যেকোনো মুহূর্তে মেঘনা-গোমতী সেতু ধসে পড়তে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ভারী যানবাহন চলাচল করলে যেকোনো মুহূর্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতু ধসে পড়তে পারে। মেঘনা, গোমতী ও কাঁচপুর—এই তিনটি সেতুর কোনোটি ধসে পড়লে চট্টগ্রামের সঙ্গে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি মন্তব্য করেন। নতুন স্বপ্ন দেখার আগে পুরোনো স্বপ্ন যেন দুঃস্বপ্নে পরিণত না হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।আজ সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ে মেঘনা সেতুতে ওজন নিয়ন্ত্রণ-সংক্রান্ত আন্তমন্ত্রণালয় সভা শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের কাছে এ আশঙ্কা প্রকাশ করেন।ওবায়দুল কাদের বলেন, মেঘনা ও গোমতী সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় অতি ভারী যানবাহন পারাপারে নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ১৭ ডিসেম্বর ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র চালু করা হবে। মেঘনা-গোমতী সেতুতে দুটি ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র আছে। এত দিন এগুলো বন্ধ ছিল।সড়ক ও জনপথ অধিদপ্তর বিশেষজ্ঞ দিয়ে সমীক্ষা করে জানতে পেরেছে, মেঘনা সেতুর মাঝ বরাবর ছয়টি পিলারের (ভারবাহী স্তম্ভ) আশপাশে ৫২-৬৫ ফুট পর্যন্ত জায়গার মাটি সরে গেছে। সেতুর অনেকগুলো সম্প্রসারণশীল সংযোগ ও বিয়ারিং অকেজো হয়ে পড়েছে। গোমতী সেতুরও সম্প্রসারণশীল সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কাঁচপুর সেতুটি অত্যধিক পুরোনো হওয়ায় ঝুঁকি বেড়ে গেছে।আজকের সভায় মেঘনা সেতুর মেরামতকাজ দ্রুত শুরু করার সিদ্ধান্ত হয়। সভাসূত্র জানায়, এক মাসের মধ্যে মেঘনা সেতুর পাশে ফেরি চালু করারও সিদ্ধান্ত হয়েছে। কারণ ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র চালু করলে বিদ্যুেকন্দ্রের ভারী যন্ত্রপাতি পারাপার বন্ধ হয়ে যাবে। তাই অতি ভারী যন্ত্রপাতি পরিবহনে নিয়োজিত যানবাহন ফেরিতে পারাপার করা হবে।সভায় স্বরাষ্ট্র, নৌপরিবহন মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সড়ক পরিবহন খাতের নেতারা উপস্থিত ছিলেন।