যেখানে কিউবা-আমেরিকা ভাই-ভাই
কিউবার উত্তর উপকূলের শান্তসমাহিত দ্বীপ কায়ো ক্রুজ। পর্যটকদের জন্য এক আদর্শ স্থান। কিন্তু গত কয়েক দশকে এ দ্বীপটিই আন্তর্জাতিক মাদক পাচারকারীদের স্বর্গে পরিণত হয়েছে। যদিও মাদকের বিরুদ্ধে কিউবার লড়াইয়ের ইতিহাস অনেক পুরোনো, তবুও রাষ্ট্রীয় সীমান্তরক্ষী বাহিনীর অদক্ষতার সুবাদে একসময় মাদকের রুট হয়ে উঠেছিল দ্বীপটি। যুক্তরাষ্ট্রও অনেক দিন ধরে এ পথটি বন্ধ করে মাদক পাচারকারীদের ঠেকানোর চেষ্টা করছিল। মাদকবিরোধী লড়াইয়ে পুঁজিবাদী যুক্তরাষ্ট্র এবং কমিউনিস্ট কিউবা কাঁধে কাঁধ মিলিয়েছে সময়ের প্রয়োজনে। বিবিসি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে শনিবার এ কথা বলা হয়।কিউবার অবস্থান হলো বিশ্বের সবচেয়ে বেশি মাদক উত্পাদনকারী অঞ্চল লাতিন আমেরিকা এবং মাদকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রের মাঝখানে। তাই একসময় কায়ো ক্রুজ দ্বীপটি হয়ে উঠেছিল মাদক পাচারের সবচেয়ে সুবিধাজনক পথ। যদিও গত কয়েক বছরে এই পথে মাদক ব্যবসার বিরুদ্ধে জোর লড়াই শুরু করে অত্যন্ত সাফল্য দেখিয়েছে কিউবা। কায়ো ক্রুজের প্রধান সীমান্তরক্ষী সেসনারো পেনা নব্বইয়ের দশকের স্মৃতি হাতড়ে বলেন, ‘তখন আমরা অনেক সন্দেহজনক নৌকার আনাগোনা দেখতাম। প্রতিদিনই কেউ না কেউ সাগরে মাদকদ্রব্য ফেলে যেত।’সে সময় মাদক ব্যবসায়ীরা ছোট ছোট বিমানে করে মাদকের প্যাকেট কিউবার জলসীমায় ফেলে পালিয়ে যেত। আর কিছু স্পিডবোট সেগুলো তুলে দ্রুত ঢুকে যেত যুক্তরাষ্ট্রের সীমানায়।আজ পরিস্থিতি বদলে গেছে। পাচারকারীদের আনাগোনা নেই বললেই চলে। সীমানায় গেলে দেখা মেলে, কিউবার তরুণ সেনারা জলপাই রঙের টহল-চৌকি থেকে সীমানার দিকে তীক্ষ দৃষ্টি রাখছেন। চৌকির নিচে বড় বড় হরফে লেখা আছে ‘কেউ পালাতে পারবে না’ বা ‘জয় ফিদেল’—এ ধরনের কিছু বক্তব্য।‘মারাত্মক বিষ’১৯৯৯ সালে কিউবার জলসীমায় এ ধরনের চোরাচালানের খবর পেয়েই চিন্তায় পড়ে যান তত্কালীন প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো। কিউবার উপকূলে ভেসে আসা মাদকের কারণে উপকূলের কাছে গড়ে ওঠা ছোটখাটো বাজারও ভীষণ উদ্বিগ্ন করে তুলেছিল দেশটির সরকারকে। অবশেষে ফিদেল অভিহিত ‘মারাত্মক বিষের’ বিরুদ্ধে অভিযান শুরু করে কিউবা সরকার।লেফটেন্যান্ট কর্নেল সিসনারো বলেন, ‘এখন আমাদের অনেক যন্ত্রপাতি আছে। সীমান্ত পাহারা দেওয়ার জন্য একটি হেলিকপ্টার আছে। প্রতিরোধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক বাহিনী এবং কিউবার জনগণের মিলিত প্রত্যয়ও আছে।’সরকার যে অভিযানটি শুরু করেছিল, তা ‘অপারেশন আচে’ নামে পরিচিত। এর আগে একটি নতুন রাডার বসানো হয় এবং নতুন কিছু লোক নিয়োগ করা হয়। এরা সীমান্তে নজর রাখার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ পায়।ধীরে ধীরে মাদকবাহী বিমানের সংখ্যা কমতে থাকে। তবে স্পিডবোটে করে মারিজুয়ানার পাচার চলে।অপারেশন আচের প্রধান লেফটেন্যান্ট কর্নেল মাখো লানেজ ফার্নান্দেজ বলেন, ‘বিমানগুলো আমাদের ফাঁকি দিতে চেষ্টা করত। ব্যর্থ হলে সাগরের পানিতে মাদকের প্যাকেট ফেলে পালিয়ে যেত। কারণ, তারা জানত, এ দেশে মাদক পাচারকারীদের শাস্তি খুবই ভয়ানক।’ তিনি স্বীকার করেন, প্রথম দিকে প্রায় ৬০ শতাংশই পালিয়ে যেতে পারত। তখন আটক করা মাদকদ্রব্যের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল প্রধান কাজ। কিন্তু, নৌকাগুলো যদি মাদক নিয়ে ভেগেই যেত, তবে কিউবা কর্তৃপক্ষ তত্ক্ষণাত্ সেগুলোর খবর যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডদের কাছে পাঠিয়ে দিত। তিনি বলেন, দুটি আদর্শিক শত্রুর মধ্যে ওটা ছিল খুব সুন্দর বোঝাপড়া।