লর্ডস আর ম্যানচেস্টারে তামিম ইকবাল যা করেছেন, গত দশ বছর ধরে ইংল্যান্ডে মৌসুমের শুরুতে মে মাসে আয়োজিত দুটি টেস্টে সফরকারী দলের কোনো ব্যাটসম্যান কন্ডিশনকে এভাবে জয় করতে পারেননি। পরিসংখ্যানেও এর প্রমাণ মেলে। মৌসুমের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজে দুটি সেঞ্চুরি করা প্রথম সফরকারী ব্যাটসম্যান তামিম। এর সঙ্গে যোগ করুন রান করার ধরনটা—এটা ছিল সেরা ফর্মের ম্যাথু হেইডেন বা ক্রিস গেইলের মতো। তামিম যতক্ষণ উইকেটে ছিল, ইংলিশ বোলারদের ওপর পুরো প্রভুত্ব বিস্তার করে রেখেছেন। এরপর আর কেউ ওদের ওপর এমন ছড়ি ঘোরাতে পারেনি। এমনকি অস্ট্রেলিয়াতে অ্যাশেজের তীব্র ওই লড়াইয়ের সময়ও কেউ না। প্রথম বাংলাদেশি হিসেবে তামিমকে উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচন করাটা ছিল আনন্দের ব্যাপার। কারণ ইংল্যান্ডের বোলারদের ছাড়া বাকি সবাইকে ও আনন্দধারায় ভাসিয়েছে।আশা করি, ভবিষ্যতে তামিম চল্লিশোর্ধ্ব গড়ের খুব ভালো টেস্ট ব্যাটসম্যান থেকে পঞ্চাশোর্ধ্ব গড়ের গ্রেট টেস্ট ব্যাটসম্যানে নিজের উত্তরণ ঘটাবে। সব টেস্ট খেলুড়ে দেশের শুরুর সময়টার মতো বাংলাদেশেরও এটাই প্রয়োজন—একজন গ্রেট ক্রিকেটার যে অর্জনের সীমাটা ওপরে তুলে নিয়ে এমন একটা মানদণ্ড ঠিক করে দেবে, বাকিরা যা অনুসরণ করার চেষ্টা করবে।