যে জীবন দূষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। রাজধানী ঢাকা তো দূষণের নগরে পরিণত হয়েছেই, সারা দেশেই দূষিত হচ্ছে পরিবেশ। এর প্রধান কারণ পরিবেশসংক্রান্ত আইন ও নিয়মনীতির তোয়াক্কা না করা। আর পরিবেশের এই দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে দূষিত এলাকায় বসবাস করা মানুষের জীবনে নেমে এসেছে দুর্বিষহ যন্ত্রণা। কেমন কাটছে তাদের জীবন, কেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা—‘আইন অধিকার’কে জানিয়েছে সেই সব কথা। প্রতিবেদন তৈরি করেছেন—নাঈমা আমিন, শর্মিলা সিনড্রেলা ও তানজিল আহমেদট্যানারির বর্জ্যে বন্ধ হয় দম‘সইলে (শরীরে) সইয়্যা গ্যাছে। ২০ বছর ধইর্যা কাম করতাছি ট্যানারি কারখানার ওয়েট বুলুতে (ওয়েট ব্লু প্রসেসিং)। কেমিক্যালে কাজ কইল্যে সইল চুলকায়। গ্যালাভস (গ্লাভস) পইততে অয় মাজে মাজে (মাঝে মাঝে)। কিন্তু গ্যালাভস ছিইর্যাও হাতে কেমিক্যাল লাইগলে তহন গা চুলকায়। পলিথিন পইর্যা কাম কইরলে ছিইর্যা গ্যালে কেমিক্যাল ছিইট্যা গায়ে আয়। তহন সইলে গাও (ঘা) অয়।’ নিজের শরীরে, বিশেষ করে হাতের ফুসকুড়ির মতো ঘা দেখিয়ে বলছিলেন হাজারীবাগ ট্যানারি এলাকার ট্যানারি কারখানায় কর্মরত শ্রমিক শাহ আলম (৫০)। ট্যানারি কারখানা অন্য কোথাও সরিয়ে নেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে শ্রমিক শাহ আলম জানান, ‘যেইহানেই নেক, আমরা অহন যা যা সুযোগ-সুবিধা পাইতাছি, তেমন যেন পাইতে পারি, হেই ব্যবস্থা কইর্যা যেন লইয়্যা যায়।’ একই অবস্থার কথা জানালেন ট্যানারি কারখানায় কর্মরত নারী শ্রমিক নাসিমা (৩৫)। প্রায় ১০ বছর ধরে তিনি একটি ট্যানারি কারখানায় ফিনিশিংয়ের কাজ করেন। প্রচণ্ড গরম আর চামড়ার গন্ধের মধ্যে কাজ করতে অসুবিধা হয় কি না, জানতে চাইলে মৃদু হেসে নাসিমা বলেন, ‘আফা, অবভাস হইয়া গ্যাছে কাম করতে করতে। অসুবিধা অয় না কোনো। শুধু মাঝে মাঝে ক্লান্তি আসে, শরীর ব্যথা করে, মাথা ঝিমঝিম করে, ঘন ঘন জ্বর আহে। অসুক অইলে ছুডি (ছুটি) লই কয় দিনের। চামড়ার কাম করতে করতে আমার সোয়ামির ফুসফুসে সমস্যা হইয়্যা গেছে।’ ট্যানারির বর্জ্যের কারণে হাজারীবাগ ও এর আশপাশের এলাকায় বসবাসরত মানুষও পরিবেশ দূষণের শিকার হচ্ছে। আর এর ক্ষতিকর প্রভাব পড়ছে এলাকার মানুষের জীবনে। হাজারীবাগের ট্যানারির বাজার এলাকায় বসবাসরত সেলিম চৌধুরী ট্যানারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তিনি বলেন, ‘অনেক দিন ধরে এই এলাকায় থাকলেও এ মাসেই বাসা বদলে মিরপুর চলে যাবেন। নোংরা আর দুর্গন্ধযুক্ত পরিবেশের কারণে ছোট্ট মেয়েটার জন্মের পর থেকে বিভিন্ন ধরনের অসুখ লেগেই আছে। এই কদিন আগে নিউমোনিয়া হওয়ার কারণে খুবই অসুস্থ হয়ে পড়ে মেয়েটা। এখন অনেক রোগা হয়ে গেছে। আর কদিন পর পর ট্যানারি কারখানার বর্জ্য আর ময়লা-আবর্জনা মিলে ড্রেন উপচে রাস্তাঘাট তলিয়ে যায়। তখন বেশি কষ্ট হয়।’ সেলিম চৌধুরীর কথায় সায় দিয়ে এলাকার বাসিন্দা নেয়ামুল হক জানালেন, গরু-ছাগলের চামড়া আর রক্তের দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। প্রথম প্রথম তিনি যখন এই এলাকায় বাসা ভাড়া নিয়ে আসেন, তখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্গন্ধে নাকে রুমাল ধরে রাখতেন। একদিন এক ট্যানারি কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় ওই কারখানার দারোয়ান তাঁকে তাঁর হাতের রুমাল সরিয়ে নিতে বলেন। দারোয়ানের বক্তব্য ছিল এমন—সারা দিন তিনি এই গন্ধযুক্ত এলাকায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন, তাঁর কোনো সমস্যা হচ্ছে না। আর নেয়ামুল হক তো অল্প সময়ে এ পথ অতিক্রম করে ফেলবেন। তাঁর রুমালের প্রয়োজন হবে কেন? কেমিক্যাল মেশানোর সময় চুনের ড্রামে অন্য একটি কেমিক্যাল মেশানোয় অচেতন হয়ে পড়েছিলেন ট্যানারি কারখানার শ্রমিক মুহিত (৩৫)। অন্য একটি কারখানায় এসিড নিয়ে ট্যানারির কাজ করতে গিয়ে একবার হাত ঝলসে যাওয়ার উপক্রম হয়েছিল মুহিতের সহকর্মী সুজনের।‘একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুপানি জমে যায়। আর সেই নোংরা ও উৎকট দুর্গন্ধযুক্ত পানি পেরিয়ে অফিসে আসতে হয় আমাদের। মাঝেমধ্যে কারখানার ভেতর পানি ঢুকে গেলে ট্যানারির কাঁচামাল ও চামড়া নষ্ট হয়ে যায়। এতে কারখানার যেমন লোকসান হয়, তেমনি জীবাণুর কারণে কারখানায় কর্মরত শ্রমিকেরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন। ড্রেনে বর্জ্য জমে আশপাশের এলাকায় উপচে ওঠে। এতে রাস্তাঘাটে চলাফেরায় অসুবিধা হয়ে যায় এলাকাবাসীর। তবে এই এলাকা থেকে ট্যানারি সরিয়ে নিলে এলাকার পরিবেশদূষণ কমবে। যে এলাকাতেই ট্যানারি সরিয়ে নেওয়া হোক না কেন, পর্যাপ্ত উদ্যোগ আর পরিমিত ব্যবস্থা নিতে হবে। না হলে সেই এলাকার মানুষ এবং এর আশপাশের নদীও দূষিত হয়ে পড়বে।’ বলছিলেন হাজারীবাগের একটি ট্যানারি কারখানার প্রধান কর্মকর্তা আবু নাফিয়া খান।বুড়িগঙ্গা নদীর কাছে রয়েছে হাজারো ট্যানারি কারখানা। সেই ট্যানারির বর্জ্য নদীর পানিতে মিশে দূষিত করছে নদীর পানি। আর ট্যানারি-সংলগ্ন আশপাশের এলাকাও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভূমিকা পালন করছে। তাই ট্যানারি স্থানান্তরে আগ্রহী অনেকেই।ইটভাটায় পুড়ছে সবুজ গ্রামঢাকা শহরের বদ্ধ বাতাসে বসে থেকে আমরা প্রতিনিয়তই সুস্থ-সুন্দর পরিবেশের জন্য সোচ্চার কথা বলি। কিন্তু গ্রামের প্রকৃতির সঙ্গে মিশে থাকা মানুষগুলোও কম ভোগান্তি পোহাচ্ছে না এই পরিবেশ নিয়ে। দিনকে দিন সেখানেও বেড়ে চলেছে দূষণ। গাছ কাটা বা পুকুর ভরাট করার মতো নির্মম কার্যকলাপের প্রাধান্য তো রয়েছেই। সেই সঙ্গে যুক্ত হয়েছে কলকারখানার ধোঁয়াসহ আরও নানা অবিচার। গ্রামের সুস্থ বাতাসে শ্বাস নিয়ে সুস্থ থাকা মানুষের এখন নাভিশ্বাস দশা। কারণ, তাদের নাক দিয়ে বিষাক্ত ধোঁয়া ঢুকিয়ে আরও অসুস্থ করার উপায় হিসেবে কিছু অসচেতন মানুষ বেছে নিয়েছে ইটের ভাটা তৈরির কাজ।