১৯ ফেব্রুয়ারি লন্ডনের দৈনিক ইনডিপেনডেন্ট পত্রিকায় প্রকাশিত হয় ঔপন্যাসিক ও কলাম লেখক ফিলিপ হেনশারের নিবন্ধ ‘দি ওয়ার বাংলাদেশ ক্যান নেভার ফরগেট’। সেই নিবন্ধের কিছু অংশ:‘কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার রায় প্রত্যাখ্যান করে গণবিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধের বিচারে লক্ষ্য অর্জন করতে পারেনি। আবার সরকার পরিবর্তন হলে বন্দী যুদ্ধাপরাধীরা প্রায় নিশ্চিতভাবেই ক্ষমা পেয়ে যাবেন। অতীতেও তা-ই হয়েছে। তাই যুদ্ধাপরাধীদের ফাঁসির আদেশের দাবি উঠেছে। কারণ, মৃত্যুদণ্ডাদেশ পরিবর্তন করা সাধারণত কোনো রাজনীতিকের পক্ষে সম্ভব হয় না।‘ফাঁসির দাবিতে আন্দোলন আসলে হতাশারই প্রতিফলন। এই বিক্ষোভকারীরা আইনের শাসন ও ন্যায়বিচারে বিশ্বাসী। বিচার-প্রক্রিয়ায় রাজনীতিকদের ইচ্ছা-অনিচ্ছার প্রভাব তাঁরা আগে অনেকবার দেখেছেন। তাঁরা জানেন, এই বিচার কার্যক্রম বন্ধও হয়ে যেতে পারে।...ইতিহাসের নিকৃষ্টতম যুদ্ধাপরাধীদের কয়েকজনের বিচার কখনোই হবে না এবং তাঁদের নিকৃষ্টতম দোসররাও কেবল দু-এক বছর কারাভোগ করবেন—এ ভাবনা থেকেই বিক্ষোভকারীদের হতাশা বেড়েছে।‘এর সমাধান কী? বিচার-প্রক্রিয়া নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে এবং মৃত্যুদণ্ডই এর সঠিক সমাধান হতে পারে না। কিন্তু গণহত্যাকারীদের যাবজ্জীবন কারাদণ্ড বাংলাদেশে গ্রহণযোগ্য কোনো শাস্তি নয়।‘...লাইবেরিয়ার যুদ্ধাপরাধী চর্লস টেইলরকে সে দেশে কারাবন্দী করা হয়নি, কিন্তু নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) তাঁকে বিচারের আওতায় নেওয়া হয়েছে। তাই একাত্তরের খুনিদের বাংলাদেশের জাতীয় রাজনীতিকদের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে আন্তর্জাতিক আইনপ্রণেতাদের মধ্যস্থতায় বিচারের ব্যবস্থা করা যেতে পারে। এতে করে আসল যুদ্ধাপরাধী পাকিস্তানিদেরও বিচারের আওতায় আনা যেতে পারে, কেবল তাদের বাংলাদেশি সহযোগীদের নয়। বাংলাদেশে অপরাধের বিচার দ্রুত নিষ্পত্তি করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, দেশটিতে একটি সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বার্থ বিবেচনায় সবকিছু পাল্টে যায়। তাই এই আক্ষেপপূর্ণ জাতীয় বিষয়টির ন্যায়বিচার নিয়ে অনিশ্চয়তা দূর করতে বিশ্বের চোখের সামনে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে বিচারটি সম্পন্ন করতে হবে।’