যে গান সমস্ত জগতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর সব সৃষ্টির মধ্যে গানই হবে সবচেয়ে টেকসই—এমনটাই মনে করতেন রবীন্দ্রনাথ। এ কথা তিনি লিখিতরূপে স্পষ্টভাবে বলেছেন।বছর পঁচিশ-কুড়ি আগেও বাংলা ভাষাভাষী অঞ্চলে, সব বেতারকেন্দ্র এবং সব ধরনের অনুষ্ঠান মিলিয়ে, রবীন্দ্রসংগীতই ছিল সর্বাধিক গীত-বাদিত-শ্রুত সংগীত। শিক্ষিত সচেতন নাগরিক বাঙালির ঘরে যেসব গান শোনা হতো, তার মধ্যে চলতি গানগুলো হয় রবীন্দ্র-নজরুলের। এঁদের গানের সঙ্গে অতুল-দ্বিজেন্দ্র-রজনীকান্তের গানসহ কিছু পুরোনো বাংলা গান, চলচ্চিত্রের কিছু জনপ্রিয় গান, স্বদেশচেতনা ও দেশাত্মবোধক কিছু গান নিয়ে মধ্যবিত্ত শিক্ষিত নাগরিক বাঙালির যে সংগীতবৃত্তটি বিংশ শতাব্দীর ত্রিশের দশক থেকে তৈরি হয়েছিল, তার মধ্যে সাংগীতিক ও কাব্যসম্পদে রবীন্দ্রনাথের গানই ছিল প্রধান। যত সময় গড়িয়েছে, নাগরিক শিক্ষিত বাঙালির সংখ্যা বেড়েছে; ততই তাদের সংগীত-রুচির এই বৈশিষ্ট্য স্পষ্ট হয়েছে।একাত্তরের আগে পূর্ব পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ ও আন্দোলনের বিস্তারের সঙ্গে রবীন্দ্রসংগীতের প্রসারও ঘটেছে, বিশেষত নাগরিক শিক্ষিত সচেতন বাঙালির মধ্যে। গত শতাব্দীর ত্রিশের দশকে সূচিত নাগরিক বাঙালি সংগীত-সংস্কৃতির এই ধারাটি আশির দশক পর্যন্ত অর্ধশতাব্দীকাল জুড়ে প্রায় একইভাবে, হয়তো ষাটের দশক থেকে পূর্ব পাকিস্তানে ব্যাপক উদ্দীপনায় দ্রুততার সঙ্গে বিকশিত হয়েছিল। কিন্তু তারপর যেন এই ধারা স্তিমিত হতে থাকল, আর সংগীতাঙ্গনে সমকালীনতার দাবি নিয়ে নতুনতর ভিন্নতর ধারাগুলো জোরদার হতে থাকল।২.আশির দশক থেকে দেশের নাগরিকজীবনে কিছু পরিবর্তনের সূচনা হলো, দিনে দিনে যার পুঞ্জিভূত অভিঘাত নাগরিকমনে প্রভাব ফেলতে শুরু করে।সাংস্কৃতিক অঙ্গনে এই পরিবর্তনের ক্ষেত্রে অসংখ্য চ্যানেল নিয়ে টিভির ভূমিকা হলো মধ্যমণির। তা ছাড়া আইপডের কল্যাণে আর মোবাইল, ল্যাপটপের সাহায্যে আজ সমাজের ধারা-নির্মাতাদের বা ট্রেন্ডসেটারদের সংগীতজগৎ অকস্মাৎ সাংস্কৃতিক সীমা ভেঙে বিশাল বিচিত্র অসীমতায় পৌঁছে গেল। সাধনা ও সৃষ্টির মাধ্যমে ভেতর থেকে এটা তৈরি হয়নি, অর্জিত হলো না; প্রযুক্তির কল্যাণে ও বাজারের আগ্রাসনে পরিস্থিতিই