যেকোনো মূল্যে মুক্তাঙ্গনে মহাসমাবেশ: আমিনী
যেকোনো মূল্যে ২৭ মে মুক্তাঙ্গনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ফজলুল হক আমিনী। তিনি বলেছেন, ‘কোনো চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। চলমান আন্দোলন থেকে এক কদম পিছু হটারও কোনো সুযোগ নেই। আন্দোলনে অবিচল থাকলে সরকার পিছু হটতে বাধ্য হবে।’আজ সোমবার বিকেলে লালবাগের কার্যালয়ে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি মজলিসে সুরার এক সভায় সভাপতির ভাষণে আমিনী এসব কথা বলেন।আমিনী বলেন, ‘আমরা এখন কঠিন সময় পার করছি। শেখ হাসিনা ও তাঁর সরকার বাংলাদেশ থেকে, কোরআন, হাদিস, শরিয়ত তথা ইসলামকে নির্মূল করার আন্তর্জাতিক মিশন নিয়ে কাজ করে যাচ্ছে। হাসিনা সরকারের ইসলামবিরোধী কর্মকাণ্ডের ব্যাপারে যদি কোনো আলেমের কোনো সন্দেহ থাকে, তবে তাঁর ঈমান থাকবে কি না বলা কঠিন।’আমিনী বলেন, ‘শেখ হাসিনা রবীন্দ্রনাথের আদর্শে বাংলাদেশ গড়তে চায়। আমরা এমন বাংলাদেশ চাই না। আমরা মহানবীর আদর্শে বাংলাদেশ গড়তে চাই।’সভায় অন্যদের বক্তব্য দেন আবদুল লতিফ নেজামী, মুহাম্মদ ওয়াক্কাস, জহিরুল হক ভূঁইয়া, আবুল কালাম প্রমুখ।