যে কারণে রাফায়েল কোরেয়ার সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকুয়েডরে গত রোববার অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া প্রায় ৫৭ শতাংশ ভোট পেয়ে আবার জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গিদের্মো লাসো পেয়েছেন মাত্র ২৩ শতাংশ ভোট। প্রতিদ্বন্দ্বী রাজনীতিক আর যুক্তরাষ্ট্রের কাছে একজন ক্ষমতালোভী ও স্বৈরাচারী হিসেবে বিবেচিত হলেও কোরেয়ার এ জয় নিশ্চিতভাবে লাতিন আমেরিকার অর্থনীতি, বিনিয়োগ ও উন্নয়নে গভীর প্রভাব ফেলবে। জনহিতকর কাজবিশ্লেষকেরা বলছেন, সমাজকল্যাণে কোরেয়ার বিপুল ব্যয়ই তাঁর জয়ের পেছনে সবচেয়ে বড় প্রভাব রেখেছে। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি প্রায় ৩০ শতাংশ ভোট বেশি পেয়েছেন এবং দ্বিতীয় দফা নির্বাচনের ঝুঁকি এড়াতে সক্ষম হয়েছেন। ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের নিয়ম অনুযায়ী, দ্বিতীয় দফার ভোট এড়ানোর জন্য কোনো প্রার্থীকে কমপক্ষে ৫০ শতাংশ ভোট পেতে হয়। অথবা মোট ভোটের ৪০ শতাংশ ও নিকটতম প্রার্থীর চেয়ে ১০ শতাংশ ভোট বেশি পেতে হয়। জয়ের পর রাজধানী কিটোতে প্রেসিডেন্ট ভবনের সামনে সমর্থকদের উদ্দেশে কোরেয়া বলেন, ‘আমাদের নাগরিকদের জন্য এবং আমাদের লাতিন আমেরিকান ভাইদের প্রয়োজনে যেখানে আমাদের দরকার পড়বে, আমরা সেখানেই উপস্থিত থাকব।’ ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির ঘোরতর নিন্দুক কোরেয়া আরও বলেন, ‘এটি কেবল ইকুয়েডরের জয় নয়, এটি আমাদের পুরো লাতিন আমেরিকার জয়।’দেশপ্রেমিক ভাবমূর্তিবিদেশি তেল কোম্পানি ও ওয়াল স্ট্রিটের ব্যবসায়ীদের সঙ্গে কোরেয়া যে সংঘাতে লিপ্ত হয়েছিলেন, তা তাঁর জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক ব্যক্তিত্বকে শাণিত করেছে। তবে বিরোধীদের মত সহ্য করতে নারাজ বলে তাঁর অনেক নিন্দুকও জুটেছে। ২০০৮ সালে ক্ষমতায় গিয়েই বেসরকারি বন্ডের বিপরীতে সরকারের নেওয়া ৩২০ কোটি ডলারের ঋণ পরিশোধ করতে অস্বীকার করেন কোরেয়া। সে সময় তিনি বলেছিলেন, ‘আমি সুদ পরিশোধ না করতে নির্দেশ দিয়েছি। আর বলেছি, পারলে আমাদের দেউলিয়া করে দিক।’ তিনি আরও বলেন, যারা বন্ডের বিনিময়ে ইকুয়েডরবাসীর সঙ্গে ব্যবসা করছে, তারা যে কত বড় দানব, তা ইকুয়েডরবাসী জানে। সে সময় ইকুয়েডরের তেল উত্পাদনকারী সবগুলো বিদেশি কোম্পানিকে তিনি বাধ্য করেছিলেন নতুন করে চুক্তি করতে। নতুন চুক্তিতে ইকুয়েডরকে আরও বেশি করে রাজস্ব দিতে বাধ্য করা হয় সব বিদেশি খনিজ অনুসন্ধান কোম্পানিকে।ইকুয়েডরের একটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ফ্রাংকলিন রামিরেজ বলেন, ‘লোকে বলে সে (কোরেয়া) নাকি উদ্ধত ও নীচ শ্রেণীর মানুষ। কিন্তু সে তো কাজের কাজি। সরকারের বিস্ময়কর গতিময়তার ফলে মানুষ এখন বুঝতে পারছে, অতীতের রাজনৈতিক অস্থিতিশীলতা ও অকার্যকর রাষ্ট্রের সঙ্গে এখনকার কী তফাত।’যুক্তরাষ্ট্রের শত্রু, বন্ধু চীনেরকোরেয়া তাঁর গত ছয় বছরের শাসনামলে ওয়াশিংটনের মুক্তবাণিজ্য নীতির ঘোর বিরোধী ছিলেন। তিনি ইকুয়েডরে রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতি প্রবর্তনের সমর্থক এবং চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অগ্রপথিক।