তার ওপর এটা চাপিয়ে দিয়েছে। এটি স্বাভাবিক বিকাশের ধারাবাহিক পরিণতি বা উত্তরণ নয়, অকস্মাৎ সৃষ্ট এক নতুন বাস্তবতা, চ্যালেঞ্জ। এমন পরিস্থিতি বিভ্রান্তিকর বাস্তবতা তৈরি করতে পারে, আর তেমনটাই ঘটেছে, ঘটে চলেছে। সংকটটা আমাদের ক্ষেত্রে একটু গভীর, কারণ, এখানে শুদ্ধ সংগীত—গান, বাদ্য, নৃত্য তিন ক্ষেত্রেই—সাধনার পথে বরাবরই বাস্তব এবং মানসিক উভয় বাধাই অত্যন্ত শক্তিশালী। সাংস্কৃতিক, বিশেষ করে সাংগীতিক ঐতিহ্যের দিক থেকে আমরা ও ভারত অভিন্ন। অথচ পাকিস্তান সৃষ্টির ফলে কেবল যে বিচ্ছিন্ন হলাম আমরা তা নয়, পরিণতি হলো মারাত্মক। রাষ্ট্র তার দুর্বলতা ও সংকট ঢাকতে ভারতবৈরিতাকে পুঁজি করতে চাইল। যার রেশ এ জাতির মনোজগৎ থেকে এখনো কাটেনি। আর বাস্তবে আমরা শুদ্ধ সংগীতের সব পীঠস্থান, গুরুকুল এবং পরম্পরা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। ফলে শক্তিশালী ও বৈচিত্র্যসমৃদ্ধ লোকসংগীতের উত্তরাধিকার থাকল বটে, আমাদের কিন্তু ধ্রুপদি ও নাগরিক সংগীতচর্চায় দুর্বলতা-ঘাটতি রইল সীমাহীন। বিশ্বায়নের প্রবল প্রবাহে যখন বিচিত্র সংস্কৃতির স্রোত এসে আমাদের সংস্কৃতির পাড়ে ঘা দিচ্ছে, তখন বোঝা গেল, তাকে ঠেকানোর সামর্থ্য যেমন আমাদের নেই, তেমনি নেই তার সঙ্গে গ্রহণ-বর্জনের মাধ্যমে নিজের মতো করে সম্পর্ক পাতানোর পুঁজি। বাঙালির সাহিত্য ও সংস্কৃতির এবং জাতীয় ইতিহাসে রবীন্দ্রনাথের অপ্রতিদ্বন্দ্বী ও অপরিহার্য অবস্থান সম্পর্কেও বাঙালি মুসলমানের মনে দ্বিধা ও বিভ্রান্তি ছড়ানো সম্ভব হয়েছে। পুরো পাকিস্তান আমল জুড়েই সরকার ও সরকারপন্থীদের দিক থেকে চলেছে রবীন্দ্রবিরোধিতা আর প্রগতিশীলদের পক্ষ থেকে চলেছে রবীন্দ্রনাথকে জানার, বোঝার, পাওয়ার সংগ্রাম। এটি বাঙালি জাতীয়তাবাদী রাজনৈতিক সংগ্রামের অংশ ও হাতিয়ার হিসেবে গণ্য হয়েছে। কিন্তু এভাবে রবীন্দ্রসংগীত স্বদেশসাধনার রাজনৈতিক সংগ্রামে জোরালো ভূমিকা রাখলেও ব্যক্তিজীবনে তার প্রভাব গভীর ও ব্যাপক হয়নি। ৩.