যেকোনো মূল্যে অবরোধ সফল করা হবে: হেফাজত (ভিডিও)
হেফাজতে ইসলামের নেতারা অভিযোগ করেছেন, প্রশাসন ও সরকারদলীয় ক্যাডাররা বিভিন্ন স্থানে হেফাজতের কর্মীদের ঢাকায় আসতে বাধা দিচ্ছে। তা সত্ত্বেও যেকোনো মূল্যে আগামীকাল রোববারের অবরোধ কর্মসূচি সফল করা হবে। আজ শনিবার সকালে রাজধানীর লালবাগ মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নেতারা এ কথা বলেন। কাল রোববারের ঢাকা অবরোধ কর্মসূচি উপলক্ষে ও গণভবনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। রোববারের অবরোধ কর্মসূচিতে অংশ নিতে হেফাজতের কর্মীদের জায়নামাজ, তসবিহ, মিসওয়াক ও শুকনো খাবার নিয়ে ফজরের নামাজের আগেই ঢাকার প্রবেশপথগুলোতে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। সাভারে ভবনধসের ঘটনায় সংশ্লিষ্ট লাশবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, উদ্ধার তত্পরতায় নিয়োজিত সব ধরনের যানবাহন, দেশি-বিদেশি পরিদর্শকদের গাড়িসহ এ ধরনের যানবাহন অবরোধের আওতামুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়। মানবিক দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের তাঁদের যানবাহনে স্টিকার লাগানোর অনুরোধ জানিয়েছে হেফাজতে ইসলাম। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, আগামীকাল বেলা তিনটায় বায়তুল মোকাররমের উত্তর ফটকে তাঁরা সমাবেশ করার অনুমতি চেয়েছেন। প্রশাসন অনুমতি দেবে বলে তাঁরা আশা করছেন। অনুমতি না দিলে পরিস্থিতির ওপর করণীয় নির্ভর করবে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে বলা হয়, প্রধানমন্ত্রীর বক্তব্যে ১৩ দফা মেনে নেওয়ার কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি; বরং এসব দাবির বিষয়ে কিছু বিভ্রান্তিকর কথা ও হেফাজতে ইসলামকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য উঠে এসেছে। এতে অবরোধ কর্মসূচি স্থগিত করার কোনো উপাদান নেই বলে মনে করে হেফাজতে ইসলাম। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জুনায়েদ বাবুনগরী বলেন, দুই দলের মধ্যকার যেকোনো ধরনের সংলাপে হেফাজতে ইসলামের কোনো সমস্যা নেই। কারণ, তাঁদের দাবি অরাজনৈতিক, তাঁদের সংগঠনও অরাজনৈতিক।সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেন, ক্ষমতাকেন্দ্রিক কোনো রাজনৈতিক অভিলাষ তাঁদের নেই। এই আন্দোলনের মধ্য দিয়ে তাঁরা দেশে বা দেশের বাইরে কোনো মহলকেই শত্রু বা মিত্র হিসেবে সাব্যস্ত করতে চান না।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের নেতা মুহিবুল্লাহ বাবুনগরী, মুফতি ওয়াক্কাস, নূর হোসাইন কাশেমী, আবদুল লতিফ নেজামী, জুনায়েদ আল হাবিব।