যেখানে অনন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট একাডেমি তো কতই আছে। তবে ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি একটা জায়গায় অনন্য। রাজশাহীর ক্রিকেটাররাই তিল তিল করে গড়ে তুলেছেন এটি। সেই একাডেমি দেখে এসে মুগ্ধতার কথা জানাচ্ছেন উৎপল শুভ্র‘ওর ব্রেন....’ বলতে বলতে আনিসুর রহমান সঞ্চয় হাসেন। হাসি পাশে দাঁড়িয়ে থাকা খালেদ মাসুদ পাইলটের মুখেও। গর্ব তো আছেই, সতীর্থের মুখে এমন প্রশংসা শুনে একটু যেন লজ্জাও।খালেদ মাসুদ পাইলটকে নিশ্চয়ই পরিচয় করিয়ে দিতে হবে না। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তাঁর সৌজন্যেই প্রায় এক যুগ বাংলাদেশকে উইকেটকিপার নিয়ে ভাবতে হয়নি। তর্কাতীতভাবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা উইকেটকিপারের ‘ক্রিকেট ব্রেন’-এর উৎকর্ষের সাক্ষী তাঁর সব সতীর্থই। বিশেষ করে বোলাররা। মনে পড়ছে, বাঁহাতি স্পিনার এনামুল হক একবার কী একটা কথায় কথায় বলেছিলেন, ‘উইকেটের পেছনে পাইলট থাকলে বোলারদের কাজটা অনেক সহজ হয়ে যায়।’ এরপর সঞ্চয়ের মতো অধুনা আন্তর্জাতিক আম্পায়ারও ‘ওর ব্রেন....’ বলে বাক্যটা শেষ করার প্রয়োজনীয়তা দেখেননি।লেখার শুরুটা নিয়ে নির্ঘাত আপত্তি করবেন পাইলট। রাজশাহী ক্রিকেট একাডেমির জন্ম-ইতিহাস, ভবিষ্যৎ পরিকল্পনা—এসব নিয়ে কথা বলার সময় বারবারই অনুরোধ করেছেন, ‘যদি কিছু লেখেন, প্লিজ, আমাকে হাইলাইট করবেন না। এটা আমার একাডেমি নয়, আমাদের সবার একাডেমি। অন্যদের কথা বেশি করে লিখবেন।’যোগ্য নেতার উপযুক্ত অনুরোধই। কিন্তু ঘটনা হলো, রাজশাহীর সব ক্রিকেটারের রক্ত-ঘাম মিশে থাকলেও পাইলটই এই ক্রিকেট একাডেমির প্রাণপুরুষ। সঞ্চয় যেমন বললেন, ‘আমরা সবাই কাজ করি সত্যি, তবে পাইলট না থাকলে কিছুই হতো না। ওকে লোকে চেনে, আমরা স্পনসরও পেয়েছি ওর কারণেই।’ স্পনসরের নাম আকিজ গ্রুপ। রাজশাহী ক্রিকেট একাডেমির নামের আগে ‘ক্লেমন’ শব্দটাও যোগ হয়েছে এ কারণে। দেশে ছাতার মতো গজিয়ে ওঠা ক্রিকেট ক্লিনিকগুলো কোচিংয়ের নামে ব্যবসাটাকেই যেখানে মুখ্য উদ্দেশ্য করে তুলেছে, ক্লেমন রাজশাহী ক্রিকেট একাডেমি সেখানে আশ্চর্য এক ব্যতিক্রম। এখানে বিনে পয়সায় কোচিং মেলে, উল্টো কিশোর ক্রিকেটারদের বিনে পয়সায় থাকা-খাওয়ার ব্যবস্থাও। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিভাগীয় স্টেডিয়ামের দুটি রুম বরাদ্দ নিয়ে সেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে কিশোর-তরুণদের। অন্য সব বিভাগীয় শহরের ইনডোরের যেখানে আস্তাবলের চেহারা, রাজশাহীর ঝকঝকে তকতকে ইনডোর মুখর ব্যাট-বলের শব্দে।