যুগ-পরিবর্তনের হাওয়ায় আরও একটি সংকট তৈরি হয়েছে বলে মনে হয়। মূলত রোমান্টিক কবি-শিল্পী রবীন্দ্রনাথের সাহিত্যের, বিশেষ করে তাঁর গানের কাব্য রচিত হয়েছে গ্রামীণ প্রকৃতির পটভূমিতে। প্রকৃতিপর্বের গানে যে ঋতুবৈচিত্র্য বর্ণিত হয়, তার প্রেক্ষাপট পল্লি বাংলা। কেবল প্রকৃতি নয়, প্রেম, পূজা, স্বদেশ, এমনকি বিচিত্র ও আনুষ্ঠানিক পর্বাঙ্গের গানেও এ বৈশিষ্ট্য লক্ষণীয়। আমরা কয়েকটি দৃষ্টান্ত এখানে তুলে ধরতে পারি—১. পূজা: আজ সকালে মেঘের ছায়া লুটিয়া পড়ে বনে/জল ভরেছে ঐ গগনের নীল নয়নের কোণে। (গানের সুরের আসনখানি)২. প্রেম: শরত-আকাশ হেরো ম্লান হয়ে আসে/বাষ্প-আভাসে দিগন্ত ছলোছলো।(আরো কিছুখন না হয় বসিয়ো কাছে) ৩. প্রকৃতি: জামের বনে ধানের ক্ষেতে আপন তালে আপনি মেতে/নেচে নেচে হল সারা। (বাদল বাউল বাজায়)৪. স্বদেশ: তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাঁথা। (ও আমার দেশের মাটি)৫. বিচিত্র: রৌদ্র মাখানো অলস বেলায় তরুমর্মরে ছায়ার খেলায়/ কী মুরতি তব নীল আকাশে নয়নে উঠে গো আভাসি। (আমি চঞ্চল হে)৬. আনুষ্ঠানিক: আকাশে আকাশে বনে বনে তোমাদের মনে মনে/ বিছায়ে বিছায়ে দিব গান। (সবারে করি আহ্বান)প্রবন্ধের সূচনায় বলেছি রবীন্দ্রনাথের গান মূলত নাগরিক শিক্ষিত বাঙালির গান। কিন্তু কালের ব্যবধানে আজ তৃতীয়-চতুর্থ প্রজন্মের নাগরিক বাঙালির সঙ্গে গ্রামের যোগ নিবিড়ও নয়, নিকটও নয়। শহর ক্রমেই এমন ইটকাঠলোহার জঞ্জালে পরিণত হচ্ছে, যেখানে স্বাভাবিক নিসর্গের চিহ্নও থাকছে না। উঁচু দালানের সারি গ্রাস করছে আকাশ ও দিগন্ত। শহর বেড়ে চলেছে, আবার গ্রামেও ক্রমবর্ধমান মানুষের চাপ আর আধুনিক ‘উন্নয়নের’ ধাক্কায় প্রকৃতির ওপর কোপ পড়ছে সবচেয়ে বেশি। এদিকে ব্যক্তিগত ও সামষ্টিক ‘উন্নতির’ প্রকোপে মানুষের জীবনে ব্যস্ততা বেড়েছে, বেড়েছে গতি; আর তাতে হাঁপ ছাড়তে ও ক্লান্তি দূর করতে মানুষ ভোগে এমন মেতে উঠছে যে উপভোগের শিক্ষা ও সামর্থ্যই হারিয়ে বসছে সে। ৪.সব মিলে পরিবর্তনের হাওয়া হয়ে উঠেছে রীতিমতো উত্তাল। হারিয়ে যাচ্ছে পুরোনো সংযোগ, রপ্ত হচ্ছে নতুন অভ্যাস। প্রকৃতি ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কটা থাকল স্মৃতিতে আর তত্ত্বে, বাস্তবে নয়। যেভাবে তার সময় কাজে-অকাজের ব্যস্ততায় ঠাসা থাকছে, তাতে ব্যক্তি নিজে এবং তার পরিপার্শ্ব ভরে উঠছে ভোগ্যপণ্যে, স্থানে ও কালে মিলছে না ফাঁক। এই হাঁপ-ধরা ঘিঞ্জি জীবনে মানুষ হারিয়ে ফেলছে আত্মনিষ্ঠতা