যে যুদ্ধে জয়ী আমি
মাদকাসক্তির ভয়াবহ পথ থেকে ফিরিয়ে আনার জন্য স্নেহ, মায়া, মমতার চেয়ে বেশি কিছু নেই। এই স্নেহ, ভালোবাসা সবচেয়ে বেশি দিতে পারেন মা, বোন বা স্ত্রী। তাঁরাই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেন মাদকাসক্ত প্রিয়জনকে। তাঁদের আন্তরিক চেষ্টা ফিরিয়ে দেয় স্বাভাবিক জীবনযাপন। মাদকাসক্ত ছেলে, স্বামী বা বন্ধুকে ফিরিয়ে এনেছেন স্বাভাবিক জীবনে—এমন কজনের অভিজ্ঞতা নিয়ে এই প্রতিবেদন।পাড়ি দিয়েছি জীবনের কঠিন সময়পরিবারের বড় মেয়ে আমি। পড়াশোনা শেষের দিকে। এরই মধ্যে বিয়ে ঠিক করলেন মা। প্রথমে রাজি না থাকলেও পরে সম্মতি দিলাম। বেশ ধুমধাম করেই বিয়ে হয়ে গেল। বিয়ের পর লেখাপড়া চলতে থাকে। এ ব্যাপারে শ্বশুরবাড়ির লোকেরা কিছু বলেনি। শুধু বলেছে, স্বামীকে যেন ঠিকমতো সময় দিই। বিষয়টা সহজভাবেই নিয়েছিলাম। ও যখন অফিসে থাকে, তখন আমি বিশ্ববিদ্যালয়ে। ক্লাস শেষ হলে সোজা বাসায়। এভাবেই কেটে যায় বিয়ের প্রথম ছয় মাস—বলেন নিবেদিতা (ছদ্মনাম)।আমার স্বামী অফিস থেকে ফেরার আগে আমি বাসায় চলে আসি। মাঝে মাঝে ওর আচরণে সন্দেহ হতো। মন বিশ্বাস করতে চাইত না। কিন্তু ও ছিল খুব ধূর্ত প্রকৃতির।ঠিকভাবে খাবার খেত, চেহারা আর আচরণ দেখেও বোঝার উপায় ছিল না। যে কারণে ওর মাদকাসক্তির বিষয়টি একদমই টের পাইনি, ধীরে ধীরে বুঝতে পারলাম। তত দিনে আমার প্রথম সন্তান গর্ভে। কী করব বুঝতে পারছিলাম না। শ্বশুরবাড়ির লোকদের জিজ্ঞাসা করে জানতে পারলাম, বিয়ের আগে থেকেই ও মাদকাসক্ত। এ তথ্য গোপন করে বিয়ে দিয়েছে। ভেবেছে, বিয়ের পর ঠিক হয়ে যাবে। আমার স্বামী বিদেশে পড়তে গিয়েছিল। সমস্যাটা সেখান থেকে। বুঝতে পারলাম, সামনের দিনগুলো আমার জন্য কত কঠিন হবে। তবে বসে থাকলে তো চলবে না। আমার সন্তানের জন্য হলেও ওকে ভালো করতে হবে। ওর সঙ্গে এ বিষয়ে কোনো ঝগড়া করিনি। ওকে বোঝাতে শুরু করলাম। স্বীকার করেনি। আমি ওকে ভুল বুঝছি—এসব বলতে থাকে। কান্নাকাটি করতে লাগলাম। বোঝাতে লাগলাম, ওর ভালো পথে ফিরে আসা কেন প্রয়োজন। এবার ও শান্ত-স্থির থাকল না। রাগারাগি, জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। গায়েও হাত তোলে দু-একবার। এত কিছুর পরও আমি ভেঙে পড়িনি। একটা পুনর্বাসনকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করলাম। প্রায় জোর করেই ওকে সেখানে নিয়ে গেলাম। ভর্তি করালাম। এদিকে আমার শরীরও তখন ভালো যাচ্ছিল না। চারপাশের সবাই কেমন করে আমার দিকে তাকাত। যেন আমার জন্যই ও মাদকাসক্ত। স্বামী মাদকাসক্ত হলে শ্বশুরবাড়ির মানুষেরাও সেটি ভালোভাবে নেয় না। তারাও নানা অভিযোগ করে। আমার ভাইবোনেরা এ সময় তেমন একটা যোগাযোগ করেনি।