যেখানে তৈরি হয় বেকহাম-মেসি
স্কুলে ছেলেটাকে জিজ্ঞেস করা হতো, তুমি কী হতে চাও? লাজুক স্বরে ছেলেটা বলত, ‘ফুটবলার।’ শিক্ষকেরা বলতেন, ‘ফুটবল খেলতে চাও বেশ তো। কিন্তু কী কাজ করতে চাও? অনেকে যেমন ডাক্তার-ইঞ্জিনিয়ার হয় না? তেমনি।’ ছেলেটা এবার বেশ প্রত্যয় নিয়ে বলত, ‘আমি ফুটবলারই হতে চাই।’ছেলেবেলায় স্কুলের খাতায় ‘এইম ইন লাইফ’ কে না লেখে। কিন্তু নিজের লেখা সেই রচনার সঙ্গে কজনের জীবনের গতিপথ মিলে যায়? কেউ হয়তো লিখেছে, আমি পাইলট হব, ঘুরে বেড়াব দেশ-দেশান্তর। দেখা গেল, সেই ছেলে বড় হয়ে বেছে নিল নয়টা-পাঁচটার কেরানিজীবন!কিন্তু আমাদের গল্পের সেই ছেলেটার জীবনের গতিপথ ঠিকই ছিল। ইংলিশ কিংবদন্তি ববি চার্লটন ছোটদের জন্য বেশ কিছু স্কুল দিয়েছিলেন ম্যানচেস্টারে। সেখানেই প্রতিভা অন্বেষণের এক প্রতিযোগিতায় নিজের ফুটবল ঝলক দেখিয়ে ছেলেটা সুযোগ পেয়ে গেল বার্সেলোনায় একটি ট্রেনিংয়ে অংশ নেওয়ার। ছেলেটার নাম কী? বার্সেলোনা শুনেই আবার ভেবে বসবেন না লিওনেল মেসি। ছেলেটার নাম ডেভিড বেকহাম!মেসির নিজের গল্প তো আরও চমকপ্রদ। ঠিক যেন রূপকথা। বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর তখন ছিলেন কার্লেস রেক্সাস। তাঁরই এক আত্মীয়ের কাছে আর্জেন্টিনার ১১-১২ বছর বয়সী এক বিস্ময়বালকের কথা শুনেছিলেন। এতবার গল্প শুনেছেন, রেক্সাস একদিন আর্জেন্টিনায় চলে এলেন ছেলেটার খেলা দেখতে। তাঁরও তেমন প্রস্তুতি ছিল না, ছেলেটার মা-বাবারও না। পাশের মাঠে ছেলেটার খেলা দেখলেন রেক্সাস এবং রীতিমতো থ বনে গেলেন। হাতের কাছে কোনো চুক্তিপত্র ছিল না। দলিলটলিল কিছুই আনেননি। কিন্তু পাছে এই হিরেটাকে কেউ ছিনিয়ে নেয়, সেই ভয় ছিলই। রেক্সাস কিছুতেই সেই ঝুঁকি নেবেন না। পকেটে টিস্যু পেপার ছিল। সেই টিস্যু পেপারেই হয়ে গেল চুক্তি!রেক্সাস যে প্রতিভা চিনতে ভুল করেননি, সেটি মেসি প্রমাণ দিয়ে চলেছেন প্রতিনিয়ত। কিন্তু এও তো সত্যি, ঠিক সময়ে বেকহাম-মেসিরা যদি নজরে না পড়তেন, হয়তো কেউই উঠে আসতে পারতেন না আজকের অবস্থানে। বীজ যত ভালোই হোক, মাটি লাগে, পানি লাগে। সার লাগে। সবচেয়ে বেশি লাগে যত্ন। নয়তো আগাছা-পরছাগার আড়ালে চলে যায়।বিশ্বের খুদে ফুটবল প্রতিভাগুলোকে তুলে এনে এভাবেই পরম মমতায় যত্ন করে ক্লাবগুলো। একসময় আয়াক্সের যুব একাডেমি ছিল খুবই বিখ্যাত। এখন যেমন বিখ্যাত বার্সেলোনার লা ম্যাসিয়া বা খামারবাড়ি। বেশ সুনাম আছে ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমির। সত্যি বলতে কি, চেলসি-ম্যান সিটির মতো দলগুলো যখন দেদার টাকা ঢেলে ‘রেডিমেড’ তারকা ফুটবলারদের দলে ভিড়িয়ে সাফল্য কুড়াচ্ছে, সেই সময় এখনো বার্সা-ইউনাইটেডের মতো ক্লাবগুলো বেশি টাকা বিনিয়োগ করছে কিশোর প্রতিভাদের পেছনে। এই বিনিয়োগ অবশ্যই ঝুঁকিপূর্ণ। ভেবে দেখুন, মেসির হরমোনের ঘাটতিজনিত চিকিৎসার জন্য বার্সাকে প্রতি মাসে খরচ করতে হয়েছে ৯০০ ডলার। সেই চিকিৎসা ছিল দীর্ঘমেয়াদি। মেসি যে ‘মেসি’ হয়ে উঠবেন, সেই নিশ্চয়তা তখন কি ছিল?