যে সড়কে পাঁচ বছর ধরে ইট ও খোয়া বিছানো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ থেকে জায়গীরহাট পর্যন্ত সংযোগ সড়কটির আড়াই কিলোমিটার পাঁচ বছর ধরে ইট ও খোয়া বিছানো অবস্থায় পড়ে আছে। পাকাকরণ না হওয়ায় চলাচলে জনগণের ভোগান্তির যেন শেষ নেই। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, পায়রাবন্দের বেগম রোকেয়া সরণি থেকে জায়গীরহাট সংযোগ সড়ক নির্মাণের কাজ হয়েছে পাঁচ বছর আগে। অর্থ বরাদ্দ না থাকায় আড়াই কিলোমিটার সড়কটিতে পিচের কার্পেটিং না করে শুধু ইট ও খোয়া বিছিয়ে রাখা হয়েছে। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে গত জোট সরকারের আমলে ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে সোলায়মান মিয়ার বাড়ি থেকে শালমারা বাজার হয়ে বেগম রোকেয়া সরণি পায়রাবন্দ পর্যন্ত সংযোগ সড়ক পাকাকরণের কাজ শুরু করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। পায়রাবন্দ সংযোগ সড়কটি আড়াই কিলোমিটার পাকাকরণের কথা বলে সড়কে ইটের ওপর খোয়া বিছিয়ে রেখে কাজ বন্ধ করে দেয়। শালমারা বাজারের চালকলের মালিক ইলিয়াছ শাহী জানান, এ সড়ক দিয়ে হাটে মালামাল নিয়ে যাওয়া খুবই কষ্টকর। ব্যবসায়ী সুশীলচন্দ্র জানান, ছেলেমেয়েরা অনেক কষ্টে এ সড়ক দিয়ে পায়রাবন্দে যায়। পল্লি চিকিত্সক নূরুল ইসলাম সড়কটি পাকাকরণের জন্য সরকারের প্রতি দাবি জানান। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন পায়রাবন্দ বেগম রোকেয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক। এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম জানান, অর্থ বরাদ্দ না থাকায় এ কাজটি এভাবে পড়ে রয়েছে। আশা করা যায় শিগগিরই এ সড়কের পাকাকরণের কাজ শুরু করা হতে পারে।