একটি তেল শোধনাগার স্থাপনের জন্য ঋণ পেতে চীনের সঙ্গে আলাপ শুরু করেছে ইকুয়েডরের সরকার। শোধনাগারটি স্থাপনে খরচ হবে প্রায় সোয়া এক হাজার কোটি ডলার। তবে এটি স্থাপিত হলে প্রতিবছর ইকুয়েডরের সাশ্রয় হবে প্রায় ৫০০ কোটি ডলার।সংস্কারকাজকোরেয়া তাঁর এক নির্বাচনী সাইনবোর্ডে সমাজতান্ত্রিক সংস্কার অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন। তাঁর আরেকটি নির্বাচনী এজেন্ডা ছিল, টেলিভিশন ও সংবাদপত্রের বিষয়বস্তু নিয়ন্ত্রণে একটি আইন প্রণয়ন। দেশের পতিত জমি গরিবদের মধ্যে বণ্টন করাও তাঁর অন্যতম প্রধান নির্বাচনী এজেন্ডা।কোরেয়া দেশের খনি আইনেও পরিবর্তন আনতে চান। ইকুয়েডরের সবচেয়ে বড় সোনার খনি খননের জন্য কানাডার কোম্পানি কিনরসের সঙ্গে চুক্তিও করতে আগ্রহী কোরেয়ার সরকার। সর্বোচ্চ রাজস্ব পাওয়ার জন্য রাষ্ট্রীয় স্বার্থ বজায় রেখে কী শর্তে কিনরসের সঙ্গে চুক্তি হবে, তা এখন কোরেয়া সরকারের জন্য অগ্নিপরীক্ষা।গত রোববারের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে পার্লামেন্টের নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানে ক্ষমতাসীন আলিয়ানজা পেইস সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। যদি তা হয়, তবে কোরেয়ার জন্য সামনের পথ অনেক সুগম হবে।বিদেশি বিনিয়োগবৈচিত্র্যপূর্ণ অর্থনীতি ও মুদ্রানীতি প্রণয়নের মাধ্যমে কোরেয়া বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। বিদেশিরা যেন দেশের সমাজকল্যাণ ও সামাজিক অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী হয়, গত চার বছরে কোরেয়া সরকার সেই কাজই করেছে। কোরেয়ার সরকার তেল, সোনা ও তামার খনির উত্পাদন বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে। তবে সে ক্ষেত্রে সাবধানতাও অবলম্বন করছে সরকার। সম্প্রতি কোরেয়া বলেন, ‘আমরা সোনার বস্তার ওপর বসে বসে ভিক্ষা চাইতে পারি না।’ তিনি আসলে বলতে চান, অনেক গ্রামবাসীর অমত সত্ত্বেও খনির উন্নয়ন চালিয়ে যাওয়া উচিত। এ থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্রে লেখাপড়া করা অর্থনীতিবিদ কোরেয়া অনেক গোঁড়া বামপন্থীর মতো অতটা পুঁজিবাদবিরোধী নন।গত সপ্তাহে কাতারের আমির শেখ হামাদ বিন খলিফা আল থানিকে তিনি বলেন, ‘আমাদের দেশে বেশি বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার লক্ষ্য হবে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন, সামষ্টিক অর্থনীতি শক্তিশালী করা এবং বেসরকারি বিনিয়োগের প্রভাব বাড়ানো।’ অবশ্য গতকালের জয়ের পর তিনি বলেছেন, বিনিয়োগই শেষ কথা নয়, এটি উন্নয়নের একটি শর্ত মাত্র। দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ইকুয়েডর বিদেশিদের ‘বন্ধকি সম্পত্তি’ হবে না।গণমাধ্যম ও বিচার বিভাগসমালোচকদের অভিযোগ কোরেয়া ভয়ংকর স্বেচ্ছাচারী; কারণ তিনি গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেছেন এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর ওপর কর্তৃত্ব বাড়িয়েছেন। তাঁরা বলছেন, ২০০৮ সালে নির্বাচিত হয়ে কোরেয়া সংবিধান সংশোধন করে রাষ্ট্রের এমন কাঠামো নির্মাণ করেছেন, যা তাঁকে ও তাঁর মিত্রদের বাড়তি সুবিধা জুগিয়েছে। কোরেয়ার কৌশলগত