সম্প্রতি পাইলটের আমন্ত্রণে রাজশাহী ক্রিকেট একাডেমি ঘুরে আসার পর থেকে অভিজ্ঞতাটা বর্ণনা করার জন্য একটা জুতসই শব্দ খুঁজছিলাম। বারবার ঘুরেফিরে একটি শব্দই আসছে মনে—‘মুগ্ধতা!’ সেই মুগ্ধতা ঝাঁ-চকচকে ভবন আর আধুনিকতম ক্রিকেট কোচিংয়ের কারণে নয়। বিশ্বের অনেক আধুনিক ক্রিকেট একাডেমি দেখেছি। সেসবের সঙ্গে এটির তুলনা করতে যাওয়াটাই হাস্যকর। তা হলে কেন ‘সবিনয়ে জানাই আজ, একবার মুগ্ধ হতে চাই’? মুগ্ধতা রাজশাহীর ক্রিকেটারদের একতা দেখে, মুগ্ধতা নিজেদের চাওয়া-পাওয়ার হিসাব ভুলে বৃহত্তর একটা স্বপ্নকে লালন করতে দেখে...পাইলটের উদ্ভাবনী চিন্তার আশ্চর্য প্রকাশ দেখেও।বিভাগীয় স্টেডিয়ামেই নিজেদের উদ্যোগে আধুনিক একটা জিমনেসিয়াম করেছে এই একাডেমি। একটি যন্ত্রপাতিও রেডিমেড কেনা নয়। আকিজ গ্রুপের গোডাউনে পড়ে থাকা লোহালক্কড়-পাইপ কাজে লাগিয়ে লেদ মেশিনে তৈরি করে নেওয়া হয়েছে সব। এতে ২৫ হাজার টাকার জিনিস হয়তো হয়ে গেছে ১০ হাজার টাকাতেই। সেই জিমনেসিয়াম শুধু ক্রিকেটারদের জন্য নয়, অন্য খেলার খেলোয়াড়দের জন্যও উন্মুক্ত। সেটি ঘুরিয়ে দেখাতে দেখাতে হঠাৎ গান বাজতে শুরু করল। পাইলট জানালেন, স্পিকার-টিকার লাগিয়ে গান বাজানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে পছন্দের গান শুনতে শুনতে ঘাম ঝরাতে পারেন ক্রিকেটাররা।প্র্যাকটিসের জন্য নেট দরকার—সেটিরও বিকল্প ব্যবস্থা। বাজার থেকে নাইলনের দড়ি কিনে জেলেদের দিয়ে বুনিয়ে নেওয়া হয়েছে নেট। উইকেটের কাভার লাগবে—আকিজের পরিত্যক্ত ডিজিটাল ব্যানারগুলো সেলাই করে জোড়া দিয়ে তৈরি হয়ে গেল তা। ঘাস কাটার মেশিনের অনেক দাম। পাইলটের মনে হলো, শ্যালো ইঞ্জিন দিয়ে নিজেরা বানিয়ে নেওয়া যায় না! নিচে চাকাটা ঘোরাতে পারলেই তো হয়। হলোও সেটি।শুরুর গল্পটা তো আরও চমকপ্রদ। দুই বছর আগে জাতীয় লিগে রাজশাহী বিভাগীয় দলের খেলোয়াড়দের প্রাইজমানির একটা অংশ, জরিমানার টাকা—এসব দিয়ে প্রাথমিক তহবিলটা হয়েছিল। সেটি বেড়েছে বিচিত্র উপায়ে। যেমন জাতীয় লিগে তিনটি ট্রাউজারের বদলে একটি নিয়ে বাকি দুটির টাকা একাডেমির ফান্ডে জমা দেওয়া। এভাবেই তিল তিল করে গড়ে উঠেছে যে একাডেমি, একদিক থেকে তা ক্রিকেট-বিশ্বেই অনন্য। ক্রিকেটাররাই এখানে উদ্যোক্তা, ক্রিকেটাররাই সংগঠক...