যেখান থেকে যেভাবে আসে
মাদক ব্যবসায়ীরা সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে মাদক এনে তা সিলেটের বিভিন্ন জেলা-উপজেলায় ছড়িয়ে দিচ্ছেন। সীমান্তের পার্শ্ববর্তী কিছু লোক ছাড়াও বৈধ ব্যবসার আড়ালে প্রভাবশালী ব্যক্তিরা এই ব্যবসা নিয়ন্ত্রণ করলেও তাঁরা থাকেন ধরাছোঁয়ার বাইরে।বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল সূত্রমতে, সীমান্ত দিয়ে যে মাদক আসে, তার সামান্যই ধরা পড়ে। আর মাদকের বাহক ধরা পড়লেও নাটের গুরুরা থাকেন ধরাছোঁয়ার বাইরে।মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা একাধিক সরকারি কর্মকর্তা মনে করেন, ভারত থেকে সহজ যোগাযোগব্যবস্থার কারণে মাদক ব্যবসায়ীরা জকিগঞ্জ ও গোয়াইনঘাটের তামাবিল সীমান্তকে ‘নিরাপদ রুট’ হিসেবে বেছে নিয়েছেন। এসব চেকপোস্ট-সংলগ্ন এলাকা ছাড়াও কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে সিলেটে মাদক আসছে। এরপর বিভিন্ন জেলা-উপজেলায় পাচার করতে অভিনব সব পন্থার আশ্রয় নেওয়া হয়। ট্রাকের পাটাতনের নিচে, তুষের বস্তা, ফলের ঝুড়ি, সবজির বস্তা প্রভৃতির মধ্যে করে মাদক পাচার হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক সরকারি কর্মকর্তা জানান, বর্ষা মৌসুমে নৌকায় এবং শুকনো মৌসুমে ফেরিওয়ালা সেজে ঘাড়ে করে মাদক সীমান্ত এলাকা দিয়ে পাচার হয়ে সিলেটে ঢোকে।একাধিক সূত্র জানায়, ভারত থেকে সীমান্ত হয়ে ফেনসিডিল, অফিসার চয়েজ, বিয়ার, হুইস্কি, বিভিন্ন কাশির ওষুধসহ বেশ কিছু নেশাদ্রব্য সিলেটে আসে। কুমিল্লা থেকে ব্রাক্ষ্মণবাড়িয়া রুট হয়ে কাঁচপুর ব্রিজ দিয়ে সড়ক ও রেলপথে হেরোইন এবং পদ্মার চর, যমুনার চরসহ দেশের চরাঞ্চল থেকে গাঁজা সিলেটে আনা হয়। চট্টগ্রাম থেকে ভৈরব হয়ে ইয়াবা বড়ি সিলেটে ঢোকে। সড়কপথের পাশাপাশি প্রতিদিন যাত্রীবাহী আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনের কামরায় তুলে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আনা হয় সিলেট রেলস্টেশনে। এই স্টেশনকে মাদক ব্যবসায়ীরা নিরাপদ রুট হিসেবেই ব্যবহার করেন। আর এর জন্য সিলেট রেল পুলিশের সঙ্গে তাঁদের নিয়মিত যোগাযোগ রাখতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মাদক ব্যবসায়ী জানান, রেলে আসা মাদকদ্রব্য পাচারের জন্য রেল পুলিশকে নিয়মিত বখরা দিতে হয়।রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল কুমার চাকী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর জানামতে, ট্রেনে করে এখন আর মাদক আনা হয় না। পুলিশ নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। সুনির্দিষ্টভাবে এ ব্যাপারে কেউ জানালে পুলিশ ব্যবস্থা নেবে।নাম গোপন রাখার শর্তে স্টেশন এলাকার একজন ব্যবসায়ী জানান, ট্রেন থেকে মাদকদ্রব্য নামানোর পর ব্যবসায়ীরা মাইক্রোবাস ও কারযোগে সিলেট শহরের বিভিন্ন এলাকায় নিয়ে যায়। এ ছাড়া এখান থেকে জেলার বিভিন্ন উপজেলায়ও মাদক পাঠানো হয়।রেল, সড়ক ও নৌপথে যোগাযোগের সুবিধা থাকায় সিলেট মাদকব্যবসায়ীদের ঘাঁটিতে পরিণত হয়েছে। সীমান্তবর্তী এলাকা ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিলেটে মাদকদ্রব্য আসে এই তিন রুটেই। পরে সেগুলো বিভিন্ন স্থানে পাচার করা হয়।সীমান্তবর্তী জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে অনান্য এলাকার চেয়ে এখানে মাদক চোরাচালানের হারটা একটু বেশি। তবে সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’