যে টেস্টের দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার এ পাশে হারারে স্পোর্টস ক্লাব। ও পাশে রবার্ট মুগাবের বাড়ি। তিন দশকেরও বেশি জিম্বাবুয়ের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে থাকা বিতর্কিত প্রেসিডেন্ট কি আজ টেস্ট শুরুর আগে রাস্তাটা পার হবেন?টেস্ট জাতি হিসেবে জিম্বাবুয়ের পুনর্জন্মের শুভলগ্নে মাঠে আসতেই পারেন জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান পৃষ্ঠপোষক। এখানে তো আর অপদস্থ হওয়ার ভয় নেই, যেটি ছিল ২০০৩ বিশ্বকাপে। ইংলিশ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের বলে দিয়েছিল, মুগাবে মাঠে এলে তাঁর সঙ্গে করমর্দন না করতে। অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন আগ বাড়িয়ে বলেছিলেন, নৈতিক কারণে তিনি মুগাবের সঙ্গে করমর্দন করবেন না।মুগাবের ভূমিসংস্কার কর্মসূচি নিয়ে ইংল্যান্ডের সঙ্গে দা-কুমড়া সম্পর্ক জিম্বাবুয়ের। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও পরে যোগ দিয়েছিল ইংল্যান্ডের সঙ্গে। প্রথম দুই দেশের সঙ্গে ক্রিকেট-সম্পর্ক স্বাভাবিক হয়ে এলেও ইংল্যান্ড এখনো মুখ ফিরিয়ে। বাংলাদেশের সঙ্গে এমন কোনো সমস্যা নেই। তার পরও ক্রিকেট নিয়ে যাঁর ‘আমি চাই সব জিম্বাবুইয়ান ক্রিকেট খেলুক। কারণ, ক্রিকেট ভদ্রলোকের খেলা। আমি জিম্বাবুইয়ানদের ভদ্র জাতি হিসেবে দেখতে চাই’ বলে অমর এক উক্তি আছে, সেই মুগাবে আজ মাঠে আসবেন বলে কোনো খবর নেই। জিম্বাবুয়ে ক্রিকেটের কর্তাব্যক্তিরা প্রশ্নটা শুনে একটু যেন বিব্রত, ‘কোথায় শুনলেন? মিস্টার প্রেসিডেন্ট আসছেন বলে কোনো খবর আমরা জানি না।’তা হলে ছয় বছরের নির্বাসন শেষে জিম্বাবুয়ের টেস্ট প্রত্যাবর্তন উপলক্ষে বাড়তি কিছু কি হচ্ছে? খেলা শুরুর আগে দুই দলের জাতীয় সংগীত বাজবে বলে জানা গেল। সেটি তো নতুন কিছু নয়। এখন অনেক দেশেই তা বাজে। তবে এই টেস্টটা যে আর দশটা টেস্টের মতো নয়, সেটি অবশ্য বোঝা যাচ্ছে। এমনিতে বাকি বিশ্ব যে টেস্টের খোঁজই রাখত না, সেটি শুরুর আগের দিন আইসিসির মিডিয়া কর্মকর্তা এসে হাজির। জানালেন, রাতে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাতও আসছেন।এই প্রথম টেস্ট ক্রিকেটের ‘দুগ্ধপোষ্য দুই শিশু’র লড়াইয়ের দিকে পুরো ক্রিকেট বিশ্বের চোখ। কোন দলের ওপর বেশি পড়বে সেই চাপ? অফিশিয়ালি লরগাতের সফর জিম্বাবুয়ের টেস্ট প্রত্যাবর্তনে উৎসাহ দিতে। আন-অফিশিয়াল কারণ, ‘আমরা এখন টেস্ট খেলতে প্রস্তুত’ বলে জিম্বাবুয়ের দাবির যথার্থতা নির্ণয়। জিম্বাবুয়ের স্বর্ণযুগের সদস্য ও বর্তমান প্রধান নির্বাচক অ্যালিস্টার ক্যাম্পবেল বললেন, ‘খেলোয়াড়েরা খুব নার্ভাস থাকবে। ওরা জানে, পুরো বিশ্ব ওদের দিকে চোখ রাখছে।’কিন্তু নার্ভাস কি বাংলাদেশও থাকবে না? ১৪ মাস পর টেস্টে প্রত্যাবর্তন, অনুমিত কারণেই ক্যাম্পবেল যেটিকে আরও বড় করে দেখাতে চাইলেন ‘ফোরটিন মান্থস, ইটস আ লাইফ টাইম।’ তার চেয়ে বড় কথা, বাংলাদেশের কাছে এই টেস্ট ফুটবলে পেনাল্টি মারার মতো। জিতলে সবাই বলবে, এই জিম্বাবুয়ের সঙ্গে তো জেতারই কথা। কিন্তু হারলে উঠে যাবে ‘গেল-গেল’ রব। তবে একটাই ভরসা, বাংলাদেশের এই পরিস্থিতির সঙ্গে পরিচয় আছে। দুই বছর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও পরিস্থিতিটা কি একই ছিল না?ছয় বছরের অনুপস্থিতিটাকে জিম্বাবুইয়ান অধিনায়ক ব্রেন্ডন টেলর কিন্তু ‘সুবিধা’ হিসেবেই দেখছেন, ‘বাংলাদেশ ওয়ানডেতে আমাদের শক্তি-দুর্বলতা সব জানে। কিন্তু টেস্টে আমরা কী করব, জানে না। ওদের আমরা কিছু বিস্ময় উপহার দেব।’কথাটা একদিক থেকে সত্যি। টেস্ট নির্বাসনের পর বাংলাদেশ-জিম্বাবুয়ে ৩৩টি ওয়ানডে হয়েছে, এর মধ্যে শুধু ২০০৯ সালেই ১৪টি। ৩৩ ম্যাচের ২৪ ম্যাচ জিতে বাংলাদেশ পরিষ্কার ব্যবধানে এগিয়ে। তবে টেস্টে জয়-পরাজয়ের হিসাবে বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে। ব্যবধানটা কমিয়ে আনার সুযোগ আসতে না আসতেই তো জিম্বাবুয়ে ‘নিষিদ্ধ’ হয়ে গেল।গৃহদাহের কারণে জিম্বাবুয়ে ক্রিকেট পুড়ে প্রায় ছাই হয়ে যাওয়ার কারণেই দুই দলের লড়াইয়ে বাংলাদেশ পরিষ্কার ফেবারিট হিসেবে শুরু করে। এই টেস্টেও তা-ই। বাংলাদেশ দলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলার অভিজ্ঞতা আছে শুধুই মোহাম্মদ আশরাফুলের। তাঁর চোখে বাংলাদেশ ‘৬০-৪০’ ফেবারিট। মুশফিকুর রহিমও ‘৬০-৪০’-এ বিশ্বাসী। তামিম ইকবাল অবশ্য মনে করেন, এটা ‘৭০-৩০’। জিম্বাবুয়ের ৩০ ভাগ সম্ভাবনার ১৫ ভাগই ওদের কন্ডিশনে খেলা বলে। ‘বাংলাদেশ সামর্থ্যের ৭০ ভাগ খেললেও জিতবে’ বলে ঘোষণাও দিয়ে দিলেন বাঁ হাতি ওপেনার। স্টুয়ার্ট লর অবশ্য এমন ভাবনার বিপজ্জনক দিকটি সম্পর্কে তাঁকে সচেতন করে দেওয়ার কথা। বাংলাদেশের অস্ট্রেলীয় কোচকে ফেবারিট-সংক্রান্ত আলোচনাতেই আনা গেল না। তাঁর একটাই কথা, ‘দুটি আন্তর্জাতিক দল যখন টেস্ট খেলে, দুই দলেরই সুযোগ থাকে জেতার।’একসময় বাংলাদেশকে যাঁরা হেসেখেলে হারাতেন, সেই ত্রিমূর্তিরও দেখা গেল একই বিশ্বাস। ক্যাম্পবেল-স্ট্রিক-গ্রান্ট ফ্লাওয়ার—তিনজনই একসুরে বললেন, ‘বাংলাদেশে খেলা হলে জিম্বাবুয়ের কোনো সুযোগ থাকত না। কিন্তু আমাদের কন্ডিশনে আমরা সম্মানজনক ড্র নয়, জয়ের জন্যই নামব।’কন্ডিশনটাই আসলে বাংলাদেশের মূল প্রতিপক্ষ। সেটি জয় করতে অবশ্য সব দিক চিন্তা করেই নামছে বাংলাদেশ। তিন স্পেশালিস্ট পেসারের সঙ্গে এক স্পেশালিস্ট স্পিনার রাজ্জাক। সাকিব-মাহমুদউল্লাহকে নিয়ে পাঁচ স্পিনার। মাহমুদউল্লাহ অবশ্য আঙুলের চোটের কারণে একটু অনিশ্চিত। এ কারণেই কাল ১২ জনের দল ঘোষণা করা হলো। বাইরে আছেন নাজমুল, শুভাগত ও নাসির। মাহমুদউল্লাহ খেলতে না পারলেই শুধু সুযোগ মিলবে জুনায়েদের।রকিবুল আগেই স্কোয়াড থেকে বাদ পড়েছেন। জুনায়েদের ঝুলে থাকা আরও ভালো করে মনে করিয়ে দিচ্ছে, সিডন্স-যুগের শেষ!