যেকোনো সময় মধ্যবর্তী নির্বাচনের দাবি উঠতে পারে: নিজামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন,‘চট্টগ্রামের নির্বাচনে সরকারের প্রতি জনগণের মনোভাব ফুটে উঠেছে। জনগণের মধ্যে যেকোনো সময় মধ্যবর্তী নির্বাচনের দাবিও উঠতে পারে।’ মধ্যবর্তী নির্বাচন হলে আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট নামের একটি সংগঠন আয়োজিত জামায়াত-সমর্থিত প্রকৌশলীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান নিজামী এ কথা বলেন। সমাবেশে বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করা হয়।যুদ্ধাপরাধীদের বিচার হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে—এমন ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে বিশৃঙ্খলার পথ বেছে নিলে নিজের জন্যও ক্ষতি করবেন, দেশেরও সর্বনাশ করবেন।’ তিনি আরও বলেন, সেক্টর কমান্ডার্স ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটি, বামপন্থী রাজনৈতিক দল ও বামপন্থী বুদ্ধিজীবীদের কাজ আর প্রধানমন্ত্রী বা সরকারের কাজ এক নয়। সরকারের কাজ দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যাপ ও বামপন্থীদের ভুল নির্দেশনায় একদলীয় শাসন প্রবর্তন করতে বাধ্য হয়েছিলেন। এখন শেখ হাসিনার আশপাশেও সে ধরনের লোকজন আছেন। তিনি তাঁদের কাছ থেকে দূরে থাকতে শেখ হাসিনাকে পরামর্শ দেন।দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টের সভাপতি প্রকৌশলী শেখ আল আমীনের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান।