বৃহত্তর ঢাকার পানিপ্রবাহের অঞ্চল চিহ্নিত করা নিয়ে পূর্ত মন্ত্রণালয়ের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আজ রোববার পূর্ত মন্ত্রণালয় ও রিহ্যাব এবং বিএলডিএর যৌথ সভায় পানিপ্রবাহ অঞ্চল চিহ্নিত করার বিষয়ে পূর্ত মন্ত্রণালয়ের গঠিত রিভিউ কমিটির প্রতিবেদন প্রদর্শনের কথা ছিল। কিন্তু পরস্পর স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র বাকবিতণ্ডার মধ্য দিয়ে সভা শেষ হয়।পূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে আলোচনার একপর্যায়ে পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমদ আকবর সোবহান শাহ আলমের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। শাহ আলম এর আগে প্রতিমন্ত্রীর একটি বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘আপনি বলেছেন, “ভূমিদস্যু অপবাদ নিয়ে আপনারা ঘুমান কী করে।” এই দুঃসাহস দেখানো আপনার উচিত হয়নি।’উত্তরে প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, ‘হ্যাঁ বলেছি, লক্ষবার বলব। ওই কথার পরে আপনি আমার বাসায় একাধিকবার গেছেন। বলেছেন, “আপনি যা করছেন উত্তম কাজ করছেন। আপনার কথার পরে আমার হুঁশ হয়েছে।” আর এখন এখানে বলছেন উল্টো কথা। আমার মুখ খুলাবেন না। এখন বলছেন ১৬ মাসে সরকার কিছুই করতে পারেনি।’এ পর্যায়ে শাহ আলম বলেন, ‘ সরকার বলিনি, বলেছি আপনি কিছুই করতে পারেননি।’আব্দুল মান্নান খান বলেন, ‘যে জমি আপনার নয়, সে জমি বিক্রি করেন কেন? সেই জমি বিক্রির বিজ্ঞাপন দেন কেন?’রিহ্যাবের সভাপতি সাংসদ নসরুল হামিদ বলেন, বেসরকারি ভূমি উন্নয়ন সংস্থা ও রিহ্যাব জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ এদের সঙ্গে কোনো পরামর্শ না করে রিভিউ কমিটি প্রতিবেদন দিয়েছে। এটা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, কোন অঞ্চল পানিপ্রবাহ অঞ্চল হবে, কতটুকু জমি সেখানে থাকবে, সেটি বিবেচনার মতো যোগ্যতা বিডিএল বা রিহ্যাবের আছে।রিহ্যাবের সভাপতি বলেন, ‘আমাদের প্রতিপক্ষ ভাবা হলে দেশের ক্ষতি হবে। গত ১৬ মাসে একটি বিধিমালা হয়নি। মানুষ নকশার জন্য রাস্তায় রাস্তায় ঘুরছে। রাজউক ও বসুন্ধরার বিরুদ্ধে আমেরিকায় মিছিল হয়েছে এখন আস্তে আস্তে সবার বিরুদ্ধে হবে।’যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘৭০-৮০ বছর ধরে যেসব জমি ভোগ দখল করে আসছি, সেসব জমি পানিপ্রবাহ অঞ্চল ঘোষণা করা হয়েছে। এ রকম করা হলে মামলা হবে। অন্যের জমি সরকার কীভাবে একটি বিশেষ অঞ্চল ঘোষণা করে।’এ পর্যায়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সব ভূমির মালিক সরকার। সরকারি প্রয়োজনে যেকোনো জমি সরকার অধিগ্রহণ করতে পারে।’ তিনি বলেন, ‘এখন অনেকে অনেক কথা বলছেন, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময়ে কেউ মুখ খোলেননি কেন? তখন কে কোথায় কীভাবে ছিলেন, তা সবাই জানে।’প্রতিমন্ত্রী বলেন, ‘সংশ্লিষ্ট সবাইকে সম্পৃক্ত করেই আমাদের কাজ করতে হবে। পরস্পরের প্রতি দোষারোপ করে এগোনো যাবে না। কেউ কাউকে ছোট করার মানসিকতা নিয়ে চললে ঠিক হবে না। সরকার চারটি স্যাটেলাইট উপশহর করবে। এ জন্য জমি দেবে সরকার, পুঁজি দেবেন আপনারা।’একপর্যায়ে রিভিউ কমিটির প্রধান জামিলুর রেজা চৌধুরী প্রতিবেদনটি সম্পর্কে কিছু বলতে চাইলে রিহ্যাব ও বিডিএলের প্রতিনিধি ও কর্মকর্তারা সবাই একযোগে কথা বলে ওঠেন। তাঁরা বলেন, সরকার মনগড়া একটি প্রতিবেদন জামিলুর রেজা চৌধুরীকে দিয়ে করিয়েছে। এটা মানা যায় না।জামিলুর রেজা চৌধুরীর হইচইয়ের মধ্যে বলেন, ১৯৯৭ সালে জাতীয় সংসদে ঢাকার মাস্টার প্লান অনুমোদন দেওয়া হয়। সেখানে সব ধরনের জলাধার সংরক্ষণের কথা বলা আছে। সে আলোকে রিভিউ প্রতিবেদন করা হয়েছে।এ পর্যায়ে রিহ্যাব ও বিডিএলের কর্মকর্তারা বলেন, এই পরিকল্পনা রাজউকের অংশীদার হিসেবে করা হয়েছে। রাজউক ঝিলিমিলি প্রকল্প, পূর্বাচল প্রকল্প পানিপ্রবাহ অঞ্চলের বাইরে রাখা হয়েছে অথচ রিভারভিউ প্রকল্প পানিপ্রবাহ অঞ্চলের মধ্যে রাখা হয়েছে।পূর্ত প্রতিমন্ত্রী এ পর্যায়ে বলেন, ‘আপনাদের সঙ্গে আবার বসা হবে। এ নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ রয়েছে। সবাই মিলেই ঢাকা মহানগরীকে রক্ষা করতে হবে।’