বার্সার বিখ্যাত খামারবাড়ির আজকের এই সুখ্যাতির আসল কারিগর ইয়োহান ক্রুইফ। অভিধানে নয়, স্বপ্নদ্রষ্টার সত্যিকারের মানে জানতে হলে ক্রুইফের সঙ্গে যোগাযোগ করুন। আজ থেকে তিন দশক আগে ডাচ কিংবদন্তি যে স্বপ্নের গাছটি বুনেছিলেন, সেটিই এখন ফুলে-ফলে ভরপুর। মেসি, জাভি, পুয়োল, ইনিয়েস্তা, সেস ফ্যাব্রিগাস, জেরার্ড পিকেদের মতো আজকের তারকা ফুটবলারদের যে বানিয়েছে এই খামার। যে খামার থেকে উঠে এসেছেন সাম্প্রতিক সময়ের বিশ্বের সবচেয়ে সফলতম কোচ পেপ গার্দিওলা। ক্রুইফ নিজে আয়াক্সের যুব প্রকল্পের আবিষ্কার। যে যুব প্রকল্প জন্ম দিয়েছে মার্কো ফন বাস্তেন, রুদ খুলিত, ফ্রাঙ্ক রাইকার্ড, ইয়োহান নিসকেন্স, এডগার ডাভিডস, ক্লারেন্স সিডর্ফ, প্যাট্রিক ক্লাইভার্ট, ডেনিস বার্গক্যাম্পের মতো ফুটবলার। ওয়েসলি স্নাইডার, রাফায়েল ফন ডার ভার্ট, এডউইন ফন ডার সারও এই একাডেমির পরিচর্যায় বেড়ে উঠে পা রেখেছেন বিশ্ব আঙিনায়। আয়াক্স যুব একাডেমির অনুকরণে গড়ে তোলা বার্সেলোনার খামারবাড়ি যেন সাফল্যে, সম্ভাবনায় ছাপিয়ে যাচ্ছে পূর্বসূরিকেও!১৯৭৮ সালে বার্সেলোনার হয়ে ফুটবলার ক্যারিয়ারের ইতি এক রকম টেনে দেন ক্রুইফ। সেই সময়ই আয়াক্সের মতো একটা একাডেমি বার্সেলোনাতেও করার প্রস্তাব দেন তখনকার বার্সা প্রেসিডেন্ট হোসেপ নুনেজের কাছে। প্রস্তাব মনে ধরে নুনেজের। যাত্রা শুরু হয় লা ম্যাসিয়ার। স্বাভাবিকভাবেই যুব প্রকল্পের মূল দর্শন হয়ে যায় ক্রুইফের টোটাল ফুটবল। এর সঙ্গে মেশে স্পেনের চিরায়ত টিকি-টাকা (ওয়ান-টাচ ফুটবল)। প্রচ্ছন্নভাবে মেশে কাতালোনিয়ার স্বাধীন চেতনাবোধও। আজকের বার্সেলোনা খেলছে সেই ফুটবলই। যুব প্রকল্পের প্রথম ‘গ্র্যাজুয়েট’দের একজন যে ছিলেন গার্দিওলা।১৯৯১ সালে মাত্র ১১ বছর বয়সে যুব প্রকল্পে যোগ দিয়েছিলেন জাভি। ১৯৯৮ সালে সিনিয়র দলে অভিষেকের পর সেই জাভিই ভেঙে দিয়েছেন বার্সেলোনার পক্ষে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে খেলার রেকর্ড। ইনিয়েস্তা যোগ দিয়েছিলেন ১৯৯৬ সালে, ১২ বছর বয়সে। যুব প্রকল্পের ছাত্র ছিলেন অধিনায়ক কার্লোস পুয়োল। বার্সেলোনার হয়ে ছয় টুর্নামেন্টের প্রতিটিতেই গোল করার রেকর্ড গড়া পেদ্রো, গোলরক্ষক ভিক্টর ভালদেজ, উঠতি তারকা বোজান কিরকিচও। ২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগজয়ী বার্সেলোনার প্রথম একাদশের সাতজনই ছিলেন লা ম্যাসিয়ার। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন দলের ২৩ জনের নয়জন, এর মধ্যে প্রথম একাদশেই ছিলেন ছয়জন: পিকে, পুয়োল, ইনিয়েস্তা, জাভি, বুসকেটস ও পেদ্রো। দুর্বার গতিতে বিশ্বকে পদানত করে এগিয়ে চলা স্পেন দলটায় তাই বার্সার ছায়া প্রকট।