যে ৬২ ধরনের পণ্যে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ
ভারতে রপ্তানির জন্য ৪৮০ ধরনের স্পর্শকাতর পণ্যের তালিকা থেকে ৬২টি পণ্যে শুল্কমুক্ত বাজার-সুবিধা চেয়েছে বাংলাদেশ। এর মধ্যে ৪৭টি পোশাক বা বস্ত্র খাতের পণ্য। বাকি ১৫টির মধ্যে আছে জাতীয় ফল কাঁঠাল ও কিছু সবজি, খাদ্য, টিস্যু, লোহা, ভোজ্য ও জ্বালানি তেল।ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন বাংলাদেশ সফরে এ নিয়ে চূড়ান্ত ঘোষণা থাকবে বলে বাংলাদেশ আশা করছে। ভারতেও এ নিয়ে বৈঠক চলছে বলে জানা গেছে।বাংলাদেশ যে ৬২ ধরনের পণ্যের তালিকা তৈরি করেছে, তা শুধু এ দেশেরই তৈরি। ভারতের অনুমোদন হলে তবেই শুল্কমুক্তভাবে প্রবেশ করতে পারবে।৬২টি এইচএস কোডের তালিকা: বাংলাদেশ যে তালিকা তৈরি করেছে, তার মধ্যে ৬২ ধরনের পণ্যের নাম রয়েছে। পোশাকজাতীয় পণ্যের মধ্যে রয়েছে সুতি ওভেন কাপড়ের তৈরি পুরুষ ও বালকদের ট্রাউজার; প্যান্ট ও শর্টস, সুতি কাপড়ের তৈরি পুরুষ ও বালকদের জামা, টি-শার্ট; সিংলেট, সুতি কাপড়ের তৈরি মহিলা ও বালিকাদের সব ধরনের ট্রাউজার, সুতি নিট কাপড়ের পুরুষ এবং বালকদের জামা, নিট কাপড়ের তৈরি পুরুষ ও বালকদের স্নানের পোশাক, পুরুষ ও বালকদের সুতি কাপড়ের তৈরি নৈশ পোশাক ও পাজামা, পুরুষ ও বালকদের ওভেন ও সিনথেটিক কাপড়ের জ্যাকেট ও ব্লেজার, নিট কাপড়ের তৈরি জার্সি; পুলওভার; কার্ডিগান, ওয়াইজকোট-সমজাতীয় পোশাক, ওভেন কাপড়ের মহিলা ও বালিকাদের স্কার্ট ও বিভাজিত স্কার্ট, সুতি ওভেন কাপড়ের পুরুষ ও বালকদের জ্যাকেট ও ব্লেজার, একইভাবে সুতি নিট কাপড়ের তৈরি নারী-পুরুষ ও ছোট ছেলেমেয়েদের সব ধরনের ট্রাউজার, সুতি নিট কাপড়ের নারী ও বালিকাদের ব্লাউজ; শার্ট ও ব্লাউজ শার্ট, হাতমোজা, ওভেন কাপড়ের মেয়েদের বক্ষবন্ধনী, বাচ্চাদের ওভেন ও নিট কাপড়ের পোশাক, মেয়েদের পেন্টি, সুতি ওভেন কাপড়ের ব্লাউজ; শার্ট ও ব্লাউজ শার্ট, মহিলা ও বালিকাদের সিনথেটিক ওভেন কাপড়ের স্যুট, ওভেন কাপড়ের সরঞ্জাম, নিট কাপড়ের তৈরি পুরুষ ও বালকদের নৈশপোশাক ও পাজামা, মহিলা ও বালিকাদের নৈশপোশাক ও পাজামা, সুতি নিট কাপড়ের বাচ্চাদের তৈরি পোশাক ও পোশাকের সরঞ্জাম, মহিলা ও বালিকাদের সিনথেটিক নিট কাপড়ের তৈরি সব ধরনের ট্রাউজার, ওভেন কাপড়ের বাচ্চাদের পোশাক ও কাপড়ের সরঞ্জাম, হাতে তৈরি সুতি নিট কাপড়ের পুরুষ ও বালকদের শার্ট, সুতি নিট কাপড়ের ছেলেদের অন্তর্বাস, ৮৫ শতাংশ সিল্কের তৈরি ওভেন কাপড়, নারী ও বালিকাদের নিট ও সিনথেটিক-জাতীয় কাপড়ের সাঁতারের পোশাক এবং পুরুষ ও বালকদের ওভেন কাপড়ের সাঁতারের পোশাক।পোশাক বা বস্ত্রসামগ্রীর বাইরে তালিকায় রয়েছে কাঁঠাল, সতেজ আলু, ধনিয়া, সুপারি ও বাদাম, তুষের তেল, পরিশোধিত নারকেল তেল, প্রাকৃতিক রাবার, টয়লেট ও ফেসিয়াল টিস্যু-জাতীয় পণ্য, লোহাজাতীয় পণ্য, মুদ্রিত পেপার ও পেপার বোর্ড, লুব্রিকেটিং অয়েল, ৫ মিলিমিটারের কম পুরুত্ববিশিষ্ট কোল্ড রোল কয়েল ও প্রক্রিয়াজাত হাড়গোড়।বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিনের কাছে তালিকাটি দিয়ে মতামত চাওয়া হলে তিনি বলেন, তাঁর সাধারণ ধারণা হচ্ছে, কোনো কোটা থাকছে না। তিনি বলেন, ‘বিশেষ অতিরিক্ত শুল্ক (স্পেশাল অ্যাডিশনাল ডিউটি বা এসএডি) নামে কর নেওয়া হয়। এটা তুলে দিতে হবে। তাহলে আমরা সেখানে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে পারব।’বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, সুতি কাপড়ে তৈরি পোশাকে এসএডি হচ্ছে শুল্কমূল্যের ৪ দশমিক ১৬ শতাংশ। অন্য পণ্যের ক্ষেত্রে যা হচ্ছে শুল্কমূল্যের ৪ দশমিক ৩২ শতাংশ। উল্লেখ্য, ভারতে এক রাজ্য থেকে আরেক রাজ্যে পণ্য যাওয়ার ক্ষেত্রেও নানা ধরনের কর প্রচলিত আছে। যেমন: শিক্ষা (এডুকেশনাল) ও উচ্চশিক্ষা (হায়ার এডুকেশনাল সেস) কর এবং নিজস্ব শিল্প সংরক্ষণে কাউন্টার ভেলিং ডিউটি। বাংলাদেশ থেকে ইতিমধ্যে এক লাখ কোটার আওতায় যেসব পণ্য ভারতে শুল্কমুক্তভাবে প্রবেশ করেছে, সেসব পণ্যেও এসব কর ও শুল্ক দিতে হয়েছে।