অর্জনের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো বিচারব্যবস্থার সংস্কার। তিনি যে সময় এ কাজ করেন, তখন পার্লামেন্টে তাঁর দল সংখ্যালঘু। তাই তিনি পার্লামেন্টের শরণাপন্ন না হয়ে সরাসরি গণভোটের আয়োজন করেন। আর এরপর ফল যা হয়েছে, তা কোরেয়ার জন্য আশীর্বাদ। গত কয়েক বছরে কোরেয়া গণমাধ্যমের সঙ্গে যে সম্পর্ক প্রতিষ্ঠা করেছেন, তাও তাঁর অনুকূলে গেছে বলে বিরোধীদের অভিযোগ। কার্যত, এ সময়ে তিনি কয়েকটি দৈনিক পত্রিকা ও সেগুলোর প্রতিবেদকদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন ও ক্ষতিপূরণ চেয়েছেন। যদিও পরে তিনি অভিযুক্তদের ক্ষমা করে দিয়েছেন, তবু এর মধ্য দিয়ে তিনি দেশের জনগণকে দেখিয়ে দিতে পেরেছেন যে ওই সব গণমাধ্যম মিথ্যা কথা বলছে। তবে তাঁর পদক্ষেপের জন্য পশ্চিমারা তাঁর ওপর ভীষণ চটেছে। বিরোধীদের ব্যর্থতাকোরেয়ার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিদের্মো লাসো একজন সাবেক ব্যাংক পরিচালক। ভোটারদের তিনি কর কমানো ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। লাসো অভিযোগ করেন, কোরেয়া দেশে এমন ধরনের সমাজতন্ত্র কার্যকর করতে চান, যা ইতিমধ্যে ভেনেজুয়েলা ও লাতিন আমেরিকার অন্যান্য দেশে ব্যর্থ প্রমাণিত হয়েছে। কিন্তু কীভাবে সেগুলো ব্যর্থ, তা তিনি প্রমাণ করতে পারেননি। আবার দেশের সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষের জন্য তিনি কী করবেন, তা পরিষ্কার করে বলতে পারেননি।জয়ে উচ্ছ্বসিত সমর্থকেরাকোরেয়ার জয়লাভের পর মিইয়ে গেছে তাঁর নিন্দুকেরা। অন্যদিকে উচ্ছ্বসিত হয়ে উঠেছে তাঁর বন্ধুরা। রয়টার্স আজ সোমবার জানায়, কোরেয়ার জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়ে ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট চাভেজ বার্তা পাঠিয়েছেন। বার্তায় কোরেয়ার জয়কে আলিয়ানজা বলিভারিয়ানা পারা লোজ পুবলোস দে সুয়েস্ত্রা আমেরিকা (আলবা) বা ‘আমাদের আমেরিকার জনগণের বলিভারীয় জোটের জয়’ হিসেবে উল্লেখ করা হয়েছে। চাভেজ ক্যানসারে আক্রান্ত হওয়ার পর লাতিন আমেরিকার বামপন্থী সরকার পরিচালিত দেশগুলোর জোট আলবা অনেকটাই নেতৃত্বহীন হয়ে পড়েছিল। কোরেয়ার জয় আলবার নতুন নেতার উত্থানকে ইঙ্গিত করছে।দক্ষিণ আমেরিকার অনেকগুলো দেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা সাইমন বলিভারকে স্মরণ করে চাভেজ তাঁর বার্তায় লিখেছেন, ‘এটি আলবার, আমাদের আমেরিকার বলিভারীয় ও সমাজবাদী দলগুলোর জয়। এটি পাল্টে দেওয়ার দিনকে ত্বরান্বিত করবে।’ এদিকে কোরেয়া তাঁর এ গুরুত্বপূর্ণ জয় উত্সর্গ করেছেন চাভেজকে। প্রেসিডেন্ট ভবনের বাইরে ৪৬ বছর বয়সী এক নারী হুলিয়েটা মোইরা আজ রয়টার্সকে বলেন, ‘রাফায়েল কোরেয়ার মতো একজন প্রেসিডেন্টই আমাদের দরকার।’ গত সপ্তাহে ইকুয়েডরের রাজধানী কিটোতে কোরেয়ার একটি নির্বাচনী সভায় এসেছিলেন ৩৮ বছর বয়সী আসবাব মেরামতকারী লুই পারেদেস। তিনি রয়টার্সকে বলেন, ‘কী ধরনের পরিবর্তন হয়েছে, তা আমি দেখেছি। সরকার ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোর সহায়তার জন্য যে উদ্যোগ নিয়েছে, তার সুফল আমিও পেয়েছি। আমার আত্মীয়দের মধ্যে প্রতিবন্ধীরা সরকারি বৃত্তি পাচ্ছেন। এগুলো বাস্তবতা, কেবল কথার কথা নয়।’