যে সিরিজের নাম ‘তামিম বনাম ভিটরি’
ব্রেন্ডন টেলরের ভবিষ্যদ্বাণী ৩-২। হিথ স্ট্রিকেরও তা-ই। অবশ্যই জিম্বাবুয়ের পক্ষে।টেস্ট ম্যাচটা না জিতলে বলতে গিয়ে নিশ্চিত বুক কাঁপত। সাড়ে ছয় বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই বাংলাদেশকে হারিয়ে দেওয়ায় কাঁপছে না। ইতিহাস-টিতিহাস যে জিম্বাবুইয়ানদের কাছে পাত্তাই পাচ্ছে না।সেই ইতিহাস আপনাকে জানাবে, গত চার বছরে এই দুই দলের পাঁচটি ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে পাত্তাই পায়নি। দুই দলের সর্বশেষ ২৬ ম্যাচের ১৬টিই জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের সর্বশেষ সিরিজ জয় সেই ২০০৬ সালে, যে সিরিজ বিখ্যাত হয়ে আছে শেষ ওভারে মাশরাফির ওপর জিম্বাবুইয়ান ডান হাতি ব্যাটসম্যানদের তাণ্ডবের কারণে।তখন তাঁর লম্বা চুল ছিল। সেই চুল কেটে ফেলেছেন। ভূমিকাও বদলেছে। তখনকার উইকেটকিপার-ব্যাটসম্যান এখন জিম্বাবুয়ের পুনর্জাগরণের নেতৃত্বে। ব্রেন্ডন টেলর ৩-২ বলার সাহস পাচ্ছেন একটা কারণেই—হোম অ্যাডভান্টেজ। ‘অতীতে বাংলাদেশের স্পিনাররাই সব সময় পার্থক্য গড়ে দিয়েছে। তবে ঢাকা বা চট্টগ্রামের চেয়ে এখানে ওদের সামলানোটা অনেক সহজ হবে।’ওয়ানডেতে ৩০ ওভার স্পিন খেলার মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। সেই ৩০ ওভারের মধ্যে ১০টি ওভার নিয়েই বেশি চিন্তা। আবদুর রাজ্জাকের ১০ ওভার। গত বছর দুই দলের সর্বশেষ সিরিজটা কীভাবে ভুলবেন! শেষ ম্যাচে উইকেট পাননি রাজ্জাক। তবে সিরিজ তো জিতিয়ে দিয়েছিলেন প্রথম তিন ম্যাচে ১৩ উইকেট নিয়েই। একটা হ্যাটট্রিকও ছিল।তবে বাংলাদেশ আর জিম্বাবুয়ের মধ্যে যতটা দূরত্ব, দুই দেশে রাজ্জাকের পারফরম্যান্সের মধ্যেও ততটাই তফাৎ। দেশে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫ ম্যাচে ১২.১৪ গড়ে ৪১ উইকেট, ম্যাচে ৫ উইকেট তিনবার। জিম্বাবুয়েতে ৯ ম্যাচে উইকেট মাত্র ১০টি। গড় ৩৩.২০।হারারে-বুলাওয়ে যে তাঁর প্রতি ঢাকা-চট্টগ্রামের মতো সদয় নয়, রাজ্জাকও তা ভালোই জানেন। হয়তো এ কারণেই কাল দুপুরে বাকি দল যখন নেটে, মাঠের মাঝখানে একটা স্টাম্পে টানা বোলিং করে গেলেন। এর আগে পার্থক্যটা বুঝিয়ে দিলেন নিজেই, ‘এখানকার উইকেটে তো আর দেশের মতো সাহায্য পাই না। বাউন্স বেশি বলে এলবিডব্লু পাওয়া কঠিন। টার্নও খুব স্লো, যে কারণে ব্যাটসম্যানরা খেলার সময় পেয়ে যায়।’সেই সমস্যা তো আগেও ছিল। তার পরও জিম্বাবুয়েতে সর্বশেষ দুটি ওয়ানডে সিরিজ বাংলাদেশ বলতে গেলে হেসেখেলেই জিতেছে। এবার কেন পারবে না? পারবে কি পারবে না, সেটি জানতে অপেক্ষা না করে উপায় নেই। তবে অতীতের সঙ্গে বড় একটা পার্থক্য দেখছেন সাকিব আল হাসান, ‘ওরা আগের চেয়ে অনেক উন্নতি করেছে। এর একটা কারণ, পাঁচ-ছয় বছর ধরে বলতে গেলে ওদের একটা দলই খেলছে। ওদের মধ্যে বোঝাপড়াটা তাই খুব ভালো।’টেস্টে হেরে যাওয়ার পর ওয়ানডে সিরিজটা অগ্নিপরীক্ষা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ দলের জন্য। ব্রেন্ডন টেলরের ভয়ও এটাই, ‘আমি নিশ্চিত, বাংলাদেশ আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে। এর আগে বেশ কবারই আমরা প্রথম ম্যাচ জিতেছি, এরপর সিরিজ হয়ে গেছে ৩-১ বা ৪-১। ওরা দুর্দান্তভাবে ফিরে আসে।’‘ঝাঁপিয়ে পড়া’টা যদি আক্ষরিকভাবে নেওয়া হয়, তা হলে সে জন্য সবচেয়ে ব্যগ্র হয়ে আছেন সম্ভবত তামিম ইকবাল। টেস্ট ম্যাচে তাঁর মন্তব্য নিয়ে ঝড় উঠেছে। সুযোগ পেয়ে ব্রেন্ডন টেলর বলে দিয়েছেন, মুখে কিছু বললে পারফরম্যান্সটাও তার সঙ্গে তাল মেলানো হওয়া উচিত। তামিম সিদ্ধান্ত নিয়েছেন, মুখে আর কিছু বলবেনই না। কথা যা বলবেন, তা এই পাঁচ ম্যাচের পর। ম্যান অব দ্য ম্যাচ হলে তো তার আগেই সংবাদ সম্মেলনে আসতে হবে—শুনে তামিম হাসেন। ব্রায়ান ভিটরিকে সেই হাসিটা একটু দেখালে হতো!এমনিতে বিশ্ব ক্রিকেটের নিচের সারির দুই দলের লড়াই। জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যালান্স শিটে যা বড় অঙ্কের ক্ষতিই যোগ করছে। মাঠে দর্শক টানতে হারারের দুটি ম্যাচ ডে-নাইট করার কথা ছিল। ফ্লাডলাইটই নেই তো হবে কীভাবে! হারারে স্পোর্টস ক্লাব মাঠের চারপাশে শুধু টাওয়ারগুলোই দাঁড়িয়ে। লাইট-টাইট নাকি শুল্ক বিভাগে আটকা পড়ে আছে। জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবসায়িক বুদ্ধি থাকলে তামিম বনাম ভিটরি কিন্তু এই সিরিজের বড় একটা বিজ্ঞাপন হতে পারত!