যে বিশ্বকাপে সবাই অনিকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি মেক্সিকোয় হয়ে গেল ‘হোমলেস ওয়ার্ল্ড কাপ’ বা গৃহহীনদের বিশ্বকাপ। পুরুষ বিভাগে স্বাগতিকদের হারিয়ে বিশ্বকাপ জিতেছে চিলি। আর মেয়েদের বিভাগে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন মেক্সিকো। গৃহহীনদের কাছে এই বিশ্বকাপ শুধুই একটা টুর্নামেন্ট নয়, একত্র হওয়ার সাধারণ এক মঞ্চও। লিখেছেন মোসতাকিম হোসেনমনে প্রশ্নটা জাগতেই পারে, এই বিশ্বকাপে অংশ নেয় কারা? যারা আসলেই যাযাবরের মতো টো টো করে বেড়ায়, তারাই কি অংশ নেয়? উত্তরটা পাওয়ার জন্য একটু পেছনে যেতে হবে। এমনিতেই অনিকেত মানুষকে একত্র করার জন্য অনেক দিন কোনো সংগঠন ছিল না। ২০০১ সালে মেল ইয়ং ও হারাল্ড স্মিড ঘরহীন মানুষকে একই পতাকাতলে নিয়ে আসার একটা তাগিদ অনুভব করেন। স্কটিশ ও অস্ট্রিয়ান এই দুই ভদ্রলোকের কথা আলাদাভাবে একটু না বললেই নয়। স্কটল্যান্ডের পথে পথে যারা পত্রিকা ফেরি করে বেড়ায়, ১৯৯৩ সালে তাদের একত্র করার প্রথম একটা উদ্যোগ নেন ইয়ং। স্কটল্যান্ড থেকে সেই সংগঠন একসময় ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। সংগঠন না হয় হলো, কিন্তু প্রতিবছর ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভবঘুরেদের একত্র করার একটা উপলক্ষ তো লাগবে! উপলক্ষ হিসেবে বেছে নেওয়া হলো ফুটবলকে! ২০০৩ সালে অস্ট্রিয়ার গ্রাজ থেকে শুরু; এরপর গুটেনবার্গ, এডিনবরা, কোপেনহেগেন, কেপটাউনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তেই ভাগ্যবিড়ম্বিত মানুষকে নিয়ে হয়ে গেছে ফুটবলের মহোৎসব। আর এখন গৃহহীনদের বিশ্বকাপ তো রীতিমতো ডালপালা ছড়িয়ে মহিরুহে পরিণত হয়েছে। গত বছর প্যারিসে হওয়া এই টুর্নামেন্ট কাভার করেছেন প্রায় ৪৫০ সাংবাদিক! নিউইয়র্ক টাইমস, লা গাজেত্তা দেল্লো স্পোর্টসসহ নামকরা সব কাগজেও এসেছিল টুর্নামেন্টের খবর। সিএনএন ও ইউরোস্পোর্ট ছিল মিডিয়া সহযোগী। বুঝতেই পারছেন, অনেকের অগোচরে থেকে যাওয়া এই বিশ্বকাপের আবেদন একেবারে ফেলনা নয়। বিশ্বে ১০ কোটি লোকেরই স্থায়ী ঠিকানা নেই, সেটা ভুললে চলবে কেন?গৃহহীনদের বিশ্বকাপে অংশ নেওয়ার শর্তটা কী? হুট করে কেউ এসে বলল, ‘আমি বাস্তুহারা,’ আর খেলার সুযোগ হয়ে গেল—ব্যাপারটা তা নয়। কিছু নিয়ম আছে এখানেও। প্রতিযোগীদের ন্যূনতম বয়স হতে হবে ১৬ বছর। একবার কেউ কোনো আসরে অংশ নিলে পরের আসরে আর খেলতে পারবে না সে। ওপরের দুটো শর্তের সঙ্গে আরও একটা শর্ত পূরণ করতে হয় প্রতিযোগীদের, একটা নির্দিষ্ট সময় ধরে বাস্তুহীন থাকতে হয় তাদের। সেই সঙ্গে রাস্তায় রাস্তায় যারা সংবাদপত্র ফেরি করে বেড়ায় বা যারা কোনো পুনর্বাসনকেন্দ্রে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল, তারাই কেবল এই বিশ্বকাপে খেলার টিকিট পেতে পারে। টুর্নামেন্টের নিয়মকানুনগুলোও একটু অদ্ভুতুড়ে। প্রতি দলে খেলতে পারবে সাকল্যে চারজন। আর বদলি খেলোয়াড় থাকবে চারজন।নিয়ম যেমনই হোক, বড় কথা, গৃহহীনেরা এর মাধ্যমে একত্র হতে পেরেছে। বুঝতে পেরেছে, এই পৃথিবীতে তারা একা নয়। এক সমীক্ষায় দেখা গেছে, টুর্নামেন্ট খেলার পর অংশগ্রহণকারীদের ৭০ শতাংশের কাছে জীবনের মানেটাই বদলে গেছে। জীবনের প্রতি যাদের বিতৃষ্ণা ধরে গিয়েছিল, তারা নতুন করে পেয়েছে বেঁচে থাকার প্রেরণা। সংগঠনের www.homelessworld.cup.org ওয়েবসাইটে দেওয়া আছে দ্রারিদ্র্যের সঙ্গে যুঝতে থাকা ফুটবলারদের করুণ সব কাহিনি। সংগঠনের ফেসবুক পেজটাও বেশ সক্রিয়, টুইটারেও আছে অসংখ্য অনুসারী। চাইলে আপনিও হতে পারেন তাদের একজন শুভাকাঙ্ক্ষী। অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তাদের সাহায্য করার অনেক পথই খুঁজে পাবেন।এই মুহূর্তে ৭৩টি দেশ এই সংগঠনের সদস্য। প্রতিবছরই বাড়ছে অংশগ্রহণকারী দলের সংখ্যা। বাংলাদেশ এখনো এ তালিকায় নেই। কে জানে, আসল বিশ্বকাপে না হোক, একদিন এই বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। কে জানে, যে ছেলেটি ঠা ঠা রোদ্দুর মাথায় করে পত্রিকা ফেরি করে বেড়ায়, তার মধ্যে হয়তো লুকিয়ে আছে অমিত সম্ভাবনা!তাঁদের চোখে ‘হোমলেস ওয়ার্ল্ড কাপ’সবারই প্রতিদিন একটা লক্ষ্য নিয়ে ঘুম থেকে ওঠা উচিত। এটাই আসল কথা। ঘরহীনদের বিশ্বকাপ এই সুযোগটা এনে দিয়েছে। প্রস্তুতি নাও, বদলে ফেলো জীবন।এরিক ক্যান্টোনা, সাবেক ফুটবলারএই বিশ্বকাপের খেলোয়াড়দের সঙ্গে মেশা দারুণ একটা অভিজ্ঞতা। মানুষের জীবনকে খেলা কীভাবে বদলে দেয়, তা দেখতে পারাটা দারুণ এক অভিজ্ঞতা।লুইস হ্যামিল্টন, ফর্মুলা ওয়ান ড্রাইভারউয়েফা এই বিশ্বকাপের অংশীদার হয়েছে ২০০৩ সালের প্রথম আসর থেকেই। আমরাও ঘরহীন মানুষকে সাহায্য করার ব্রতে বিশ্বাসী। উয়েফা শুধু ফুটবল নিয়েই ভাবে তা নয়, বাস্তুহীনদের সংখ্যা কমাতেও সক্রিয়মিশেল প্লাতিনি, উয়েফা সভাপতি