যেখানে যা নাগালে
নগরের তরকারির আড়তে এবং একে ঘিরে বসা বাজারে তুলনামূলক কম দামে তরিতরকারি কেনা যায়। আড়তের ব্যবসায়ীদের কাছ থেকে কোনো তরকারি পাঁচ কেজি (এক পাল্লা) কিনলে পাইকারি দামে পাওয়া যায়। এতে কেজিপ্রতি সাশ্রয় হয় ১০ থেকে ২০ টাকা।৯ সেপ্টেম্বর কারওয়ান বাজারের কাঁচামালের আড়তে গিয়ে দেখা গেছে, পাঁচ কেজি টমেটোর দাম ২৫০ টাকা, ঢ্যাঁড়স ১৮০, বেগুন ১২৫, পটোল ১৮০, কাঁকরোল ১৬০, পেঁপে ৬০ ও শসা ৮০ টাকা। খুচরা বাজারে এসব তরকারি কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে কারওয়ান বাজারের কিচেন মার্কেটে না গিয়ে আড়তের পাশের খুচরা তরকারির দোকানে গেলে কেজিপ্রতি অন্তত পাঁচ টাকা কমে তরকারি কেনা যাবে।একইভাবে শ্যামবাজার ও মিরপুর ১ নম্বর সেকশনের পাইকারি কাঁচাবাজার থেকে সবজি কিনলে দাম কম পড়বে। তবে পাইকারি বাজার থেকে তরকারি কিনতে চাইলে খুব সকালে গেলে ভালো হয়। মিরপুর ১ নম্বর সেকশনের মাজার রোডে প্রতিদিন ভোরে পাইকারি বাজার বসে। সাতসকালে সেখানে গেলে খুচরা বাজার থেকে অনেক সাশ্রয়ে সবজি ছাড়াও নানা রকমের শাক কেনা যাবে।অন্যদিকে কিছু শাকসবজির দাম সারা বছর তুলনামূলক কম থাকে। সেগুলো কিনলেও এই খাতে খরচ কমানো যায়। এ ক্ষেত্রে কাঁচা পেঁপে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নগরের বিভিন্ন বাজারে। আবার কাঁচা কলা আকৃতিভেদে ১৫-৩০ টাকা হালি বিক্রি হচ্ছে। এ ছাড়া কলমিশাক, ডাঁটাশাক, লালশাক, মুলাশাক, পুঁইশাক ও শাপলার দাম রয়েছে হাতের নাগালে।একাধিক সবজিবিক্রেতা জানান, বাজারে যখন যে তরকারির সরবরাহ বেশি থাকে, তার দাম তুলনামূলক কম থাকে। যে তরকারির যখন ভরা মৌসুম, সেটাই বাজারে বেশি আসে। এ বিষয়টি দেখেশুনে তরকারি কিনলে দামে সাশ্রয় পাওয়া যায়। বাজারে এখন টমেটোর দাম চড়া। অথচ জানুয়ারি-ফেব্রুয়ারি টমেটোর ভরা মৌসুম। তখন দাম থাকে অনেক কম।