যেখানে পৌঁছায়নি ঢাকা ওয়াসার পানির নল
মিরপুরের আলব্দি এলাকায় নেই ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) পানি সরবরাহের ব্যবস্থা। অথচ এই এলাকার পাশেই ইস্টার্ন হাউজিংয়ের আবাসন প্রকল্প এলাকায় ঢাকা ওয়াসার সেবা রয়েছে। এ বিষয়ে আলব্দির বাসিন্দা সেতারা খাতুন বলেন, আলব্দির মানুষ গভীর নলকূপের ওপর নির্ভরশীল। আবার অনেকের নলকূপও নেই। প্রতিবেশীর নলকূপের পানিতে মেটাতে হচ্ছে চাহিদা। পাশের এলাকা দুয়ারীপাড়ায় রয়েছে ওয়াসার মডস জোন-৪-এর একটি পানির পাম্প। সেখান থেকে আলব্দিতে পানি সরবরাহে ওয়াসার কার্পণ্য কেন? ১৯৬৩ সালে একটি অধ্যাদেশের মাধ্যমে ‘পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ’ নামে ঢাকা ওয়াসা তার কার্যক্রম শুরু করে। নগরজুড়ে বিস্তৃত হতে থাকে তাদের পানি সরবরাহসেবা। ১৯৯০ সালে নারায়ণগঞ্জ শহরকে আনা হয় ঢাকা ওয়াসার সেবার আওতায়।অথচ খোদ ঢাকা মহানগরের বেশ কিছু এলাকায় পৌঁছায়নি ঢাকা ওয়াসার পানি সরবরাহ নল। সেসব এলাকার মানুষ নিজেরাই গভীর নলকূপ বসিয়ে নিয়েছে। কোথাও ব্যবহূত হচ্ছে নদী কিংবা পুকুরের পানি। কোনো কোনো এলাকার বাসিন্দারা দূর-দূরান্ত পর্যন্ত নল দিয়ে অবৈধ সংযোগের মাধ্যমে ঢাকা ওয়াসার পানি সংগ্রহ করছেন। এতে ঢাকা ওয়াসা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আবার যে এলাকার লাইন সে এলাকার বাসিন্দারা পানি সংকটে ভুগছে।মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ের বাসিন্দাদের অভিযোগ, আলব্দির বাসিন্দারা ইস্টার্ন হাউজিংয়ের পানির পাইপ থেকে অবৈধ সংযোগ নিচ্ছে। ইস্টার্ন হাউজিংয়ের বাসিন্দা সেকান্দার আলীর অভিযোগ, এতে হাউজিং এলাকায় পানির নল ক্ষতিগ্রস্ত হয়।ঢাকায় পানি সরবরাহের শুরুটা হয়েছিল ব্রিটিশ আমলে। বুড়িগঙ্গাতীরের চাঁদনীঘাটে বসানো হয়েছিল পানি শোধন ও সরবরাহের একটি প্লান্ট। ঢাকার কিছু এলাকায় সীমিত আকারে পানি সরবরাহ করা হতো সে সময়। যেখানে ব্রিটিশ আমলে পানি সরবরাহ শুরু হয় সেই জায়গাটির নামই হয়ে যায় ওয়াটার ওয়ার্কস রোড। অথচ তার কাছেই রয়েছে কামরাঙ্গীরচর এলাকা। এখানে ঢাকা ওয়াসার সেবা এখনো পৌঁছায়নি। এ নিয়ে কামরাঙ্গীরচরবাসীর আক্ষেপের শেষ নেই। কামরাঙ্গীরচরের সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এম এ রশিদ সরকার বলেন, ‘সরকারের কাছে কামরাঙ্গীরচরবাসীর আবেদন, এখানে ওয়াসার সেবা চালু করা হোক। এখানকার বাসিন্দারা গভীর নলকূপ ব্যবহার করেন। আবার অনেকের তা-ও নেই। গভীর নলকূপ বসানোর জন্য যে অর্থ দরকার, সেটার অভাবে অনেকে বাড়ি বাড়ি গিয়ে পানি সংগ্রহ করেন। ওয়াসার সেবা এখানে চালু হলে এলাকাবাসী স্থায়ী সমাধান পাবে।’ কামরাঙ্গীরচরে এখন পানির উৎস দুটি। গভীর নলকূপ আর বুড়িগঙ্গার পানি। কিন্তু শুকনো মৌসুমে পানির স্তর নেমে যায়, গভীর নলকূপে পানি মেলে না। তখন বুড়িগঙ্গার পানি ব্যবহার করতে হয়। আবার শীতের সময় বুড়িগঙ্গার পানিতে দুর্গন্ধ বেড়ে যায়। ফলে বছরের বেশির ভাগ সময় পানির অভাবে ভোগে কামরাঙ্গীরচরের বাসিন্দারা। অনেকে ড্রামে করে পানি জমিয়ে রাখে। কিন্তু তাতেও বেশি একটা সুবিধা করা যায় না। গ্যাসের অভাবে পানি ফুটিয়েও খাওয়া যায় না। সুপেয় পানির অভাবে রয়েছে এখানকার বাসিন্দারা। এসব জানালেন কামরাঙ্গীরচরের রহমতবাগের বাসিন্দা ইলিয়াস বাবুল।ঢাকা ওয়াসার সেবা না থাকায় কড়াইল বস্তির বাসিন্দারা মহাখালী এলাকার পানির নল থেকে অবৈধভাবে পানি নিয়ে থাকে। ফলে ক্ষতিগ্রস্ত হয় ওয়াসার মূল পাইপ। কড়াইল বস্তি ঘুরে দেখা গেছে, সেখানে ঘরে ঘরে রয়েছে অবৈধ পানির সংযোগ। কোথাও সরবরাহ নলে জুড়ে দেওয়া হয়েছে নলকূপ। আবার কোথাও বসানো হয়েছে ছোট আকারের মোটর। বসানো হয়েছে প্লাস্টিকের ট্যাংকি।বস্তিবাসী অবৈধ পানি ব্যবহার করছে—এটি মেনে নিয়ে কড়াইল বাজার কমিটির সদস্য আলী হোসেন বলেন, ‘সংযোগের সবগুলোই অবৈধ। মাঝেমধ্যে ওয়াসার কর্মকর্তা-কর্মচারী এসে সংযোগ কেটেকুটে দিয়ে যান। আবার কখনো বা টাকাপয়সা নিয়ে সংযোগ না কেটেই চলে যান।’ বস্তির বাসিন্দা হাফিজ উদ্দিনের দাবি, কড়াইল বস্তিতে ঢাকা ওয়াসা পানি সংযোগ দেয় না। ফলে পানির চাহিদার জন্য বাধ্য হয়ে অবৈধ উপায়ে সংযোগ নিতে হয়েছে। ওয়াসা বৈধ সংযোগ দিলে সেটা নিতে রাজি আছেন বস্তিবাসী।এদিকে ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, স্বল্প আয়ের মানুষকে সুপেয় পানি দিতে ঢাকা ওয়াসার বিশ্বব্যাংকের অর্থ সহায়তায় একটি প্রকল্প বাস্তবায়ন করার কথা রয়েছে। এর আওতায় কামরাঙ্গীরচর, কড়াইল বস্তি, আলব্দিতে পানি সরবরাহ করা যেতে পারে। অবশ্য প্রকল্পটির কাজ কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে ঢাকা ওয়াসা মুখ খোলেনি।