৯ ডিসেম্বরের অবরোধ কর্মসূচির দিন বিএনপি-জামায়াত বা ছাত্রদল-ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় যেন কোনো পিকেটিং করতে না পারে, তা নিশ্চিত এবং যেকোনো মূল্যে তাদের প্রতিরোধ করার নির্দেশ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেন আসামি ইমদাদুল হক। তিনি আরও বলেছেন, ঘটনার সময় ভিক্টোরিয়া পার্ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথ ও শাঁখারীবাজার মোড়ে পুলিশ ছিল। ইমদাদুল নিজেও বিশ্বজিৎকে মারধরকারীদের মধ্যে থাকার কথা স্বীকার করেছেন।পুলিশ ও আদালত সূত্র জানায়, গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমদাদুল হক মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে ইমদাদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন।বিশ্বজিৎ দাস নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে দর্শনে স্নাতকোত্তর পাস করা ইমদাদুলের সনদ বাতিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্র জানায়, ইমদাদুল হক জবানবন্দিতে বলেন, তিনি ২০০৪ সালে ছাত্রলীগে যোগ দেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পদপ্রত্যাশী ছিলেন। ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সবাইকে ডেকে বলেন, পরদিন বিএনপি-জামায়াত যেন তাদের অবরোধ কর্মসূচির সময় ক্যাম্পাসের আশপাশে পিকেটিং করতে না পারে। শিবির-ছাত্রদল বা বিএনপি-জামায়াত কিছু ঘটাতে চায় উল্লেখ করে নেতারা যেকোনো মূল্যে তাদের প্রতিরোধ করার নির্দেশ দেন।ইমদাদুল তাঁর জবানবন্দিতে বলেন, ৯ ডিসেম্বর সকাল আটটার দিকে তাঁরা ক্যাম্পাস থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অবরোধবিরোধী মিছিল বের করেন। এ সময় ঢাকা জজ কোর্টের সামনের রাস্তায় বিএনপি-সমর্থক আইনজীবীরা একটি মিছিল বের করেন। ছাত্রলীগের কর্মীরা ধাওয়া করলে ওই আইনজীবীরা আদালত এলাকায় ঢুকে পড়েন। কর্মীরা কয়েকজন আইনজীবীকে মারধর করেন।পরে ছাত্রলীগের কর্মীরা মিছিল নিয়ে রায়সাহেব বাজারের দিকে যান। একপর্যায়ে তাঁরা ছাত্রশিবিরের দুই কর্মীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। পরে তাঁরা ভিক্টোরিয়া (বাহাদুর শাহ) পার্কের সামনে যাওয়ার পরই ককটেলের বিস্ফোরণ ঘটে। তখন সবাই বলে, একটা ছেলে ‘ইনটেনসিভ ডেন্টাল কেয়ারে’ উঠছে। ইমদাদুল জবানবন্দিতে বলেন, তখন মিছিল থেকে ‘ধর ধর’ বলে রাজন, শাকিল, ইউনুস, টিপু, কিবরিয়া, তমাল, সালাউদ্দিন, ইমরান, তাহসিন ও মোস্তফা ধাওয়া করে ভবনটির দোতলায় ওঠেন। এ সময় রাজন ছুরি, শাকিল চাপাতি ও অন্যরা রড, লাঠি দিয়ে বিশ্বজিৎকে মারতে শুরু করেন। সূত্র জানায়, আসামি ইমদাদুল জবানবন্দিতে আরও বলেন, রাজন বিশ্বজিতের শরীরের পেছন দিকে ছুরি দিয়ে আঘাত করেন। শাকিল তাঁর হাতে থাকা চাপাতি দিয়ে হাতে-পায়ে কোপাতে থাকেন। এ সময় বিশ্বজিৎ বলে, ‘আমি হিন্দু, আমাকে মেরো না।’ এ সময় ইমদাদুল ছাড়াও শাওন, নাহিদ, আজিজ, লিমন, আল আমিন, রফিক ও পাভেল নিচে ছিলেন। বিশ্বজিৎ দৌড়ে নিচে নামার পর তাঁরা রড ও লাঠি দিয়ে তাঁকে আবার মারধর করেন। উল্লেখ্য, ময়নাতদন্ত প্রতিবেদনে বিশ্বজিতের দেহে একটিমাত্র ছুরিকাঘাত ও একটি থেঁতলানো চিহ্নের উল্লেখ করা হয়েছে। ইমদাদুলের জবানবন্দি অনুযায়ী, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ মিছিলে অংশগ্রহণকারী বাকিরা এ সময় রাস্তার আশপাশে দাঁড়ানো ছিলেন। বিশ্বজিৎ দৌড়ে শাঁখারীবাজার মোড়ে ঢুকে পড়েন। ইমদাদুল বলেন, ওই সময় ভিক্টোরিয়া পার্কের পাশে, শাঁখারীবাজার মোড় ও ক্যাম্পাসের মুখে পুলিশ ছিল। পরে তাঁরা মিছিল নিয়ে ক্যাম্পাসে গিয়ে সমাবেশ করেন। এর আগে বিশ্বজিৎ দাসকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার কথা স্বীকার করে ২৩ ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের তিন কর্মী রফিকুল ইসলাম ওরফে শাকিল, জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন ও মাহফুজুর রহমান ওরফে নাহিদ জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে ২১ জন বিশ্বজিৎ দাস হত্যায় অংশ নিয়েছিলেন। ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে ছাত্রলীগের একদল কর্মী কুপিয়ে-পিটিয়ে হত্যা করেন দর্জির দোকানের কর্মী বিশ্বজিৎ দাসকে। এ ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল পর্যন্ত মোট চারজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। তিনজন রিমান্ডে আছেন।