লানেজ বলেন, ‘আমি মনে করি এটা কিউবার জন্য খুব জরুরি ছিল, কারণ আমরা আমাদের সীমানা দিয়ে চোরাচালান বন্ধ করেছি। কিন্তু, যুক্তরাষ্ট্র বা আরও অনেক দেশের জন্যও তা ছিল অনেক গুরুত্বপূর্ণ।’সে সময় কিউবায় এক প্যাকেট মারিজুয়ানার দাম ছিল একজন শ্রমিকের সাপ্তাহিক বেতনের সমান অর্থাত্ প্রায় পাঁচ ডলার। তবুও এ সময় অনেক চোরাচালানকারী বিশেষ সুযোগ পাওয়ার আশায় ছিল।পুলিশের তদন্তকারী দলের কর্মকর্তা হোয়ানদ্রিস গঞ্জালেস গার্সিয়া বলেন, ‘সে সময় অনেক কিউবান বংশোদ্ভূত মার্কিন নাগরিক কিউবায় মাদক ব্যবসা শুরু করেছিল। এরা প্রধানত মারিজুয়ানা বেচত, কারণ ওটার দাম ছিল বেশি। এসব চোরাকারবারিদের সংখ্যা খুব বেশি ছিল না, কিন্তু আমরা খুব দ্রুত সতর্ক হয়েছিলাম আর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিলাম।’কর্মতত্পরতাদ্বীপটির বিমানবন্দরে এ বছরের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে মাদক পাচারের ২৪টি চেষ্টা বিফল করে দিয়েছে কর্তৃপক্ষ। ফলে কিউবাকেও নজরদারি বাড়াতে হয়েছে। আটক করা এসব মাদকের অধিকাংশই কিউবার বিভিন্ন স্থানে পৌঁছানোর কথা ছিল।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কিউবান বংশোদ্ভূত আমেরিকান নাগরিকদের কিউবা ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর পাচারকারীর সংখ্যা বেড়ে যায়। ফলে দেশটির বিমানবন্দরে পুলিশি তল্লাশি বাড়ানো হয়। আবার, কিউবায় অবাধে বিদেশি অর্থ পাঠানোর অনুমোদন দেওয়ার পর দেশটিতে কিছু নাগরিকের ক্রয়ক্ষমতাও বেড়েছে। তাই মাদক ব্যবসার সুযোগও জুটছে। এ ক্ষেত্রে মার্কিন নাগরিকেরাই এগিয়ে। তবে, দেশটিতে মাদক পাচারের জন্য কেবল যুক্তরাষ্ট্রই দায়ী নয়।বরিস অ্যাডোলফো নামের এক ব্যক্তিকে হাভানা বিমানবন্দরে মাদক পাচারের দায়ে আটক করা হয়। এদের দলটি ইকুয়েডর থেকে খচ্চরের পেটে করে কোকেন পাচার করত। হাভানার কনডেসা জেলে ২৩ বছর সাজা পাওয়া বুস্তো বলেন, তাঁদের দলে এক কিউবানও ছিল। ও বলত, ‘এখানে সবকিছু বিক্রি করা যায় এবং তা খুব সহজেই।’বুস্তো বলেন, ‘আমি মনে করি, এখানকার কর্তৃপক্ষ বেশ দক্ষ।’ কারণ, জেলে যাওয়ার পর সে তার মতো আরো অনেক বড় পাচারকারীকে শাস্তি পেতে দেখেছে।মাদকপাচার বন্ধে যুক্তরাষ্ট্রকে এক চুক্তিতে আবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিল কিউবা। দেশটি অনেক ইউরোপীয় দেশের সঙ্গে এ ব্যাপারে গোয়েন্দা তথ্য বিনিময়ে করছে। এর বদলে কিউবানরা প্রশিক্ষণও পাচ্ছে। কিন্তু, যুক্তরাষ্ট্র এখনো এগিয়ে আসেনি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশের তদন্তকারী দলের প্রধান গঞ্জালেস বলেন, ‘জলপথে তাদের সঙ্গে আমাদের কার্যকর যোগাযোগ হচ্ছে, তবে আকাশপথে কাজ করার জন্য আমরা তেমন কোনো সহযোগিতা পাচ্ছি না।’প্রায় পঞ্চাশ দশক আগে যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মাদকবিরোধী যুদ্ধে কিউবার অবদানের কথা স্বীকার করছেন। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ডের কর্মকর্তা লুইস ওরসিনি বলেন, ‘কিউবার সরকারের মাদকবিরোধী পদক্ষেপ না থাকলে কিউবা পাচারকারীদের স্বর্গে পরিণত হতো। কিন্তু, কিউবার পদক্ষেপগুলো খুবই কাজের। কিউবা সহায়তা না করলে যুক্তরাষ্ট্রের জন্য সেটা সত্যিই এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত।’যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর তারা নয় টন মাদক আটক করেছে এবং পরে সেগুলো ধ্বংস করেছে। তবে এসব মাদকের গন্তব্যস্থল ছিল যুক্তরাষ্ট্রের বাজার।