যেখানে আড্ডা দেন প্রবীণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামে গড়ে তোলা হয়েছে ‘বৃদ্ধ অবকাশ কেন্দ্র’। জীবনসায়াহ্নে উপনীত কিছু মানুষ সেখানে এসে পত্রপত্রিকা পড়েন, মিলিত হন রাজনীতি-সমাজনীতির অনির্ধারিত আলোচনা চক্রে। কিংবা খোশগল্পে মেতে উঠে কর্মহীন দিনের কিছুটা সময় কাটিয়ে যান।নিয়মিত যাঁরা আসেন, তাঁদের কেউ দু-এক দিন কেন্দ্রে না এলে তাঁর বাড়িতে গিয়ে খোঁজখবরও নিচ্ছেন অন্যরা। অবকাশকেন্দ্র স্থাপনের অন্যতম উদ্যোক্তা স্থানীয় পল্লি চিকিৎসক ইমরান হোসেন প্রথম আলোকে বলেন, বার্ধক্যের কারণে গ্রামের অনেক প্রবীণ তেমন কোথায় যেতে পারেন না। সারা দিন বাড়িতে শুয়ে-বসে কাটান। একঘেয়েমি জীবনযাপনে বীতশ্রদ্ধ তাঁরা। পরিবারের সদস্যরা যার যার কাজে ব্যস্ত। বৃদ্ধদের সঙ্গে কথাবার্তার সময় তাদের নেই। এ উপলব্ধি থেকে বৃদ্ধদের জন্য একটি অবকাশকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়, যাতে প্রবীণ মানুষেরা এখানে এসে অন্তত কিছুটা সময় স্বাচ্ছন্দ্যে কাটিয়ে যেতে পারেন। বৃদ্ধ অবকাশ কেন্দ্র পরিচালনা কমিটির সহসাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, ‘বৃদ্ধদের সংসারে যেমন কথাবার্তা বলার সঙ্গী নেই, তেমনি এখানকার বাজারে চায়ের দোকানগুলোতেও বিক্রেতারা তাঁদের বসতে দিতে আগ্রহী নয়। প্রবীণেরা চায়ের দোকানে বসলে তরুণেরা দোকানে আসতে সংকোচ বোধ করে। দোকানের বিক্রি কমে যায়। এসব কারণেই প্রবীণ মানুষেরা যেন একটি জায়গায় এসে বসতে পারেন, সে জন্য এই কেন্দ্রটি করা হয়েছে।’ অবকাশ কেন্দ্রে এক দিনটিনের ছাউনি, বাঁশের চাঁচ দিয়ে তৈরি করা ঘর। সামনে সাইনবোর্ডে ‘বৃদ্ধ অবকাশ কেন্দ্র’। সামনে কয়েক সারি বেঞ্চ পাতা। জনা কুড়ি ষাটোর্ধ্ব বৃদ্ধ বসে খবরের কাগজ পড়ছেন। ঘরেও আছেন জনা দশেক। খোশগল্পে মশগুল। তাঁরা জানান, তালবাড়িয়া ছাড়াও পার্শ্ববর্তী শালিয়াট, মালিয়াট, জলকর, জয়রামপুর ও কুতুবপুর গ্রাম থেকেও অর্ধশতাধিক বৃদ্ধ এ কেন্দ্রে আড্ডা দিতে আসেন।লাঠিতে ভর দিয়ে কেন্দ্রে আসেন অশীতিপর দেলোয়ার হোসেন। তিনি জেলা প্রশাসনের গোপন শাখায় চাকরি করতেন। অবসর জীবন বাড়িতে কাটছিল একঘেয়েমিতে। বলেন, ‘বাড়িতে মন টেকে না। অবকাশকেন্দ্রে এলেই যা একটু ভালো লাগে।’ কেন্দ্রের খরচ কেন্দ্রের খরচ চলে এর ২৫ সদস্যের কমিটির মাসিক চাঁদা ও স্থানীয় কিছু সুহূদের দানে। সব মিলিয়ে মাসে হাজার দেড়েকের মতো টাকা ওঠে। প্রতিদিন এ কেন্দ্রে স্থানীয় ও জাতীয় মিলিয়ে পাঁচটি দৈনিক পত্রিকা রাখা হয়। এ ছাড়া মাসিক ঘরভাড়া ও বিদ্যুৎ বিলের খরচ মেটানো হয় ওই টাকায়। কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে গত বছর পয়লা বৈশাখে। অবকাশকেন্দ্রের সভাপতি শহর আলী প্রথম আলোকে বলেন, ‘আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। কোনো রাজনৈতিক দল বা এনজিওর কাছ থেকে সাহায্যও নেওয়া হয় না। এটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। নিজেদের পকেটের টাকা দিয়ে কেন্দ্র চালানো হয়। প্রবীণদের জন্য কিছু করার তাগিদ থেকেই এই কেন্দ্রটি করা। পাশাপাশি আমরা যুবসমাজের মধ্যে প্রবীণদের প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শনের বিষয়ে প্রচারাভিযানও চালাচ্ছি।’ এবার পয়লা বৈশাখে বেশ আনন্দ উৎসব করেই বৃদ্ধ অবকাশ কেন্দ্রের প্রথম বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আশপাশের গ্রামের মাথা-মুরব্বিরাও এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেদিন অসচ্ছল ও দরিদ্রদের মধ্য থেকে ২৮ জন বৃদ্ধের মাঝে লুঙ্গি ও ফতুয়া বিতরণ করা হয়।