যেখানেই যানবাহনে হামলা, সেখানেই প্রতিরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের আগে-পরে ‘যেখানেই যানবাহনে হামলা, সেখানেই প্রতিরোধ’-এর ঘোষণা দিয়েছে পরিবহন মালিক-শ্রমিক যৌথ সংগ্রাম কমিটি। সাম্প্রতিক সময়ে হরতালের নামে নির্বিচারে যানবাহনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, বাসযাত্রী ও শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে পরিবহন শ্রমিক ফেডারেশন-রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি এবং বগুড়ার মালিক-শ্রমিক যৌথ সংগ্রাম কমিটি আজ বৃহস্পতিবার উত্তরাঞ্চলজুড়ে আধাবেলার পরিবহন ধর্মঘট পালন করে। এর অংশ হিসেবে বগুড়া শহরে পরিবহন মালিক-শ্রমিকেরা লাঠি মিছিল করেন। মিছিল শেষে সাতমাথা চত্বরের সমাবেশ থেকে হরতালের নামে যানবাহনে চালানো নাশকতা প্রতিহতের ওই ঘোষণা দেওয়া হয়।কমিটির নেতারা বলেছেন, এখন থেকে হরতালের নামে যেখানেই হরতাল-সমর্থকেরা গাড়িতে হামলা করবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলে সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা আঘাত হানা হবে। যারা গাড়িতে আগুন দেবে, মালিক-শ্রমিকেরা তাদের বাড়িতে আগুন দেবে। কেউ গাড়ি ভাঙচুর করলে শ্রমিকেরা তাঁর বাড়ি ভাঙচুর করবেন। কোনো পরিবহন শ্রমিক ও যাত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা হলে হামলাকারীদেরও সেখানে পুড়িয়ে মারা হবে।’বগুড়ার সমাবেশ থেকে হরতালের আগে-পরে নির্বিচারে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের জন্য জামায়াত-শিবিরকে দায়ী করা হয়।বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী আঞ্চলিক কমিটির সভাপতি ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ মণ্ডল সমাবেশে বলেন, গত কয়েক মাসে নির্বিচারে শত শত যানবাহনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গাড়িতে আগুন দিয়ে সারা দেশে আটজন শ্রমিককে নির্মমভাবে পুড়িয়ে মারা হয়েছে। শুধু বগুড়াতেই ৩০টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু আজকের পর হরতালের নামে আর একটি গাড়িতে অগ্নিসংযোগ বা ভাঙচুর করা হলে হামলাকারীদের বাড়িতে শ্রমিক দিয়ে তাদের হাত-পা ভেঙে দেওয়া হবে। আর শ্রমিকেরা যদি বাধ্য হয়ে রাস্তায় নেমে সারা বাংলা অচল করে দেয়, তবে কোনো দলেরই রক্ষা নেই।পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কমিটির সহসভাপতি ও বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল সমাবেশে জামায়াত-শিবিরকে সাবধান করে বলেন, ‘আর কোনো গাড়িতে হাত দেবেন না, কোনো শ্রমিকের গায়ে হাত দেবেন না।’ তিনি বলেন, হরতালের নামে আর জামায়াত-শিবিরের কোনো প্রকার নৈরাজ্য মেনে নেওয়া হবে না।