যেকোনো সময় বন্ধ হতে পারে সাঙ্গু গ্যাসক্ষেত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রবক্ষের একমাত্র চালু সাঙ্গু গ্যাসক্ষেত্রে উৎপাদন কমে এক কোটি (১০ মিলিয়ন) ঘনফুটে পৌঁছেছে। ক্ষেত্রটি যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সাঙ্গুতে উৎপাদন কমে যাওয়ায় বন্দরনগর চট্টগ্রামে গ্যাসের সংকট বাড়ছে।সাঙ্গু গ্যাসক্ষেত্রের পরিচালক অস্ট্রেলীয় কোম্পানি স্যান্তোস ও সরকারি সূত্র জানায়, দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন আর্থিকভাবে লাভজনক নয়। তার পরও চট্টগ্রামে গ্যাসের সংকট বিবেচনায় উত্তোলন অব্যাহত রাখা হয়েছে। তবে কূপে গ্যাসের চাপ ও উত্তোলনের পরিমাণ ক্রমাগত কমছে।জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, সাঙ্গু নিয়ে আর কোনো আশা নেই। ক্ষেত্রটি যেকোনো সময় বন্ধ হয়ে যাবে। তবে তিতাস গ্যাসক্ষেত্রের ১৭ নম্বর কূপটির খননকাজ প্রায় শেষ করে এনেছে বাপেক্স। সেখান থেকে চট্টগ্রামে গ্যাস সরবরাহ করা হবে।দেশের ১৬ নম্বর ব্লকের সাঙ্গু গ্যাসক্ষেত্র উৎপাদন অংশীদারিত্ব চুক্তির (পিএসসি) মাধ্যমে পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ব্রিটিশ কোম্পানি কেয়ার্ন এনার্জি পিএলসিকে। ১৯৯৬ সালে তারা সেখানে গ্যাস আবিষ্কার করে। ’৯৮ সালের ১২ জুন ক্ষেত্রটি থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহ শুরু হয়।পেট্রোবাংলা ও জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, সাঙ্গুর মজুত নির্ধারণ নিয়ে কেয়ার্ন শুরু থেকেই টালবাহানা করে। ১৯৯৭ সালে তারা জানায়, মজুতের পরিমাণ ৮৪৮ বিসিএফ। ১৯৯৮ সালে জানায়, মজুত এক হাজার ১০৩ বিসিএফ। পেট্রোবাংলা এই তথ্যের সঙ্গে একমত পোষণ না করায় বিশেষজ্ঞ ড. মার্কেল পলিকারকে তৃতীয় পক্ষ হিসেবে মজুত নির্ধারণের জন্য নিয়োগ করা হয়। তিনি পরীক্ষা-নিরীক্ষা করে সাঙ্গুর মজুত ৯৩৫ বিসিএফ বলে মত দেন। এর ভিত্তিতেই গ্যাস তোলা হচ্ছিল।কিন্তু ক্ষেত্রটিতে গ্যাসের স্বাভাবিক চাপ না থাকায় কেয়ার্ন ২০০৫ সালে মজুত পুনর্নির্ধারণ করে জানায়, সাঙ্গুতে মজুত ৭২৮ বিসিএফ। ২০০৬ সালে বলে ৫১৬ বিসিএফ। ২০০৭ সালে বলে ৪৪৫ বিসিএফ। ২০০৮ সালের আগস্ট মাসে জানায়, সাঙ্গুতে মোট গ্যাস মজুত ৪৫৬ বিসিএফ। ১৯৯৮ সাল থেকে তোলার পর ওই সময় অবশিষ্ট ছিল ১৪ দশমিক ৪৪ বিসিএফ। এই পর্যায়ে কমপ্রেসর বসিয়ে উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়। কিন্তু তেমন ফল মিলেনি।২০১০ সালে কেয়ার্ন ক্ষেত্রটির পরিচালনভার স্যান্তোসের কাছে হস্তান্তর করে চলে যায়। স্যান্তোস নতুন করে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ ও তিনটি কূপ খনন করে। কিন্তু বড় কোনো মজুতের সন্ধান পায়নি। তবে বাড়তি ব্যয়ের জন্য তৃতীয় পক্ষের কাছে সরাসরি গ্যাস বিক্রির জন্য তাদের অনুমোদন দেয় সরকার। কিন্তু কোনো চেষ্টাতেই শেষ রক্ষা হচ্ছে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েকজন অধ্যাপক প্রথম আলোকে বলেন, বাংলাদেশের প্রায় সব গ্যাসক্ষেত্রেই গ্যাসের আধার (রিজার্ভার) হচ্ছে বালিকণা (স্যান্ডস্টোন) সমৃদ্ধ। নির্ধারিত মাত্রার চেয়ে বেশি পরিমাণে গ্যাস তুলতে গেলে ক্ষেত্রে যে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, তাতে আধারের কাঠামো ভেঙে নষ্ট হয়ে যায়। ফলে যতটা গ্যাস পাওয়ার কথা, ততটা পাওয়া যায় না। সাঙ্গুর ক্ষেত্রে এটাই ঘটেছে।