যেখানে চিকিৎসকের পিছু ছোটে রোগীরা
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসকের চরম সংকট দেখা দিয়েছে। এখন পীরগঞ্জ উপজেলা ও পৌর এলাকার প্রায় আড়াই লাখ মানুষের চিকিৎসা দেওয়ার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে একজন মাত্র চিকিৎসক দিয়ে। রোগীর ভিড় সামাল দিতে গিয়ে হাসপাতালের সেবিকা ও চিকিৎসা সহকারীকে বহির্বিভাগের রোগীদের চিকিৎসার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। তাতেও নিস্তার নেই, রোগীরা পিছু পিছু ছুটছে একমাত্র চিকিৎসকের।১১ এপ্রিল ১২টায় দেখা গেছে, বিভিন্ন এলাকা থেকে আসা রোগীরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে না পেয়ে যত্রতত্র ছুটছে। একমাত্র চিকিৎসক বহির্বিভাগে বসলে শত শত রোগী আসে। আবার ওয়ার্ডে (অন্তর্বিভাগ) পরিদর্শনে গেলেও শত শত রোগী চিকিৎসা নেওয়ার জন্য ওই চিকিৎসকের কাছে ভিড় করছে।৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্বিভাগে (ইনডোর) ভর্তি আছে ৫০ জন রোগী। শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় অন্তর্বিভাগের মেঝেতেও রোগী। পা ফেলার জায়গা নেই কোথাও। স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র চিকিৎসক ও ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা এম কামরুজ্জামান এবনে তাজ সকাল নয়টা থেকে বহির্বিভাগে চিকিৎসা দিয়ে সাড়ে ১১টায় শুরু করেছেন অন্তর্বিভাগে পরিদর্শন। তখন প্রায় দুপুর ১২টা। এ সময় শতাধিক পুরুষ-মহিলা ও শিশু রোগী দোতলার বারান্দায় উঠে অন্তর্বিভাগের প্রবেশমুখে তীর্থের কাকের মতো অপেক্ষা করছে।অন্তর্বিভাগের প্রবেশমুখে অপেক্ষমাণদের মধ্যে দুপুর ১২টায় কথা হয় ১৩ কিলোমিটার দূরবর্তী শ্বাশোর গ্রাম থেকে আসা মল্লিকা বেওয়ার (৫৫) সঙ্গে। তিনি বলেন, ‘মোর নাতিক লেহেনে সকাল আটটা থাকে বসে আছু, কেদুর যাইলে দাক্তার মিলিবে মোক দেখায় দেও।’সেনুয়া গ্রামের সখিনা বেগম বলেন, ‘মোর হাডের অসুখ লেহেনে সকাল আটটা থাকে দাক্তারের তাহেনে এইত্তি-ওত্তি (এখানে-ওখানে) ঘুরে বেড়াছু। সবায় কহচে দাক্তার নাই।’জানা গেছে, ৩১ শয্যার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দুটি উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য চিকিৎসকের পদ বরাদ্দ রয়েছে ১১টি। এর মধ্যে কর্মরত ছিলেন চারজন চিকিৎসা কর্মকর্তা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজল কুমার কুণ্ডু সহকারী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন এবং চিকিৎসা কর্মকর্তা পরিমল চন্দ্র রায় বদলির আদেশ পান। এই দুজন চিকিৎসকই ৭ এপ্রিল পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করেন এবং নতুন কর্মস্থলে যোগ দেন। ৮ এপ্রিল থেকে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেন এখানে কর্মরত চিকিৎসা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।কিন্তু ভারপ্রাপ্ত এই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৭ এপ্রিল দিবাগত গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং রাতেই তাঁকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। এ অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে দেখা দিয়েছে চিকিৎসকের সংকট। স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট আনোয়ার হোসেন জানান, প্রতিদিন গড়ে ৩৫০ থেকে ৪০০ পুরুষ, মহিলা ও শিশু রোগী এখানে চিকিৎসা নিতে আসে। চিকিৎসক না থাকায় রোগীদের চূড়ান্ত চেকআপ করা সম্ভব হচ্ছে না।জেলা সিভিল সার্জন লোকমান আলী বলেন, ‘পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের সংকটের ব্যাপারে আমি ভারপ্রাপ্ত ডিজির সঙ্গে কথা বলেছি।’