যে গ্রামে ৩০ বছর ধরে বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সকালে পাখির ডাকে ঘুম ভাঙে, আর শেষ বিকেলের সূর্য দেখে ঘরে ঢুকি। এভাবে শৈশব, কৈশোর ও যৌবন কেটে গেছে। কুপির আলোতে পড়ালেখা শেষ করে এখন একটি স্কুলে চাকরি করছি। বিদ্যুতের আলো পাইনি। আমার সন্তানেরাও কি এভাবে মানুষ হবে!’ কথাগুলো বললেন স্কুলশিক্ষক আবু সাইদ। নাটোরের গুরুদাসপুর উপজেলার শিকারপুর দক্ষিণপাড়া গ্রামে তাঁর বাড়ি। সেখানে বিদ্যুৎ যায়নি। অথচ তাঁর বাড়ির ৪০০ মিটারের মধ্যে চারপাশে বিদ্যুতের ব্যবহার শুরু হয়েছে দুই বছর আগে। গ্রামে বিদ্যুৎ না থাকায় ছেলেমেয়েদের পড়ালেখাসহ সাংসারিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। কৃষিকাজে দেখা দিয়েছে স্থবিরতা। প্রতিষ্ঠিত হচ্ছে না মিল-কারখানা। স্কুলশিক্ষক আবু সাইদ জানালেন, তাঁদের গ্রামে দুই শতাধিক পরিবারের সহস্রাধিক মানুষ বাস করে। গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, সরকারিভাবে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার বিধিনিষেধ থাকায় অনেক চেষ্টা করেও গ্রামটিতে বিদ্যুৎ নেওয়া যাচ্ছে না। তবে চেষ্টা অব্যাহত রয়েছে।নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ (গুরুদাসপুর) ডিজিএম মজিবুল হক জানান, বিদ্যুৎ পাওয়ার দাবিতে অসংখ্য আবেদন অফিসে জমা রয়েছে। অনেকে নিজের টাকায় প্রয়োজনীয় উপকরণ কিনে বিদ্যুৎ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু সরকারিভাবে নতুন সংযোগ দেওয়ার নির্দেশ না থাকায় এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ না থাকায় নতুন করে বিদ্যুতের সংযোগ দেওয়া বন্ধ রয়েছে।