বা সাবজেক্টিভিটি—মনের রসদ যেমন কম জুটছে, তেমনি তার প্রকাশেও অনটন, মনকে ছাপিয়ে শরীরই দাপটে ভোগে লিপ্ত হচ্ছে। রবীন্দ্রনাথ অনেককাল আগে পশ্চিমের সভ্যতাকে কায়াবহুল আখ্যা দিয়েছিলেন। পশ্চিম দেশের ‘কায়াবহুল অসঙ্গত জীবনযাত্রা’ দেখে ক্ষুব্ধ কবির মনে হয়েছে পশ্চিমের সমকালীন সাহিত্য ‘বিশ্বাসহীনতার কঠিন জমিতে উৎপন্ন বলে এতে বিকার ও হলাহলই বেশি।’তাদের জীবনে বাস্তব ও বস্তুরই গুরুত্ব বেশি, যখন আমাদের ছিল অন্তরের ও অলৌকিকের প্রতি টান। ওদের গান বহির্মুখী, আমাদের অন্তর্মুখী। একালে যে নাগরিক গান তৈরি হচ্ছে, সেটার বড় ও জনপ্রিয় অংশ পশ্চিমের পপ গানের অনুসারী। উচ্চকিত তার আওয়াজ, ছন্দ চলে দ্রুত এবং উচ্চরবে, পোশাক প্রকট আর পরিবেশনায় থাকে চোখ ধাঁধানো চমক। যে ‘নির্জন এককের গান’ রচনা করেছিলেন রবীন্দ্রনাথ, তা থেকে মুখ সরিয়ে নিচ্ছে নতুন প্রজন্ম। কথাটা সত্য। কিন্তু তার প্রতিকার কী? কিংবা তাহলে কি মেনে নিতে হবে যে সংগীতে পালাবদল ঘটে গেল? বিংশ শতাব্দীর সীমা পেরোতে পেরোতে তাঁর গানের আবেদন কি স্তিমিত হয়ে এল?এ নিয়ে উদ্বেগ, আক্ষেপ যেমন শোনা যাচ্ছে, তেমনি বুদ্ধিমান, বা বুদ্ধিমতী কেউ কেউ হার না-মানা জেদে নানা কৌশলের কথাও ভাবছেন। মঞ্চসজ্জা, পোশাক এবং যন্ত্রসহ অন্যান্য অনুষঙ্গে একেলে রুচির ছাপ দিয়ে এসবকে প্রকট করে তোলার কথা ভাবছেন। মোটা দাগে একে কী বলব, রং মেখে ঢং করে মন ভোলানোর চেষ্টা? এতে কি ভবী ভুলবে?এ দাওয়াইয়ে এ রোগ সারার সম্ভাবনা কম, কারণ সমস্যাটা আরও গভীর। যারা রবীন্দ্রসংগীত শুনছে না, তারা বস্তুত ব্যান্ড ব্যতীত কোনো বাংলা গানই শুনছে না। ধ্রুপদি সংগীত শোনে না, রবীন্দ্রনাথের সাহিত্যও পড়ছে না, বস্তুত সাহিত্য পাঠ করেই না, জীবনে ধ্যান বা মগ্নতাও নেই, নৈঃশব্দ্যও নেই। নিজেকে যেমন তেমনি জীবন ও জগৎকেও জানা ও বোঝার চেষ্টাও নেই। তাই দার্শনিক হোয়াইটহেডের কথা ধার করে বলেছি তার সংকট আত্মনিষ্ঠতার। গান থেকে সে উন্মাদনা খোঁজে, যেমন অনেকে খোঁজে নেশায়। কিন্তু রবীন্দ্রনাথ তো সুরের মাদকতায় শ্রোতাকে ভোলাতে চাননি, শ্রোতাকে দশায় পাক তা-ও চাননি।