যেকোনো মূল্যে ঢাকা অভিমুখে লংমার্চ এবং কাল শনিবার সকাল ১০টায় মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে আজ সন্ধ্যা ছয়টা থেকে কাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৩ সংগঠনের ডাকা হরতাল প্রত্যাহার না হলে রোববার থেকে টানা হরতাল দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফী গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার লালবাগ মাদ্রাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা ও হুমকি দেন। তিনি শনিবার সকাল ১০টার মধ্যে মতিঝিল শাপলা চত্বরে সমবেত হওয়ার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানান।সংবাদ সম্মেলনে আল্লামা আহমদ শফী লংমার্চের পাল্টা কর্মসূচি হিসেবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ হরতাল আহ্বানকারী ২৩ সংগঠনকে ‘সরকারি দল’ বলে দাবি করেন। তিনি বলেন, সরকার এসব সংগঠনকে দিয়ে যে হরতাল আহ্বান করিয়েছে এবং লংমার্চকারীদের বাসভাড়া না দেওয়ার যে হঠকারি সিদ্ধান্ত নিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার মধ্যে তা প্রত্যাহার না করলে রোববার থেকে লাগাতার হরতাল পালিত হবে।সংবাদ সম্মেলনে আহমদ শফীর লিখিত বক্তব্য পড়ে শোনান তাঁর ছেলে আনাছ মাদানি। তাতে অভিযোগ করা হয়, লংমার্চ বানচাল করার জন্য সরকার পরিবহন মালিকদের বাসভাড়া না দেওয়ার নির্দেশ দিয়েছে। পরিকল্পনামন্ত্রীর ইশারায় সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার হরতাল দেওয়া হয়েছে, ইসলামিক ফাউন্ডেশন নিয়ন্ত্রিত মসজিদ-মাদ্রাসাগুলোয় ৬ এপ্রিল সমাবেশ ডাকা হয়েছে। এর আগে আলেম নামধারী কিছুসংখ্যক ব্যক্তির মাধ্যমে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন প্রশাসন ও দলীয় ক্যাডারদের দিয়ে লংমার্চে বাধা দেওয়ার অপচেষ্টা করছে সরকার। সরকারের প্রতি হুঁশিয়ারি জানিয়ে হেফাজতের আমির বলেন, আল্লাহ, রাসুল (সা.) ও ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধ করে মুসলমানদের দাবিগুলো মেনে নিন। তা না হলে এর জন্য যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে, তার দায়ভার সরকারকেই বহন করতে হবে।আল্লামা আহমদ শফী বলেন, ‘৯৩ বছর বয়সে আমার রাজপথে থাকার কথা ছিল না। জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমার ও আলেম সমাজের এ ছাড়া আর কোনো পথ ছিল না। এখন শহীদ, নয় গাজি হওয়া ছাড়া কোনো মুসলমানের ঘরে বসে থাকা জায়েজ নেই।’ এ আন্দোলনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ সব দলের মুসলমানদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।এক প্রশ্নের জবাবে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনাইদ বাবুনগরী বলেন, ‘গণজাগরণ মঞ্চ বন্ধ করা আমাদের দাবি নয়। আমাদের ১৩ দফা দাবির মূল হচ্ছে, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করা। তাই কয়েকজন নাস্তিক ব্লগার গ্রেপ্তার নয়, এ তালিকায় ৮৪ জন বা তার চেয়ে বেশি নাস্তিক ব্লগার আছে। তাদের সবাইকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।’সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের নেতা শাহ আহমদুল্লাহ আশরাফ, মুহাম্মদ ইসহাক, আবদুল লতিফ নেজামী, আশরাফ আলী, হাবীবুর রহমান, নূর হোসাইন কাসেমী, মুফতি ওয়াক্কাছ, ইজহারুল ইসলাম চৌধুরী, আবদুর রকিব, জাফরুল্লাহ খান, মুফতি ফয়জুল্লাহ, আবুল হাসানাত আমিনী প্রমুখ উপস্থিত ছিলেন। রাজধানীতে মিছিল: লংমার্চের সমর্থনে গতকাল বিকেলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় প্রচার মিছিল করেছে হেফাজতে ইসলাম। রাজধানীর মোহাম্মদপুরে লংমার্চ সমন্বয় কমিটির সদস্য মাওলানা মাহফুজুল হকের নেতৃত্বে একটি বড় মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাজধানীর সাইনবোর্ড এলাকায়ও আরেকটি মিছিল হয়।প্রয়োজনে হেঁটে লংমার্চ: গতকাল সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে হেফাজতের নেতারা বলেন, বাস পাওয়া না গেলে প্রয়োজনে হেঁটে ঢাকা যাবেন। তখন সারা দেশ অবরোধে পরিণত হবে। কোথাও লংমার্চে অংশগ্রহণকারীদের হয়রানি করা হলে সরকারকে কঠিন পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে বলেও হুঁশিয়ার করেন তাঁরা।৬ এপ্রিল ঢাকা অভিমুখে লংমার্চ বানচালের ষড়যন্ত্র ও নেতা-কর্মীদের হয়রানির প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়। লিখিত বক্তব্যে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, সরকারের সদিচ্ছা থাকলে জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে আল্লাহ ও রাসুল (সা.)-এর অবমাননাকারীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস ও সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন’ কথাগুলো পুনঃস্থাপন করতে পারত। তা না করে হেফাজতে ইসলামকে নানা রকম হুমকি ও উপদেশ দিচ্ছে। এ সময় হেফাজতে ইসলামের নায়েবে আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী, শামসুল আলম, তাজুল ইসলাম, প্রচারসচিব মুনির আহমাদ প্রমুখ উপস্থিত ছিলেন।