যেখানে সেখানে গাড়ি রাখা
ঢাকার একটি নামকরা স্কুল থেকে বাচ্চা নিয়ে বাসায় ফেরার জন্য রিকশা খুঁজছিলেন শায়লা। কিন্তু রাস্তায় অবৈধভাবে যেখানে-সেখানে গাড়ি রাখার ফলে ফুটপাত দখল করে রাখায় কোনো রিকশা ডাকতে পারছেন না বা রিকশা ডাকার জন্য রাস্তার পাশে দাঁড়াতেই পারছেন না। অতঃপর এদিক-সেদিক ঘোরাঘুরি করে স্কুলের গেটের সামনেই দাঁড়িয়ে রইলেন। ঢাকা শহরের ব্যস্ত সড়ক ছাড়াও অফিসপাড়াগুলোয় প্রতিনিয়ত দেখা যায় এ চিত্র। বড় বড় দালানের নিজস্ব কোনো পার্কিংব্যবস্থা না থাকায় গাড়িগুলোর স্থান হয় ফুটপাতের পাশে রাস্তায়। এর ফলে মূল রাস্তা সরু হয়ে যায় ও রাস্তায় সৃষ্টি হয় যানজটের। অফিসপাড়া ছাড়াও ঢাকার বিপণিবিতান ও মার্কেটগুলোর সামনে অবৈধ পার্কিংয়ের ফলে সৃষ্টি হয় যানজটের। এ যেন দেখার কেউ নেই। এ অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে আইন থাকা সত্ত্বেও আইন প্রয়োগকারী সংস্থা কোনোরূপ ব্যবস্থা নেয় না। শুধু ভ্রাম্যমাণ আদালত এলে তাদের তৎপরতা দেখা যায়। আবার আদালত চলে যাওয়ার পর আগের অবস্থায় ফিরে আসে। তাই অফিসপাড়া ও বিপণিবিতানগুলোর সামনের অবৈধ পার্কিং দেখা মাত্র আইন প্রয়োগকারী সংস্থা যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, তাহলে ঢাকা শহরে যানজট থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যেত। তাই সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য তৎপর হতে হবে।পাদটীকা: ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনের ৬৬ ধারা অনুযায়ী কোন ব্যক্তি যদি রাস্তার বা সাধারণের ব্যবহার্য স্থানের এমনি কোনো অংশে কোনো গাড়ি রেখে যায় বা গাড়ি থামিয়ে রাখে, যেখানে গাড়ি থামিয়ে রাখা পুলিশ কমিশনার কর্তৃক নিষিদ্ধ, তবে দায়ী ব্যক্তি ১০০ টাকা পর্যন্ত জরিমানা দণ্ডে দণ্ডনীয় হবে।