যেকোনো মূল্যে ড্যাপ বাস্তবায়িত হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো মূল্যে ‘ডিটেইল্ড এরিয়া প্ল্যান’ (ড্যাপ) বাস্তবায়ন করা হবে। আর এতে কোনো বাধাই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।ড্যাপ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি প্রায় ৫৯০ বর্গমাইল এলাকা নিয়ে ঢাকা মহানগরের উন্নয়ন পরিকল্পনা। উত্তরে গাজীপুর পৌরসভার উত্তর প্রান্ত, দক্ষিণে ধলেশ্বরী নদীর তীর, পূর্বে শীতলক্ষ্যা ও তারাবো পৌরসভা এবং কেরানীগঞ্জের একটি বড় অংশ নিয়ে পরিকল্পনাটি করা হয়েছে।১৯৯৫ সালে এই পরিকল্পনা প্রণয়নে প্রথম পর্যায়ের কাজ শুরু হয়। পরে তা মন্ত্রিসভায় অনুমোদিতও হয়। পরে পরিকল্পনাটি আরও সময়োপযোগী করার উদ্যোগ নেওয়া হয়। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় এটি চূড়ান্ত করা হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পরিকল্পনাটি আরও আধুনিক করতে জামিলুর রেজা চৌধুরীকে প্রধান করে একটি কমিটি গঠন করে। কমিটি গত এপ্রিলে ‘ড্যাপ’ চূড়ান্ত করে মন্ত্রণালয়ে জমা দেয়।প্রতিমন্ত্রী জানান, ড্যাপে ঢাকা মহানগরসহ আশপাশের এলাকাগুলোর জন্য আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, জলাধার, খেলার মাঠ, উন্মুক্ত স্থান, বিনোদনের জন্য পার্ক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন বিষয় চিহ্নিত করা হবে। এ পরিকল্পনা অনুযায়ী সরকার সবকিছু সংরক্ষণেও কার্যকর ব্যবস্থা নেবে।ড্যাপের বিরোধিতাকারীদের ‘উন্মাদ’ হিসেবে উল্লেখ করে পূর্ত প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের স্বার্থ বিবেচনায় রেখে তত্ত্বাবধায়ক সরকারের পরিকল্পনাটিই আরও উপযুক্ত করে চূড়ান্ত করেছি। এতে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা হবে। কারণ এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ভবিষ্যতে আর নগরবাসীকে এক ঘণ্টার বৃষ্টির পানিতে ডুবে থাকতে হবে না।’