যে প্রশিক্ষণ আত্মবিশ্বাস বাড়িয়ে দিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছোট মেয়ের বয়স চার মাস। তাই ওকে রেখে আসার কথা ভাবতেই পারিনি। কিন্তু ওকে নিয়ে কীভাবে প্রশিক্ষণ নেব, তা নিয়েও খানিকটা দুঃশ্চিন্তায় ছিলাম। এখানে আসার পর সে শঙ্কা কেটে গেল। খুব ভালোভাবেই এ প্রশিক্ষণ শেষ করতে পেরেছি।’ কথাগুলো বলছিলেন শাহানা খাতুন। গত ৩০ সেপ্টেম্বর গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে ‘বিউটিফিকেশন অ্যান্ড বিউটি পারলার ম্যানেজমেন্ট ট্রেনিং’-এর সনদপত্র প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বগুড়ার শাহজাহানপুর থেকে তিনি এসেছেন এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে। চার মাসের শিশুসন্তানকে নিয়েই তিনি এ প্রশিক্ষণের সেরা প্রশিক্ষণার্থী হিসেবে বিবেচিত হয়েছেন। শাহজাহানপুরে তাঁর নিজস্ব একটি বিউটি পারলার আছে। এ প্রশিক্ষণের সহায়তায় তিনি বড় উদ্যোক্তা হতে চান। পারলারকে আরও এগিয়ে নিয়ে যেতে চান।পারসোনা ইনস্টিটিউট অব বিউটি অ্যান্ড লাইফ স্টাইলে গত ২০ সেপ্টেম্বর এ প্রশিক্ষণ শুরু হয়। বিনা মূল্যে এ প্রশিক্ষণসেবা দেয় পারসোনা। বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনার্সের আয়োজনে এসএমই ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ২৭ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। দেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলা, রাঙামাটি ও ঢাকার মেয়েরা এতে অংশ নেন। মৌখিক পরীক্ষার মাধ্যমে তাঁদের নির্বাচন করা হয়। তাঁরা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় অন্যের সৌন্দর্যকে বাড়িয়ে তোলার চেষ্টা করেন। কেউ কেউ নিজ উদ্যোগে ছোট আকারে গড়ে তুলেছেন বিউটি পারলার। এ প্রশিক্ষণ তাঁদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছে। তাঁদের কথা শুনে তেমনটিই বোঝা গেল। বগুড়া আযিযুল হক কলেজে রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষে পড়ছেন চামেলী খানম। তিনি বলেন, ‘পড়াশোনা করেও হাতে অনেকটা সময় থাকে। আর অন্যকে সাজাতে ভালো লাগে। বিশেষ করে, বিয়ের কনে সাজাতে পছন্দ করি। সে কারণে সময় পেলে কেউ বললেই শখের বশে এটি করতাম। তবে প্রশিক্ষণের পর নিজে একটা বিউটি পারলার দেব।’ এ প্রশিক্ষণের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা অনেক আন্তরিক ও সহযোগিতাপরায়ণ ছিলেন। মিকা চাকমা এসেছেন রাঙামাটি থেকে। তাঁর মুখের হাসি বলে দিচ্ছিল কতটা খুশি তিনি। এইচএসসি প্রথম বর্ষ পড়ুয়া এই প্রশিক্ষণার্থীর রাঙামাটি শহরে একটি পারলার আছে। এখন চাইছেন সেটিকে বড় করতে। পুঁজির জোগানও এখান থেকে হয়ে যাবে। কারণ, মাইডাস ফিন্যান্স ও এসএমই ফাউন্ডেশন তাদের ঋণ দেবে। ১০ দিনের এ প্রশিক্ষণের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বগুড়ার গৃহিণী ফাহমিদা হক তাঁর বিউটি পারলারকে এখন পারসোনার মতো রূপ দিতে চান। তবে ঢাকার কাজী লতিফা খাতুনের ইচ্ছা, তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ীতে একটি ভালোমানের বিউটি পারলার দেবেন। সৌন্দর্যচর্চার এ প্রশিক্ষণ তাঁদের সে সাহস জুগিয়েছে।বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনার্সের সভাপতি রোকেয়া আফজাল রহমান বলেন, ‘আজ আমি খুব খুশি। অনেক দিন ধরে এমন একটি কাজ করতে চেয়েছি। আজ করতে পেরে ভালো লাগছে। তাঁদের যেকোনো প্রয়োজনে আমরা সহায়তা দেব। যাঁরা আমাদের সঙ্গে সম্পৃক্ততা প্রকাশ করে বিনা মূল্যে সব ধরনের সহায়তা দিয়েছেন তাঁদেরও ধন্যবাদ।’এ অনুষ্ঠানে পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান মনে করেন, এই ১০ দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে পরিবর্তন এসেছে। আজ তাঁরা আত্মবিশ্বাসী, স্বয়ংসম্পূর্ণ। তাঁদের চোখমুখে তাই আলো দেখতে পাচ্ছি। তাঁরা তাদের লক্ষ্য ও উদ্দেশ্যকে পূরণ করে দেশ, সমাজ ও পরিবারকে এগিয়ে নিয়ে যাবেন। তবেই এ প্রশিক্ষণের সার্থকতা। ৯০ দিন পর তাঁরা কে কী অবস্থানে রয়েছেন, তা পর্যবেক্ষণ করবে কর্তৃপক্ষ। এরপর প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবির। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আফতাব-উল- ইসলাম।