যেখানে সাকিব ব্যতিক্রম
৪১ বলে অপরাজিত ৮৬, খাদের কিনারা থেকে দলকে জয়ের কিনারায় নিয়ে যাওয়া—শুধুই কি শৌর্যময় ব্যাটিংয়ের প্রদর্শনী? দ্বিতীয় সেমিফাইনালে সাকিব আল হাসানের ওই ইনিংসটা যেন শুধু একটি ইনিংসই নয়, আরও বেশি কিছু। অনেক প্রশ্নের বিপিএল সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিল শেষ দিকে এসে। চতুর্থ সেমিফাইনালিস্ট বিতর্কে তখন টালমাটাল বিপিএল। সাকিবের ইনিংসটা কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দিল মাঠের বাইরের নানা নেতিবাচকতা।এই যে শুধু ক্রিকেট দিয়েই আর সবকিছুকে ছাপিয়ে যাওয়ার আশ্চর্য ক্ষমতা, সাকিব ব্যতিক্রম এখানেই। বাংলাদেশের প্রেক্ষাপটে তো আরও বেশি। বড় আবেগপ্রবণ জাতি আমরা। আমাদের ঘরের প্রভাব বাইরে পড়ে, বাইরের প্রভাব ঘরে। ক্রিকেটাররাও তো এই সমাজেরই অংশ, তাঁরাও ব্যতিক্রম নন। কিন্তু সাকিব? মাঠের ভেতরে যখন ঢোকেন, ডুবে থাকেন শুধুই ক্রিকেটে। ক্রিকেট সুধায় সিক্ত হন নিজে, সিক্ত করেন সবাইকে। এই বিপিএলেই দেখুন না, বাংলাদেশিদের পারফরম্যান্স নিয়ে এত ‘হাহাকার’ কেমন অনেকটা কমিয়ে দিলেন সাকিব একাই! বোলিংয়ে এসেই তুলে নিয়েছেন উইকেট, রানের চাকায় দিয়েছেন বাঁধ, নতুন স্পেলে ফিরেই উইকেট, ইনিংসের শুরুতে উইকেট, শেষেও। চট্টগ্রামে সিলেটের বিপক্ষে ওই শেষ ওভারটা আবার প্রমাণ করেছে তাঁর জাদুকরী ক্ষমতা। ২ উইকেটের বেশি পাননি কোনো ম্যাচে; তার পরও টুর্নামেন্টে ১৫ উইকেট প্রমাণ করে তাঁর ধারাবাহিকতা। ব্যাট হাতে একমাত্র ফিফটি ওই শেষ ইনিংসটাই, কিন্তু টুর্নামেন্টে ২৮০ রান বলে দিচ্ছে কার্যকরী ইনিংস ছিল আরও। চতুর নেতৃত্ব, বড় কোনো আাান্তর্জাতিক তারকা না নিয়েও দলকে টুর্নামেন্টের বড় শক্তি করে তোলা—সব মিলিয়ে ঝা চকচকে হোন্ডা সিটির চাবি উঠেছে যোগ্য হাতেই। এই মুহূর্তে দেশের ক্রিকেটকেই তো আসলে বয়ে নিয়ে যাচ্ছে ওই দুটো হাত!বাংলাদেশের ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে শুরুর হাহাকার কিছুটা হলেও কমে এসেছে শেষ দিকে এসে। সাকিব তো ছিলেনই, মুশফিক-আনামুলরাও খারাপ করেননি। স্পিনাররা তো যথারীতি ছিলেন দুর্দান্ত। হাহাকার কমলেও আক্ষেপ কিন্তু ছিলই। বিশেষ করে ব্যাটসম্যানদের পারফরম্যান্সে। বোলিংয়ের সেরা পাঁচে তিনজন বাংলাদেশি, সেরা দশে আছেন আরও দুজন—আবদুর রাজ্জাক ও আরাফাত সানি। অথচ ব্যাটিংয়ে সেরা পাঁচে নেই একজনও, সেরা দশে শুধু সাকিব! সেটি দশ নম্বরে।