যেকোনো মুহূর্তে যুদ্ধাপরাধের রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, যুদ্ধাপরাধীদের মধ্যে কয়েকজনের বিচারপ্রক্রিয়া শেষের পথে। যেকোনো মুহূর্তে অপরাধীদের বিচারের রায় ঘোষিত হতে পারে। বিচারের রায় যতই ঘনিয়ে আসছে, জামায়াত-শিবির ততই দেশে নাশকতা চালিয়ে অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি।আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে নগর ও জেলার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ সরকারের আমলে হয়তো সব যুদ্ধাপরাধীর বিচার শেষ না-ও হতে পারে। সরকার পরিবর্তন হলেও যাতে যুদ্ধাপরাধীদের বিচার অব্যাহত থাকে সে জন্য জনগণকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, ‘এ বছরটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠী কিংবা রাজনৈতিক মহল যাতে নির্বাচনকে ভন্ডুল করতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে।’জামায়াত-শিবিরকে মোকাবিলায় চট্টগ্রামে সাঁড়াশি অভিযান অব্যাহত রাখার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী । এ ছাড়া ১৭ জানুয়ারি চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের উপনির্বাচনে প্রভাবমুক্ত থেকে নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক দায়িত্ব পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। চট্টগ্রামের জেলা প্রশাসক আবদুল মান্নানের পরিচালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী, র‌্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে. কর্নেল সাইফুল করিম খান, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহীদুর রহমান, উপপুলিশ কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার, জেলা পুলিশ সুপার এ কে এম মফিজ আফতাব প্রমুখ।