবে দেউলিয়াত্ব করে তাঁকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। এ কারণে সুইডেন ও অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ তাঁকে ইকুয়েডরের কাছে আশ্রয় নিয়ে মিশন পরিচালনার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন তিনি। ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো প্যাটিনো বলেন, অ্যাসাঞ্জকে আশ্রয় দেওয়ার বিষয়টি ইকুয়েডর এখনো নিশ্চিত করেনি। তবে প্রেসিডেন্ট কোরিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত তিনি লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে থাকবেন। সে পর্যন্ত ইকুয়েডর সরকার তাঁকে নিরাপত্তা দেবে বলেও জানানো হয়েছে।