আক্ষেপটাকে পাশে রেখে কারণগুলো খুঁজতে গেলে কিন্তু বিস্ময়টা কমে আসার কথা। টুর্নামেন্টের সেরা দশে যাঁরা আছেন, সবাই টপ অর্ডারে ব্যাটিং করেছেন। বাংলাদেশের কজন ব্যাটসম্যান টপ অর্ডারে নিয়মিত ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন? রাজশাহীর হয়ে জুনায়েদ সিদ্দিক, চিটাগংয়ের জহুরুল ইসলাম, সিলেটের ইমরুল কায়েস...থামতে হচ্ছে এখানেই। টি-টোয়েন্টিতে প্রথম তিন-চারজন ছাড়া বড় ইনিংস খেলার সুযোগ কোথায়? সেরা ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশিদের খুঁজে না পাওয়াটা তাই খুবই স্বাভাবিক।এই প্রসঙ্গে একটা যৌক্তিক প্রশ্নও অবশ্য আসছে। সেরা দশে থাকা বাটসম্যানদের নামগুলো এই প্রশ্ন তুলে দেবে, বাংলাদেশিদের কেন টপ অর্ডারে খেলানো হবে? কোনো তরুণ বাংলাদেশি ব্যাটসম্যানকে নিয়মিত টপ অর্ডারে খেলানোর ‘ঝুঁকি’ ফ্র্যাঞ্চাইজিগুলো কেন নেবে? বাংলাদেশের ক্রিকেটের স্বার্থের চেয়ে নিজের দলের সাফল্য নিয়েই অবশ্যই ভাববেন তাঁরা! এখানেই চলে আসছে সবচেয়ে বড় বাস্তবতা। ক্রিস গেইলের কথা না হয় আলাদা, শেহজাদ-নাজির-জামসেদদের মতো পাওয়ার-হিটার, কবজিতে প্রচণ্ড জোরের বিস্ফোরক ব্যাটসম্যান বাংলাদেশে কোথায়? আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আশরাফুল-আফতাবদের স্ট্রাইকরেট একসময় ১৬০-এর বেশি ছিল। কিন্তু আফতাব এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। আশরাফুল খারাপ করেননি (বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৮), কিন্তু যথারীতি সেরা রূপের ধারেকাছে নেই। জুনায়েদ একটা অসাধারণ ইনিংস (৫১ বলে ৮৯*) খেলেছেন, কিন্তু এমন ইনিংস নিয়মিত খেলার সামর্থ্য যে এখনো হয়নি, প্রমাণ ফিফটি মাত্র ওই একটিই! হয়তো পারতেন একজন। টি-টোয়েন্টিতে তামিম ইকবালের স্ট্রাইকরেট ১০৭.১৫, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র ৯২.৭২। কিন্তু তামিম বহুবার বলেছেন, ওই ম্যাচগুলোর বেশির ভাগ খেলেছেন, যখন ব্যাটসম্যান হিসেবে তাঁর সামর্থ্য ছিল সীমিত। এখনকার তামিম পারতেন কি না, জানা হলো না মাত্র দুটি ম্যাচ খেলায়। তবে সাম্প্রতিক ফর্ম বলছে, পারলে সেটা হতো বিস্ময়। সবচেয়ে বড় সত্যটি হলো, বাংলাদেশে প্রভাব বিস্তারী ব্যাটসম্যান নেই। আর টি-টোয়েন্টি প্রভাব বিস্তারীদের খেলা।এখানেই আবার এসে যাচ্ছে সাকিবের প্রসঙ্গ। তাঁর ব্যাটিংয়ের সঙ্গে শক্তির প্রদর্শনী ব্যাপারটা একদমই যায় না। এই টুর্নামেন্টের আগে টি-টোয়েন্টি স্ট্রাইকে রেট ছিল ১০৫। অথচ এই বিপিএলে তাঁর স্ট্রাইকরেট ১৪০! এই যে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ার তাড়না, আপাত অসম্ভবকে সম্ভব করার প্রবল ইচ্ছা—এটা কি সব বাংলাদেশি ক্রিকেটারের আছে?