প্রশ্ন আসে, বা রে! দেশে নগরায়ণ ঘটছে না? দেশ তো এগোচ্ছে উন্নতির পথে। আর তাতে তো উন্নত দালানকোঠা বা বাড়িঘর অপরিহার্য। আর এসব তৈরিতে প্রয়োজন ইট। তাহলে এর বিরুদ্ধাচরণ কেন? হ্যাঁ, তা ঠিক বটে। কিন্তু বিষাক্ত বাতাসে পরিপূর্ণ থেকে, বিষাক্ত খাবার খেয়ে উন্নত বাড়িঘর কি প্রয়োজনীয় চাহিদা মেটাতে পারবে? বাংলাদেশের আইন অনুযায়ী, তিন কিলোমিটারের মধ্যে যদি কোনো ফসলি জমি বা ফলদ গাছ থাকে, তবে সেখানে ইটের ভাটা তৈরি করা অবৈধ। কিন্তু একেবারে ফসলি জমির গা ঘেঁষেই তৈরি হয়েছে ইটের ভাটা। এমনই ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুরে। চারপাশে ধানি ফসলের খেত। কৃষক যেখানে হাড়ভাঙা পরিশ্রম করে সোনার ধান ফলান, কখনো বা পাট, আবার কখনো শাকসবজি, সেই জমির একেবারে আইল ঘেঁষে তৈরি হয়েছে ইটের ভাটা। কোনো একজন ব্যক্তি জমির পরিমাণ কতটুকু, তা নির্ধারণ করার জন্য জমির চারপাশে সীমানা বরাবর যে ব্যবস্থা গ্রহণ করেন, তাকে বলা হয় আইল।আবার ইটের ভাটা থেকে যে কালো ধোঁয়া বের হবে, তা যেন চলে যায় বায়ুস্তরের বাইরে, সেই ব্যবস্থা রাখতে হবে। কিন্তু এখানে দেখা যায়, ইটের ভাটার চিমনির উচ্চতা নির্ধারিত উচ্চতার চার ভাগের মাত্র এক ভাগ। আবার জ্বালানি কাঠ পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে আইনে।বিপদ টের পাচ্ছেন আশপাশের জমির কৃষকেরা। ইটের ভাটার পাশের জমিতে কাজ করতে থাকা এক কৃষক বলেন, ‘এই ইটের ভাটা হবার পরে কিছু তো পার্থক্য এসেছেই এসব জমিতে। ইটের ভাটায় ইট পোড়ানোর জন্য যে গর্তটা করা হয়েছে, সেটা অনেক ক্ষতি করছে আমাদের জমির। জমি থেকে অল্প কিছু দূরত্বে সেই গর্তটা করা হয়েছে। তাই দেখা যাচ্ছে, আমাদের জমি কেটে সেই গর্তে মাটি নেমে যাচ্ছে। একটু বৃষ্টি হলেও মাটি কেটে নেমে যাচ্ছে। জমিতে চাষ করতে অসুবিধা হচ্ছে। মনে হচ্ছে, জমি নষ্ট হয়ে যাবে।’ জমি নিয়ে অনেক চিন্তিত এই কৃষক। আর হবেন না-ই বা কেন? জমিই তাঁদের একমাত্র সম্বল। এভাবে জমি থেকে মাটি কেটে যাওয়া দেখে তো কৃষকের মাথায় হাত! আর ইটের ভাটা হওয়ায় জমির উৎপাদনক্ষমতাও কমে গেছে অনেকাংশে।ধীরে ধীরে এসব জমির উৎপাদনক্ষমতা নষ্ট হয়ে যাবে—এমনটাই মনে করছেন তাঁরা। কিন্তু এই বিপর্যয়ের হাত থেকে রক্ষার উপায় কী, তা জানেন না এসব সাদাসিধে মানুষ। তাই নির্বাক চেয়ে থাকা ছাড়া কিছুই করার নেই তাঁদের।মানুষের অত্যাচারে অসহায় বুড়িগঙ্গাশত শত পলিথিনের স্তূপ। পাশেই বসে কাজ করছেন কয়েকজন। পটাপট তাঁদের হাত ওঠানামা করছে। স্তূপ থেকে জট পাকানো পলিথিন দুই হাতে টেনে জট ছাড়াচ্ছেন তাঁরা। পলিথিনের গায়ে লেগে থাকা রঙিন গুঁড়া কখনো মুখে, কখনো শরীরে ছিটকে আসছে। পলিথিন থেকে কেমন একটা গন্ধও বেরোচ্ছে। সেদিকে কোনো খেয়ালই নেই কারও। দিনে কে কতগুলো পলিথিনের জট ছাড়াতে পারেন, তারই যেন প্রতিযোগিতা চলছে তাঁদের মধ্যে। তাঁদেরই একজন মমিলা খাতুন। থাকেন বুড়িগঙ্গার তীরে বেড়িবাঁধের ওপর একটা টংঘরে। কাজ করতে সমস্যা হয় কি না, জিজ্ঞাসা করতেই তিনি বলেন, ‘সমস্যা অইলেই কী, আর না অইলেই কী? আমাগো আবার সমস্যা! জীবনডাই তো সমস্যা। পোলাপাইনগুলা আরেক সমস্যা। অহন মনে অয়, আর কুনু সমস্যাই নাইক্যা।’ এভাবেই বলতে থাকেন মমিলা খাতুন, ‘ভাই রে, আমাগোর জন্য কি কুনু সরকার চিন্তা করে? আমাগো কতা লেইখ্যাই কী অইব? হারা বছর পানির গন্ধ খাইতে অয়। না খাইলেও পেডে নিঃশ্বাসের সাথে ঢুইক্যা পড়ে। পানি খাওয়ার জন্য কুনু কল নাই, বাথরুম নাই। এই পানিতই গোসল করি। মধ্যে মধ্যে গতর চুলকায়। হাগা-মুতার কাজও এইনেই করি।’ বুড়িগঙ্গার তীরে ইসলামবাগ এলাকায় মমিলা খাতুনের মতো অনেকের সঙ্গে কথা হয়। তাঁরা নদীর তীরেই থাকছেন টংঘরে। তাঁরা জানান, বছরের সব সময় তাঁদের বুড়িগঙ্গার দূষিত পানির দুর্গন্ধে থাকতে হয়। গোসলের কাজটা তাঁদের এই পানিতেই করতে হয়। তবে প্রতিদিন গোসল না করে কেউ কেউ এক-দুই দিন পর পর করেন। গোসল করলে গা যেমন চুলকায়, তেমনি গা থেকে পানির দুর্গন্ধও যেতে চায় না।বুড়িগঙ্গার পানির দূষণ রোধে কয়েকবার উচ্চ আদালত থেকে নির্দেশনা এসেছে। দু-একবার দেখা গেছে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে। কিন্তু এ সবই যেন কাগুজে নীতিমালায় রয়ে গেছে। সম্প্রতি হাইকোর্ট বিভাগ থেকে এসেছে তিন দফা নির্দেশনা। আদালত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এ ব্যাপারে গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, নদীতে বর্জ্য ফেলা রোধে নদীর দুই পাড়ে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে প্রতি মাসে। কিন্তু আদালতের এই নির্দেশনা পালন কতটা হবে তা সময়ই বলে দেবে।বুড়িগঙ্গাকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা কাজের ক্ষেত্র। দূষিত পানিকে উপেক্ষা করে অনেকেই কাজ করে জীবন নির্বাহ করছেন। দূষিত পরিবেশে কাজ করায় কেউ কেউ কঠিন রোগেও আক্রান্ত হয়ে পড়ছেন নিজের অজান্তেই।ইসলামবাগের চুনাওয়ালাঘাটে স্বাধীনতার পর থেকেই বুড়িগঙ্গা নদীর বুকে নৌকা চালান নূর ইসলাম। দুই পারের মানুষ পারাপার করেন তিনি। তাঁর মতো আরও অনেকেই বুড়িগঙ্গায় নৌকা চালান। নূর ইসলাম জানান, আগে এই নদীর পানি পরিষ্কার ছিল। ময়লা তো দূরে থাক, নদীতে মাছ চলাচল করতেও দেখা যেত। কত রকম মাছ পাওয়া যেত, তার হিসাব নেই। তাঁর ভাষায়, ‘এহান থেইক্যাই তো পানি খাইছি। ঝকঝকে ছিল এহানকার পানি। আর এহন তো পানি কালো হইয়্যা গেছে। দুর্গন্ধে মাইনষে নাকে রুমাল দিয়্যা ঘুরতে আহে।’বুড়িগঙ্গার মাঝিরা জানান, সাত-আট বছর আগেও নদীর পানি ভালো ছিল। এরপর আস্তে আস্তে পানির রং পরিবর্তিত হতে থাকে। আস্তে আস্তে এই পর্যায়ে চলে এসেছে। এ জন্য নদীর চারপাশে আবর্জনা, কলকারখানার বর্জ্য ও পয়োবর্জ্যকেই দায়ী করেন তাঁরা। ‘পানির দুর্গন্ধে সমস্যা হয় না?’ এর উত্তরে অলিউল্লাহ নামের একজন বলেন, ‘আপনে কি গন্ধ পাইতেছেন?’ হ্যাঁ-সূচক উত্তর দিতেই বলেন, ‘আমি তো গন্ধ পাই না। সারা দিন এইনে থাকতে থাকতে আমাদের সহ্য হয়ে গেছে। এখন আমাদের নাকে কোনো গন্ধ আসে না।’