এইখানেই এ গানের সংকট এবং এখানেই এর শক্তি, এর মুক্তির পথ। মনে রাখতে হবে, এসব গানের লিরিক লিখেছেন বিশ্বসাহিত্যের এক অনন্যসাধারণ কবি। যিনি একদিকে পশ্চিমের রোমান্টিকদের মতোই প্রকৃতি, মানুষ ও জীবনের সার্থক শিল্পরূপদাতা আর অন্যদিকে প্রাচ্যের সাধকদের মতো আধ্যাত্মিক দর্শনের মহৎ শিল্পী। তাঁর সংগীত বস্তুত বাঙালি সংস্কৃতির গভীরতর ও মহত্তম শিল্পনিদর্শন। এটি তাঁর ভাবের উচ্চতার মাহাত্ম্যেই রসিকজনের কদর পাবে, যুগপৎ কাব্য ও সংগীতের নান্দনিক সৌন্দর্যগুণেই সমঝদারের মন পাবে। আপসের অন্য কোনো সহজ বিকল্প নেই। কেননা এ তো জীবনকে বিস্মরণের গান নয়, জীবনকে জানা, বোঝা এবং নানা দিক থেকে জীবনের সুখ-দুঃখ বেদনাসহ বিচিত্র রস উপভোগের মাধ্যম। ৫. একটা কথা না বুঝলে রবীন্দ্রনাথের গানের মূল বৈশিষ্ট্য অধরা ও অজানা থেকে যাবে। এ গান জগতের, তাই এ প্রধানত বহিরঙ্গনের গান; খোলা প্রান্তরে, প্রকৃতির মুক্ত পরিবেশে, নিসর্গের নিবিড় সান্নিধ্যে গাওয়া ও উপভোগের গান। কেবল আমাদের জাতীয় সংগীতটি একবার স্মরণ করুন। এতে পদে পদে বর্ণিত হয়েছে বাংলার মুক্ত পল্লিপ্রকৃতির নানা দৃশ্য, যেমন—অঘ্রানের ভরা খেত, ছায়াবৃত বটতলা, নদীর কূল, ধেনুচরা মাঠ, খেয়াঘাট, পাখি-ডাকা ছায়ায়-ঢাকা পল্লিবাট, ধানে-ভরা আঙিনা ইত্যাদি। অন্দরে বসেও এ গানটির প্রকৃত রস সে-ই পাবে, যার মানসপটে গানে বর্ণিত প্রকৃতি ছবির মতো ফুটে ওঠে। গানের ভাব উপলব্ধির জন্যও মনের স্থিরতা দরকার। কেননা বেশির ভাগ গানে ‘গম্ভীরতর’ ভাবই ধরা আছে, আর যে রস ফুটে ওঠে তা ক্বচিৎ চপল বা লঘু। এ গান যথাযথ ভাব ও রস ফুটিয়ে গাওয়ার জন্য কেবল সাংগীতিক প্রস্তুতিই যথেষ্ট নয়, মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ। তাঁর সংগীতভান্ডারের পূজাপর্বের অল্প কিছু গান পড়ে ইংরেজি ভাষার শ্রেষ্ঠ এক কবি ডব্লিউ বি ইয়েটস একে শনাক্ত করেছেন এমন—‘একটি শীর্ষ সংস্কৃতির শ্রেষ্ঠ ফসল’ হিসেবে, যেখানে ‘কবিতা ও ধর্ম এক।’ আর ফরাসি কবি স্যা জ্যন পার্সের মনে হয়েছে—‘অতি পবিত্র এক শিল্পের বিকাশ যা সত্তার সর্বোচ্চ লোক থেকে সৃষ্ট সমগ্র সত্তার অতি মধুর মূর্ছনা, মিস্টিক এক বিশ্বাসের অনুরূপ।’ মানতেই হবে, এ গানের সঙ্গে জীবন ও সংস্কৃতির, কিংবা বলা যায়, সাংস্কৃতিক উচ্চমানসম্পন্ন জীবনবোধের যোগ গভীর। সেখানে ঘাটতি রেখে এ গানকে, এবং গান থেকে, যথার্থ অর্থে রস-সুধা পাওয়া কঠিন।