যেকোনো দিন পাঁচ সিটি নির্বাচনের তফসিল
নতুন গঠিত গাজীপুর সিটি করপোরেশন এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল যেকোনো দিন ঘোষণা হতে পারে। আজ রোববার নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের এ কথা বলেন। শাহনেওয়াজ বলেন, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের মেয়াদ আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শেষ হবে। মেয়াদ শেষের পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে এসব সিটির নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। আর জুলাইয়ের মধ্যে গাজীপুর সিটির নির্বাচন করতে হবে। নির্ধারিত সময়ে নির্বাচন করতে হলে দ্রুত এসব নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। তিনি জানান, বর্তমানে পাঁচ সিটি করপোরেশনের ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ চলছে। কয়েক দিনের মধ্যে এ কাজ শেষ হবে বলে আশা করা যায়। সে ক্ষেত্রে মে মাসের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে এবং ভোট গ্রহণ হতে পারে জুনের মাঝামাঝি সময়ে। কমিশন সচিবালয় সূত্র জানায়, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটির নির্বাচন একই দিনে এবং গাজীপুর সিটির নির্বাচন আলাদা দিনে হতে পারে।