যেকোনো সময় টার্মিনাল ধসে পড়ার আশঙ্কা
মুষলধারে বৃষ্টি হচ্ছিল সেদিন। সৈয়দপুর-ঢাকা পথে চলাকলকারী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটির অপেক্ষায় অনেক যাত্রী সৈয়দপুর স্টেশনের প্লাটফর্মে। ট্রেনটি লেট (বিলম্বিত)। প্রথম শ্রেণীর ওয়েটিং রুমে সপরিবারে বসে আছেন যাত্রী মশিউর রহমান। হঠাৎ ছাদের পলেস্তারার একটা বড় অংশের চাপ খসে পড়ল। সেই সঙ্গে বৃষ্টির পানি চুঁইয়ে পড়তে থাকল ঘরটিতে। ছাদ ধসে পড়ার আতঙ্ক ছড়িয়ে পড়ল অপেক্ষমাণ মানুষের মধ্যে। হুড়মুড় করে ঘর ছেড়ে বৃষ্টির মধ্যেই প্লাটফর্মে বেরিয়ে পড়ল সবাই। ঘটনাটি ১ আগস্টের।ঢাকার ব্যবসায়ী মশিউর রহমান বলেন, ‘সৈয়দপুরের মতো একটি ব্যস্ততম স্টেশনের এমন দুর্দশা দেখব, ভাবিনি।’ তিনি আরও বলেন, ‘সৈয়দপুরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানার অবস্থান। বলতে গেলে রেলের প্রাণকেন্দ্র সৈয়দপুর। আশপাশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও রংপুর জেলাসহ অনেক উপজেলার যাত্রীরা সৈয়দপুরে এসে বিভিন্ন রুটের ট্রেনে চাপে। কিন্তু এই বিপুল সংখ্যক যাত্রীর স্টেশনে বসে অপেক্ষা করার এবং শৌচাগারের কোন ব্যবস্থা নেই। কেবল প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য একটি ওয়েটিং রুম থাকলেও তার দশা খুবই করুণ। অথচ এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা আছে বলে মনে হয় না।’সৈয়দপুর রেলওয়ে সূত্র জানায়, গত অর্থবছরে এ স্টেশন থেকে পণ্য ও যাত্রী পরিবহন খাত থেকে প্রায় চার কোটি টাকা আয় হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের অনেক কম গুরুত্বপূর্ণ স্টেশনেও নতুন টার্মিনাল নির্মাণ করা হয়েছে। কিন্তু সৈয়দপুরে হয়নি। ২০০৮ সালে এ স্টেশনটির দুর্দশা নিয়ে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হলে কর্তৃপক্ষ তড়িঘড়ি করে প্লাটফর্মটি ৬০০ ফুট উঁচু করে। কিন্তু ওই প্লাটফর্মের সঙ্গে সংযোগ সিঁড়ি আজও দেওয়া হয়নি। এতে যাত্রীদের দুর্ভোগ বাড়া ছাড়া কমেনি।রেলের যাত্রী রেজাউল হক জানান, স্টেশনের প্লাটফর্মটি যেন মরণফাঁদ। পাশাপাশি দুটি ট্রেন দাঁড়ালে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। পাশাপাশি দুই রেলপথের মাঝে কোনো প্লাটফর্ম নেই। দুটি রেলপথের মধ্যে ব্যবধান এতই কম যে হঠাৎ ট্রেন ছেড়ে দিলে ঘটতে পারে প্রাণহানির মতো ভয়াবহ দুর্ঘটনা।সৈয়দপুর রেলওয়ে স্টেশনের একটি সূত্র জানায়, ১৮৭০ সালে তৎকালীন আসাম-বেঙ্গল রেলওয়ের বৃহত্তম কারখানাটি সৈয়দপুরে গড়ে ওঠে। ওই সময় স্টেশনটিও গড়ে ওঠে। এখন স্টেশনটি জরাজীর্ণ হয়ে পড়ায় প্রতিদিনই ছাদের পলেস্তারা খসে পড়ছে, বৃষ্টি হলেই পড়ছে পানি। এ ব্যাপারে স্টেশনের মাস্টার মোজাম্মেল হক জানান, স্টেশনটির দুরবস্থা নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলীর কাছে চিঠি লেখা হয়েছে। তিনি আরও জানান, এ স্টেশনের ওপর দিয়ে প্রতিদিন ১৬টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে। এ ছাড়াও মালবাহী ট্রেন তো আছেই। কাজেই এখানে প্রচুর যাত্রীর চাপ। অবিলম্বে টার্মিনালসহ স্টেশনটির আধুনিকায়ন করা জরুরি।পার্বতীপুর রেলপথ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান বলেন, ‘সৈয়দপুর স্টেশনের দুর্ভোগ সম্পর্কে আমি জানি।’ দুর্দশা লাঘবে স্টেশনটিকে ঢেলে সাজানো হবে বলে তিনি জানান।