এখন প্রশ্নটা হয়তো দাঁড়ায় এই, যে-সাংস্কৃতিক চেতনা ও জীবনবোধের কথা রবীন্দ্রসংগীত প্রসঙ্গে আমরা বলছি তা কি সেকেলে হয়ে পড়েছে, নাকি একালে যে জীবনবোধ ও সাংস্কৃতিক চেতনার প্রকাশ ঘটছে তাতে সমস্যা রয়েছে?পপ ও ব্যান্ড সংগীতের রমরমা যে পশ্চিমে, তারা নিশ্চয় বিটোফেন-মোৎসার্ট, অর্থাৎ তাদের ধ্রুপদি সংগীত নিয়ে প্রশ্ন তুলছেন না। এর সাধনা ও পরিবেশনায় একেলে চমক বা চটক সৃষ্টির চেষ্টাও করেন না। কারণ সংগীত, উচ্চাঙ্গসংগীত এমন এক শুদ্ধ শিল্প যা নিয়ে ঝোঁকের মাথায় হুট করে কিছু বলা ও করা যায় না। তদুপরি শিল্পের শুদ্ধতা সাধকের জীবনে প্রতিফলিত হয় ভক্তির এক খাঁটি পবিত্র উচ্চ মানবিক সংস্কৃতির ভেতর দিয়ে। ভারতীয় উচ্চাঙ্গসংগীতের ক্ষেত্রেও একই কথা খাটে। কারও মনে কি সংশয় আছে, যাকে ইয়েটস বলছেন এক প্রাচীন সভ্যতার শীর্ষ সংস্কৃতির প্রকাশ তা যে আমাদের ধ্রুপদি সংগীত যার শুদ্ধতা রক্ষা জরুরি, যার মাধ্যমে সমকালীন জীবনের গ্লানি-ক্লান্তি ক্ষয় কাটিয়ে মানুষ তার চিরায়ত সত্তার খোঁজ পায়? এমনকি প্রাত্যহিকের প্রহারে ভঙ্গুর ও ক্ষুদ্র জীবনের বিপর্যয় কাটিয়ে জীবন ও জগতের অসীমের অনন্তের সন্ধান পায়? রবীন্দ্রনাথ বলেছেন গান অভাব মেটায় না, মেটায় অসীমের প্রত্যাশা। আরও বলেছেন, ‘আর্টের (গানের) প্রধান আনন্দ বৈরাগ্যের আনন্দ।’ না, এ কোনোমতেই নিছক বিনোদনের, কেবল অনুষ্ঠানের উপচার নয়, এ গান বাঙালির জীবনসাধনার সবচেয়ে সজীব, সবচেয়ে তাৎপর্যময় এবং তাই সবচেয়ে কার্যকর সম্ভার। ৬.একাল-সেকালের পরিবর্তন-প্রবণতার বিষয়টা বুঝে নিতে আরেকটি বিষয় একটু আলোচিত হওয়া দরকার। রবীন্দ্রনাথ ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের শ্রেষ্ঠ ফসল। তাঁর যৌবন থেকেই তিনি সময় ও সমাজের পালাবদল দেখে এসেছেন এবং স্বভাবতই তিনি পরিবর্তনের পক্ষেই ছিলেন। সংগীতের ক্ষেত্রেও তাঁর এই অবস্থান বহাল ছিল। এমনকি বেশ চড়া সুরে নতুন যুগের প্রতি পক্ষপাত ব্যক্ত করতে কুণ্ঠিত হননি। তাঁর কখনো মনে হয়েছে আমাদের সংগীত গতিশক্তি খুইয়েছে বলে ‘চলতি কাল তার ভার বহন করতে রাজি হয় না’। এ কারণে, তাঁর ভাষায় ‘কালের সঙ্গে কলার বিচ্ছেদ ঘটে।’