ঐতিহাসিক মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ক্ষতি রোধে দোষীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১৪ ফেব্রুয়ারি বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। এই ঘটনায় মাজার কমিটির চেয়ারম্যান মমতাজ উদ্দিনকেও ওই দিন হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে মহাস্থানগড় রক্ষায় সেখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন করতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে ৪৮ ঘণ্টার মধ্যে সেখানে র্যাব মোতায়েন করতে আইজিপিকে বলা হয়েছে। আদালতের নির্দেশের পর মহাস্থানগড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আদালত মন্তব্য করে বলেছেন, ভয়ভীতির ঊর্ধ্বে থেকে যেকোনো মূল্যে মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো রক্ষা করতে হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ছাড়া ধর্মীয় অনুভূতিতে যেন আঘাত না হানে এবং প্রত্নতাত্ত্বিক নির্দশন রক্ষায় মহাস্থানগড় মাজারসংলগ্ন মসজিদটি অন্যত্র স্থানান্তর সম্ভব কি না, সে বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে মতামত দিতে সংস্কৃতি সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ‘হাইকোর্টের নির্দেশ অমান্য করে মহাস্থানগড়ে খনন’ শিরোনামে প্রথম আলোসহ দুটি জাতীয় দৈনিকে মহাস্থানগড়ে পুনরায় খননের প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন দুটি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। এ সময় রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এর আগে ২ ফেব্রুয়ারি মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে ১০ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। কমিটির অপর সদস্যরা হলেন: বগুড়ার জেলা প্রশাসক, পুলিশ সুপার, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কিউরেটর, মাজার কমিটির সভাপতি, অধ্যাপক মুনতাসীর মামুন, লেখক-সাংবাদিক শাহরিয়ার কবির, জাতীয় জাদুঘরের একজন প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের একজন শিক্ষক। জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৭ ডিসেম্বর হাইকোর্ট বগুড়ার মহাস্থানগড়ের ঐতিহাসিক স্থাপনার আশপাশে নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছিলেন। এরপরও মহাস্থানগড়সংলগ্ন ‘নেতাই ধোপানীর পাট’ কেটে রাস্তা নির্মাণের কাজ চলছে—এমন অভিযোগে আদালতে আরেকটি আবেদন করে সংগঠনটি। এর পরিপ্রেক্ষিতে আদালত স্থানীয় দুই আওয়ামী লীগের নেতাসহ পাঁচজনকে হাইকোর্টে তলব করেন।বগুড়া থেকে নিজস্ব প্রতিবেদক জানান, হাইকোর্টের নির্দেশের পর গতকাল বৃহস্পতিবার থেকেই মহাস্থানগড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিবগঞ্জ থানার এসআই মিজানের নেতৃত্বে চার সদস্যের একটি পুলিশ দল সার্বক্ষণিক পাহারায় নিয়োজিত রয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (Iwm) Avey মোকাদ্দেম Avjx Rvbvb, হাইকোর্টের নির্দেশের পর থেকেই সেখানে পুলিশ সার্বক্ষণিক পাহারা দিচ্ছে।