শ্বশুরবাড়ি থেকে ওর চিকিৎসার টাকা দিত। কিন্তু আমি কীভাবে চলব।তবে আমার মা খুব সাহায্য করেছে। আমার সন্তান জন্ম নিল। দুই মাসের বাচ্চাকে বাসায় রেখে একটা স্কুলে চাকরি নিলাম। নিয়মিত স্বামীকে দেখতে যেতাম। চিকিৎসা চলে প্রায় এক বছর। এই সময়ে সন্তানকে দেখতে দিইনি। ও অনেকবার দেখতে চেয়েছে। আমি বলেছি, আমাদের সন্তান একজন সুস্থ, স্বাভাবিক বাবাকে দেখবে। আমি আমার কথা রেখেছি। এর জন্য সেও নিজের জীবনে পরিবর্তন আনে। আর এ জন্য নিজেকে সফল মনে হয়।ছেলেকে ফিরিয়ে এনেছি সঠিক জীবনেঅয়নের (ছদ্মনাম) বাবা সরকারি চাকরিজীবী। তিন বছর পরপর বদলি। দেশের কত জায়গায় যে ঘুরেছি। আমার তিন মেয়ে আর এক ছেলে। হাসি-খুশিভরা পরিবার। ভাইবোনের মধ্যেও খুব বন্ধুত্ব। অয়নের এইচএসসি পরীক্ষার আগে হঠাৎ ওর বাবার বদলির নোটিশ এল। চলে যেতে হবে নতুন জেলায়। এদিকে ছেলেকে কোথায় রাখব, কী করব বুঝতে পারছি না। একবার ভাবলাম, ছেলের পরীক্ষা পর্যন্ত বাসা ভাড়া নিয়ে থাকি। কিন্তু ওর বাবার উচ্চ রক্তচাপ, অ্যাজমার সমস্যা। মেয়েরা ঢাকায় পড়াশোনা করে। ছেলেরও মন খারাপ। কখনো আমাকে ছাড়া কোথাও থাকেনি। সেই ছেলেকে ওর বাবার এক বন্ধুর বাসায় রাখার সিদ্ধান্ত নিলাম। তিন-চার মাসেরই তো ব্যাপার!’ বললেন অয়নের মা সোহেলী। ছেলেকে রেখে একটা রাতও ঠিকমতো ঘুমাতে পারিনি। ওর বাবার ছুটি হলেই আমরা ওকে দেখতে চলে যেতাম। সেই সময়ে আমার ছেলেটা ধীরে ধীরে মাদকাসক্ত হয়ে পড়ে। ছুটিতে অয়ন আমাদের কাছে বেড়াতে এল। ওর সারা শরীরে কেমন উটকো একটা গন্ধ পেয়েছিলাম। কিন্তু ধরতে পারিনি। তবে সিগারেট খেতে গিয়ে একদিন ধরা পড়ল। মনে শঙ্কা আর সন্দেহ একসঙ্গে মাথা চাড়া দিয়ে উঠল। ওকে বুঝিয়ে বললাম। ওর পরীক্ষার আগে ওকে দেখতে গেলাম। তখন ওর বাবার বন্ধু আমাকে ডেকে বলে, ‘অয়ন মনে হয় মাদকাসক্ত হয়ে পড়েছে। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওকে নিয়ে যান। চারপাশের লোকজন নানা কথা বলে।’ আমি তো চোখে অন্ধকার দেখতে লাগলাম। আর চেপে রেখে লাভ নেই। এবার ওর বাবা আর বোনদের বললাম। পরীক্ষার সময় ওর সঙ্গে থাকলাম। কিন্তু আমার আগের সেই ছেলেটি নেই। ওর পরিবর্তন চোখে পড়ার মতো। আমি আসায় ও মোটেই খুশি হয়নি, তা বোঝা যাচ্ছিল।