বৈচিত্র্যবিমুখতার অভিযোগ তুলে বলেছেন, ‘যদি পথের বৈচিত্র্য রুদ্ধ করি, যদি একই বাঁধা পথ থাকে, তাহলে অভিপ্রায়ের স্বাধীনতা থাকে না—তাহলে কলের চাকার মতো চলতে হয়।’ গানে নতুন নিরীক্ষাকে স্বাগত জানাতে গিয়ে—গোঁড়া ওস্তাদদের বিরুদ্ধে আক্রমণকে তীক্ষ্নতা দেওয়ার জন্য যেন—তাঁর বক্তব্যে বক্রতা ও ঝাঁঝ এসেছে সনাতনদের বিরুদ্ধে আর নবীন নিরীক্ষকদের প্রতি পক্ষপাত হয়েছে নিঃশর্ত—শিল্প অতটা নিঃশর্ত হতে পারে কি না সে ভাবনার তোয়াক্কা না করে।তবে সেই সঙ্গে রবীন্দ্রনাথ নিশ্চিত জানতেন, ‘যেভাবেই গান রচনা করি এই রাগরাগিণীর রসটি তার সঙ্গে মিলিয়া থাকিবেই। আমাদের রাগিনীর সেই সাধারণ রূপটি কেমন? যেমন আমাদের বাংলাদেশের খোলা আকাশ। এই অবারিত আকাশ আমাদের নদীর সঙ্গে, প্রান্তরের সঙ্গে, তরুচ্ছায়ানিভৃত গ্রামগুলোর সঙ্গে নিয়ত লাগিয়া থাকিয়া তাদের সকলকে বিশেষ একটি ঔদার্য দান করিতেছে। আমাদের দেশের গান যেমন করিয়াই তৈরি হোক না কেন, রাগরাগিণী সেই সর্বব্যাপী আকাশের মতো তাহাকে একটি বিশেষ নিত্যরস দান করিতে থাকিবে।’ আমাদের গানের ভিত্তি রাগরাগিণী ভিন্ন অন্য রকম রবীন্দ্রনাথ চিন্তা করেননি। এই যার ভিত সে তো সকল পরীক্ষা-নিরীক্ষা সত্ত্বেও জগতেরই গান হয়ে উঠছে। কারণ, এই গানটা ‘ঠিক যেন মানুষের গান নয়, তাহা যেন সমস্ত জগতের।’৭.রবীন্দ্রনাথ ভারতীয় সংগীতের বিশাল ঐতিহ্যেরই ধারাবাহিকতায় বাঙালির চিরায়ত সংগীত রচনা করেছেন। স্পষ্ট করেই তিনি বলেছেন, ‘বাংলাদেশের সংগীতের প্রকৃতিগত বিশেষত্ব হচ্ছে গান, অর্থাৎ বাণী ও সুরের অর্ধনারীশ্বর রূপ। কিন্তু এই রূপকে সর্বদা প্রাণবান করে রাখতে হলে হিন্দুস্থানী উৎসধারার সঙ্গে তার যোগ রাখা চাই।’ এই শক্তভিত্তির ওপর দাঁড়িয়ে রবীন্দ্রনাথের গান আমাদের ধ্রুপদি শিল্প, মহৎ ঐতিহ্য। সমকালীন জীবনের সংকট ও বিপর্যয় কাটিয়ে মানবযাত্রী কল্যাণের যে পথে এগোতে পারবে সেই পথচলার প্রেরণা ও পুষ্টি এ গান। এর সঙ্গে জীবনসাধনার যোগ গভীর—ব্যক্তি এবং জাতি উভয়েরই। এমনকি আজকের সংকটগ্রস্ত পৃথিবীর সব মানুষের—তিনি যে ভাষা ও যে সংস্কৃতির মানুষ হোন না কেন— জন্য এক গভীর আশ্রয়। সংশয়, আক্ষেপ, বেদনা, সংঘাতের আবেগ প্রকাশ করেও এ গান মানবিক সৌন্দর্যের এক অনুপম শিল্প। ২৭ এপ্রিল ২০১১ আবুল মোমেন: লেখক, সাংবাদিক