মানুষ সাদা চোখে শুধু সাফল্যটাই দেখে। এর পেছনের শ্রম, আত্মনিয়োগ, জিগীষা, দৃঢ়প্রতিজ্ঞা থেকে যায় অজানা। আজকের জাভি-ইনিয়েস্তা-মেসিদের গড়ে তুলেছেন যাঁরা, তাঁদের কথাই বা কজনে জানে।প্রচারের আলো নয়, বিশ্বের নানা প্রান্ত থেকে একেকটি কাঁচা হিরের টুকরো খুঁজে আনতে শ্রম দিয়ে যান ৪০ জন স্কাউট। প্রতিবছর প্রাথমিকভাবে বাছাই করে আনা এক হাজার খুদে ফুটবলার থেকে মাত্র ২০০ জনকে ভর্তি করে নেওয়া হয় লা ম্যাসিয়ায়। আবাসিক ছাত্রের সংখ্যা ৭০ জনের মতো। তবে যুব একাডেমিতে যোগ দেওয়া মানেই কিন্তু আগামীর জাভি-ইনিয়েস্তা হওয়ার নিশ্চয়তা নয়। এখন পর্যন্ত লা ম্যাসিয়ার মাত্র ১০ থেকে ১৫ শতাংশ ফুটবলার সুযোগ পেয়েছে বার্সেলোনার মূল দলে। বাকি ৩০-৪০ শতাংশ অন্য কোনো ক্লাবের হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছে। মানে কিনা, ৬০ শতাংশই শেষ পর্যন্ত আসলে পেশাদার ফুটবলার হয়ে উঠতে পারে না। গত ৩০ বছরে এই একাডেমি থেকে বের হয়ে আসা পেশাদার ফুটবলারের সংখ্যা তাই ৫০০-এর এদিক-ওদিক। এ বছর পুরোনো খামারবাড়ি ছেড়ে নতুন ভবনে উঠে এসেছে বার্সেলোনার যুব একাডেমি। ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল ১৯৯৮ সালে। এই তথ্য অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। এত দীর্ঘ ঐতিহ্যের একটি ক্লাবের একাডেমির বয়স মাত্র ১৪ বছর! আসলে শেকড়টা এর অনেক পুরোনো। গত শতকের ত্রিশের দশকে ম্যানচেস্টার ইউনাইটেড জুনিয়র অ্যাথলেটিক ক্লাবেরই উত্তরসূরি আজকের ঝা চকচকে আধুনিক এই একাডেমি। ইউনাইটেডের ইতিহাসের সেরা অনেক ফুটবলার উঠে এসেছেন এখান থেকে। এঁদের মধ্যে আছে ক্লাবের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা পাঁচ ফুটবলারই (রায়ান গিগস, ববি চার্লটন, বিল বিল ফুকস, পল স্কোলস ও গ্যারি নেভিল)। বার্সার মতো ইউনাইটেডও বেশি গুরুত্ব দেয় স্থানীয় প্রতিভাদের তুলে আনার ব্যাপারে। একাডেমির সেই উঠতি ইংলিশ ফুটবলারদের বলা হয় ‘ফার্গিস ফ্লেজলিংস’। পরিসংখ্যানের দিক দিয়েও ইউনাইটেডের যুবদল ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল। ইংলিশ ফুটবল হল অব ফেমের নয়-নয়জন খেলোয়াড় উঠে এঁসেছেন তাদের একাডেমি থেকে (ডানকান এডওয়ার্ডস, স্যার ববি চার্লটন, জর্জ বেস্ট, নবি স্টিলেস, মার্ক হিউজ, রায়ান গিগস, পল স্কোলস, ডেভিড বেকহাম ও জনি জাইলস)। এফএ ইয়ুথ কাপের সবচেয়ে সফল দলও তারাই। ১৪ বার ফাইনালে উঠে শিরোপা ঘরে তুলেছে দশবার!ম্যানচেস্টারের উপশহর ক্যারিংটনে ক্লাবের ট্র্যাফোর্ড ট্রেনিং সেন্টারে অবস্থিত এই একাডেমি। ৭০ একর বিশাল জমির ওপর ইউনাইটেডের ফুটবলার তৈরির কারখানা। অনূর্ধ্ব-৯ থেকে অনূর্ধ্ব-১৮ পর্যন্ত বিভিন্ন বয়সভিত্তিক দল আছে তাদের।