যে হাত ছুঁয়েছিলেন কৈশোরে (ভিডিও)
নাচ, মঞ্চনাটক ও চলচ্চিত্র। তিনটিকে শিল্পচর্চার আলাদা আলাদা মাধ্যম হিসেবেই বিবেচনা করা হয়। তবে এবার এ তিনের মধ্যে পার্থক্যসূচক সীমানা ঘুচিয়ে দেওয়ার সাহসী পদক্ষেপ নিয়েছেন জেঁকো ভন ডোরমায়েল। ‘কিস অ্যান্ড ক্রাই’ নামের নতুন একটি নৃত্যনির্ভর চলচ্চিত্র নির্মাণ করেছেন বিখ্যাত এই বেলজিয়ান নির্মাতা। তবে এ নৃত্যটি পরিবেশিত হয়েছে একটু ভিন্নভাবে। বহুমাত্রিক এ চলচ্চিত্রে কোনো মানুষের মাধ্যমে নয়, নৃত্য উপস্থাপিত হয়েছে শুধু আঙুলের মাধ্যমে। আঙুল বাঁকিয়ে ও নড়াচড়ার মাধ্যমে প্রকাশ করা হয়েছে কাঙ্ক্ষিত অনুভূতি।
এর আগে Toto le héros, Le huitieme jour, Mr. Nobody-র মতো চলচ্চিত্র বানিয়ে ভালোই সাড়া জাগিয়েছিলেন ডোরমায়েল। এবারও নিশ্চিতভাবেই ভিন্ন ধরনের এ উপস্থাপনা দিয়ে তিনি চলচ্চিত্র-বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। এই ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এটি একজন বয়স্ক নারীর গল্প। যার মনে পড়ে, ১২ বছর বয়সে ট্রেনে ভ্রমণের সময় তিনি একটি ছেলের হাত স্পর্শ করেছিলেন। কিন্তু তিনি কিছুতেই ছেলেটির চেহারা বা নাম মনে করতে পারেন না। ছেলেটির হাত ছুঁয়ে দেওয়ার সেই মুহূর্তটির কথা আজও তাঁর মন ছুঁয়ে যায়। আর তাই সারা জীবন ধরেই তিনি খুঁজে বেরিয়েছেন সেই মানুষটির হাত। এখানে আছে পাঁচটি প্রেম-কাহিনি। যেমন আমাদের হাতে আছে পাঁচটা আঙুল। আর এই প্রতিটি প্রেম-কাহিনিই বলা হয়েছে শুধু হাতের মাধ্যমে।’চলচ্চিত্রে ব্যবহূত প্রতিটি দৃশ্যের জন্য আলো ও গৃহস্থালি জিনিসপত্রের ব্যবহার করে দারুণ সেট তৈরি করেছেন ডোরমায়েল। হেয়ার ড্রায়ার, প্লাস্টিকের পাত ইত্যাদি ব্যবহার করে সমুদ্রসৈকত, নদী, তারাভরা আকাশের রূপ দেওয়া হয়েছে। চলচ্চিত্রটিতে মূল দুটি ভূমিকায় হাতের কাজ করেছেন ভন ডোরমায়েলের স্ত্রী ও নৃত্যশিল্পী আনা দে মে আর তাঁর দীর্ঘদিনের নৃত্য সঙ্গী গিওর্গি গ্রোসজেন।ভিন্ন ধরনের এ চলচ্চিত্রে কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন গ্রোসজেন। তিনি বলেন, ‘সাধারণত নাচের জন্য আপনার অনেক বড় জায়গা প্রয়োজন হয়। আপনাকে সেখানে পুরো শরীরের ওপরের নিয়ন্ত্রণ রেখে মনোনিবেশ করতে হয়। কিন্তু এখানে কাজটা সত্যিই ভিন্ন রকমের।’চার্লেরোই ড্যান্সেস প্রযোজিত কিস অ্যান্ড ক্রাই চলচ্চিত্রটি কয়েক দিন পর মুক্তি পাবে মধ্যপ্রাচ্য ও ইউরোপে।