কী নয়? মাত্র ইংল্যান্ডে টেস্ট খেলে আসা জুনায়েদ সিদ্দিক ও জহুরুল ইসলাম তাই নির্দ্বিধায় নেমে যান উইকেট রোল করতে। বৃষ্টি নামতে দেখে কাভার নিয়ে দৌড়ান পাইলট-সঞ্চয়রা। বিভাগীয় স্টেডিয়ামের চারপাশে এক হাত লম্বা ঘাসের জঙ্গল। একটা জায়গার শুধু মাঠের চেহারা, যেখানে ফুটবল নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে কিছু কিশোর। খোঁজ নিয়ে জানা গেল, ঘাস তুলে জায়গাটাকে খেলার উপযোগী করে নিয়েছেন নিজেরাই। যে কাজগুলো বিভাগীয় ক্রীড়া সংস্থার করার কথা, এমন অনেক কিছুই করছেন রাজশাহীর ক্রিকেটাররা। বিভাগীয় দলে খেলেছেন, এমন খেলোয়াড়দের ছবি টানানো হয়েছে বিভাগীয় স্টেডিয়ামের দেয়ালে। গোচারণভূমিতে পরিণত হওয়া পাশের মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠটি পাঁচ বছরের জন্য লিজ নিয়ে সেটিকে খেলার উপযোগী করে তোলা হয়েছে। তৈরি করা হয়েছে দুটি উইকেট। মাত্র ৯০ হাজার টাকায় দুটি উইকেট, মানের দিক থেকে এর চেয়ে অনেক বেশি টাকা খরচে তৈরি উইকেটকেই যা চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত।আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও এখনো ঘরোয়া ক্রিকেটে খেলছেন পাইলট। খেলতে চান আরও কিছুদিন। রাজশাহী বিভাগীয় দল যে একটা পরিবারের মতো, সেটির মায়ার বাঁধন কাটানো বড় কঠিন। জাতীয় লিগে রাজশাহীর সাফল্যের রহস্যও এটাই। খুলনা-সিলেটের মতো অনেক দলে রাজশাহীর চেয়ে অনেক বেশি তারকা। কিন্তু রাজশাহী এগিয়ে ওই একাত্মবোধের কারণে। অন্য কোনো বিভাগীয় শহরে যেখানে ক্রিকেট দলের কোনো স্মারকই নেই, রাজশাহী শহরে চোখে পড়ল বেশ কটি বিলবোর্ড। যাতে শিরোপা জয়ের উল্লাসরত রাজশাহী দলের ছবির পাশে প্রতিজ্ঞায় শাণিত স্লোগান—‘আমরা পদ্মাপারের উত্তাল ঢেউ, হারতে শিখিনি।’রাজশাহী শহরের সীমানা ছাড়িয়ে পুরো বিভাগের ক্রিকেট নিয়েই কাজ করছে এই একাডেমি। আমরা যেদিন তা দেখতে গেলাম, তখন যেমন চলছিল বিভাগীয় অনূর্ধ্ব-১৫ ক্রিকেটারদের ক্যাম্প। একাডেমি নিয়ে আরও বড় স্বপ্ন আছে পাইলটের। সেসব পূরণ করতে প্রয়োজন আকিজ গ্রুপের মতো আরও কিছু সহযোগিতার হাত। পাইলটের স্বপ্নটা শুধুই রাজশাহীকেন্দ্রিক নয়। তিনি চান, রাজশাহীর ক্রিকেটারদের এই উদ্যোগ জাগিয়ে তুলুক অন্য বিভাগের ক্রিকেটারদেরও। বিভাগীয় ক্রীড়া সংস্থার উপস্থিতি যখন শুধু জাতীয় লিগের সময়ই চোখে পড়ে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আঞ্চলিক ক্রিকেট সংস্থা গঠনের ঘোষণা হয়ে থাকে শুধুই কথার কথা, এ দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তো ক্রিকেটারদেরই এগিয়ে আসতে হবে।পাইলট ও তাঁঁর সহযোদ্ধারা সেই পথই দেখিয়েছেন বলে একটা অভিনন্দন তাঁদের প্রাপ্যই।