পরীক্ষা শেষ হলো। ও কোচিংয়ে ভর্তি হলো। কিছুদিন মাদক থেকে দূরে ছিল। আবার কোচিংয়ের আশপাশে মাদকের প্রাপ্তিস্থান সে খুঁজে পায়। ও পেথিডিন ইনজেকশন নিতে শুরু করে। সারাক্ষণ ঘরে চিৎকার, ভাঙচুর করে। ভয়ানক ও হিংস্র হয়ে ওঠে। দেরি না করে নামকরা একটি মাদকাসক্ত পুনর্বাসনকেন্দ্রে ভর্তি করাই। দুই বছর চিকিৎসা হলো। আত্মীয়স্বজনের কাছে মুখ দেখানোর উপায় ছিল না। অনেকে বাসায় এসেও কথা শুনিয়ে যেত। এত কষ্ট। তবুও যদি সন্তান সুস্থ হয়। সবাই আমাকে দোষারোপ করতে শুরু করে। আমি ঠিকভাবে খেয়াল করিনি। তাই আমার ছেলে এমন হলো।একসময় ছেলে বাসায় ফিরল। আবার পড়াশোনা শুরু করল। আগের কথা আমরা ওর সামনে বলি না। তবে ও নিজেই খুব অনুতপ্ত। বলে, ‘ও-পথে আর কোনো দিন যাব না। সব বিষয়ে কৌতূহল থাকতে নেই। আমি ভুল করেছিলাম, সে জন্য জীবন থেকে কতগুলো সময় চলে গেল। তোমরা সহযোগিতা করেছ বলেই পেরেছি।’ সন্তানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পেরেছি। এর থেকে সুখের বিষয় আর কী হতে পারে!হারাতে চাইনি বন্ধুকেবিশ্ববিদ্যালয়েই পরিচয় নদী ও মারুফের (ছদ্মনাম) সঙ্গে। মারুফ তখনো হলে সিট পায়নি, আর নদীর পরিবার ঢাকায় থাকে। ওদের মধ্যে চমৎকার বোঝাপড়া। বন্ধুত্বটাও ঈর্ষণীয় পর্যায়ের। ক্লাস, পড়া, আড্ডা, ঘোরাঘুরি—সব জায়গায় তারা দুজন।নদী জানান, প্রথম বর্ষ এভাবেই আনন্দ-উল্লাসে কেটে যায়। হঠাৎ মারুফ ক্লাসে আসা কমিয়ে দিল। মনে কেমন যেন খটকা লাগল। জিজ্ঞাসা করলে এড়িয়ে যেত। ওর আচার-আচরণে পরিবর্তন আসে। ক্লাসের অনেকে বলে, ও মাদক নেয়। বিশ্বাসই হয়নি। একদিন ঠিকানা নিয়ে ও যেখানে থাকত, সেখানে গিয়ে হাজির হলাম। আমাকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। বুঝতে পারি, সবার কথা সত্য। কেন এমন করছে—জিজ্ঞাসা করায় বলে, ‘জানি না।’ প্রথমে বুঝতে পারিনি। যখন পেরেছি তখন কিছু করার ছিল না। এ জীবন আমি চাই না। ওর দুর্বিষহ জীবন সহ্য করতে পারছিলাম না। প্রিয় বন্ধুকে হারাতে চাই না। বাসায় এসে আমার অভিভাবকের সঙ্গে কথা বললাম। আমার মা মারুফের বাবা-মাকে ঢাকায় আসতে বলল। পুরো বিষয়টি তাদের বুঝিয়ে বলা হলো। চিকিৎসকের পরামর্শে ওকে পুনর্বাসনকেন্দ্রে রেখে এলাম। ছয় মাস চিকিৎসা চলে। এখন আবার আগের জীবনে ফিরে আসতে পেরেছে। শুনলে মনে হয় কত সহজ। কিন্তু বাস্তব চিত্র বিপরীত। বন্ধুর জন্য কঠিন সংগ্রাম করেছিলাম। বন্ধু ভালো আছে। এটি ভেবে সেই কষ্টের কথা মনে থাকে না।