যেখানে টর্চলাইটই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর আধুনিক জেনারেল হাসপাতালের বাইরেটা যতটুকু সুন্দর, ভেতরটা ততটুকুই অসুন্দর ও নোংরা। ১০০ শয্যার এ হাসপাতালটি আক্ষরিক শব্দে আধুনিক হলেও কার্যত পুরোটাই উল্টো। জেলার প্রায় সাত লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৮৪ সালে হাসপাতালটি তৈরি হলেও এখানে আজও শুধু নেই আর নেই।জানা গেছে, বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রয়োজনীয় চিকিৎসক ও সুইপার-সংকট সবচেয়ে বড় সমস্যা। ৩৯ জন চিকিৎসকের স্থলে আছেন মাত্র ১১ জন। এর মধ্যে দুজন চিকিৎসক প্রায়ই ছুটি কিংবা প্রশিক্ষণে থাকেন। ফলে মাত্র নয়জন চিকিৎসককে দায়িত্ব পালন করতে হয়। চিকিৎসক বিপ্লব বলেন, ‘চিকিৎসকস্বল্পতার কারণে এখানে সকাল আটটা থেকে পরদিন সকাল আটটা পর্যন্ত ডিউটি করতে হয়। ফলে, আমাদের পক্ষে রোগীকে সঠিক স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আবার চিকিৎসকস্বল্পতার কারণে রোগীকেও দীর্ঘক্ষণ অপেক্ষা করে বিরক্ত হতে হয়।’হাসপাতালের একাধিক কর্মচারী ও রোগী জানায়, সুইপার না থাকায় নোংরা, দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে মুখে কাপড় দিয়ে নাক ও মুখ চেপে হাসপাতালে ঢুকতে হয়।বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে মলমূত্রের নোংরা পানি গড়িয়ে গিয়ে ওয়ার্ডে পড়ছে। কেবিন ও ওয়ার্ডে পানির সংযোগ থাকলেও পানি পাওয়া যায় না। বেসিন ও টয়লেটগুলো বিকল হয়ে গেছে। অধিকাংশ বৈদ্যুতিক বাতি ও ফ্যান নষ্ট।হাসপাতালের তিনটি অস্ত্রোপচার কক্ষ পড়ে আছে। তবে ডাক্তারদের কক্ষে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের আড্ডা নজরে পড়ার মতো।গত ৯ আগস্ট মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর গ্রামের আশরাফ আলীকে (৪২) দালালেরা হাসপাতাল থেকে কৌশলে ক্লিনিকে নিয়ে যায়। ফলে এ হাসপাতালে রোগী দেখা না গেলেও ক্লিনিকগুলোয় উপচেপড়া ভিড়। অভিযোগ আছে, সরকারি হাসপাতালের ডাক্তাররা কমিশনের ভিত্তিতে এসব ক্লিনিকে রোগী পাঠিয়ে থাকেন।এ ব্যাপারে হাসপাতালের অ্যানেসথেসিস্ট তাপস কুমার জানান, জেলায় ৫২টি ক্লিনিক আছে। অথচ তিন থেকে চারটি ক্লিনিক ছাড়া সবই অবৈধভাবে চলছে।আবাসিক চিকিৎসক মিজানুর রহমান জানান, হাসপাতালের স্বল্পসংখ্যক চিকিৎসক সারা দিন বিরামহীন রোগী দেখে শেষ করতে পারেন না। প্রাইভেট প্র্যাকটিস করবেন কখন? হাসপাতালে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নেই। ২২ জন সুইপারের স্থলে আছে মাত্র চারজন। এ কারণে বিশাল এই হাসপাতাল সঠিকভাবে পরিছন্ন রাখা কোনোভাবেই সম্ভব হয় না। মহিলা ওয়ার্ডের ১৯ নম্বর বেডের রোগী সদর উপজেলার শোলমারী গ্রামের হাজেরা খাতুনের মতো অধিকাংশ রোগীর কাছেই আছে ছোটবড় টর্চলাইট। পুরুষ ও শিশু ওয়ার্ডেও দেখা গেল একই চিত্র। টর্চলাইট রাখার কারণ জানতে চাইলে সদর উপজেলার উজলপুর গ্রামের রোগী আখলাক উদ্দিন (৫৬) বলেন, রাতে পায়খানা বা পেশাব করতে বাথরুমে যেতে হয়। এমনিতেই নোংরা ও দুর্গন্ধময়, তার ওপর হাসপাতালে বৈদ্যুতিক সব বাতি নষ্ট। তাই রাতে বাথরুমে যেতে সঙ্গে টর্চলাইট রাখতে হয়। নতুন রোগীরা এসে পরিস্থিতি বুঝে এক দিন পরই টর্চলাইট কিনতে বাধ্য হয়।এ ব্যাপারে সিভিল সার্জন আবদুস শহীদ জানান, বাতি লাগানোর জন্য গণপূর্ত বিভাগকে পত্র দেওয়া হয়েছে। মেরামতের কাজ চলছে। এখানে চিকিৎসক ও সুইপার-সমস্যা প্রকট আকার ধারণ করেছে। চিকিৎসকেরা সবাই ঢাকামুখী হওয়ায় কেউ মফস্বলে আসতে চান না। তাই এই অবস্থা।